রোগটি কেবল বয়স্কদেরই হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকেরই ধারণা, বৃহদন্ত্রের ক্যানসার বা কোলন ক্যানসার বয়স্কদের রোগ। কিছুদিন আগে পর্যন্ত গবেষকদেরও ধারণা ছিল যে ৫০ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরাই বৃহদন্ত্রের ক্যানসারের ঝুঁকিতে থাকেন। কিন্তু বিশ্বজুড়ে এই চিত্র পাল্টে গেছে। ৩০ থেকে ৪০ বছর বয়সী মানুষের মধ্যে কোলন ক্যানসারের প্রকোপ প্রায় ৩৫ শতাংশ বেড়েছে বিগত ১৫ বছরে। এর কারণগুলোও কিছুটা শনাক্ত হয়েছে। দেখা গেছে যে কোলন ক্যানসারের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে মন্দ খাদ্যাভ্যাস, স্থূলতা, শহুরে অলস জীবনযাপন ইত্যাদির। পরিবারে ক্যানসারের ইতিহাসও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

লক্ষণীয় বিষয় যে প্রাথমিকভাবে কোলন ক্যানসারের উপসর্গগুলো খুবই সাধারণ, অনুল্লেখ থাকতে পারে। যেমন মলত্যাগের ধরনে পরিবর্তন, কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা পায়খানা, সামান্য পেটব্যথা, যা গ্যাসের ব্যথা বলে পাত্তা দেওয়া হয় না বা মলের সঙ্গে অদৃশ্য রক্তক্ষরণ। রোগটি প্রথম দিকে শনাক্ত করাই মুশকিল হয়ে পড়ে। তাই সচেতন থাকতে হবে সব বয়সের মানুষকেই।

সম্প্রতি অস্ট্রেলীয় বিজ্ঞানীরা বলছেন, জীবনযাপনের পদ্ধতিতে পরিবর্তন এনেই ৬৫ থেকে ৭৫ শতাংশ কোলন ক্যানসার প্রতিরোধ করা যায়। আসুন জেনে নিই সেগুলো কী?

* প্রতিদিন প্রচুর ফলমূল (খোসাসহ হলে ভালো), শাকসবজি খেতে হবে। খাবারে ৩৫ গ্রামের মতো আঁশ থাকা চাই।

* লাল মাংস বা মাংসের তৈরি খাবার এড়িয়ে চলা উচিত, মাসে দুই বা তিনবারে নামিয়ে আনলে ভালো। প্রক্রিয়াজাত মাংস না খাওয়া ভালো।

* নিয়মিত কায়িক শ্রম বা ব্যায়াম করুন। ওজন স্বাভাবিক রাখার চেষ্টা করুন।

* ধূমপান অবশ্যই বর্জনীয়।

* প্রাণিজ আমিষ ও চর্বি যথাসম্ভব কমিয়ে মাছ ও সবজিজাতীয় খাবার বেছে নিন।

ডা. আ ফ ম হেলালউদ্দিন