একটা অনিশ্চিত সময় পার করছি আমরা সবাই। করোনা আমাদের জীবনযাত্রা অনেকখানি পরিবর্তন করে দিয়েছে। এর একটা বিরূপ প্রভাব পড়ছে ত্বকে। এ জন্য লকডাউনের সময়ে দেখা দিচ্ছে ত্বকের নানা ধরনের সমস্যা। এ নিয়ে আলোচনা হলো বিশেষ অনুষ্ঠান এসকেএফ নিবেদিত ‘ত্বক আলাপন’–এর দ্বিতীয় পর্বে। এবারের বিষয় ছিল ‘লকডাউনে ত্বকের সমস্যা ও প্রতিকার’। মীর আর্সিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাসুদা খাতুন। অনুষ্ঠানটি ১৪ জুন প্রথম আলো এবং এসকেএফের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জানতে চাওয়া সুস্থ ত্বক সম্পর্কে। ডা. মাসুদা খাতুন বলেন, সুস্থ ত্বকের কমপ্লেকশন সবখানে সমান থাকবে। কোথাও ফরসা, কোথাও কালো হবে না। অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক হবে না। সুস্থ ত্বকের কোথাও কোন দাগ বা ক্ষত থাকবে না।
লকডাউনের সময় ত্বকের বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। ত্বক কালো হয়ে যাচ্ছে বা দীর্ঘদিন ঘরে থেকে ও রোদে কম গিয়ে ত্বক ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এ ছাড়া চেহারায় একটা ক্লান্তির ছাপ এসেছে অনেকের। যাদের আগে থেকে স্কিনের সমস্যা ছিল, সেটা নতুন করে বেড়ে গিয়েছে। কারণ, লকডাউনের জন্য ভালো করে চিকিৎসা করাতে পারেনি। ঘরে থাকার ফলে অনেকের ত্বক পরিচর্যার ব্যাপারে অনীহা হয়েছে। ফলে, তৈলাক্ত ত্বক আরও বেশি তৈলাক্ত হয়েছে। শুষ্ক ত্বক হয়েছে অতিরিক্ত শুষ্ক। ত্বকের জন্যও ভিটামিন ডি অনেক গুরুত্বপূর্ণ। গৃহবন্দী থেকে রোদে কম গিয়ে ত্বক ও শরীরে ভিটামিন ডির অভাব হয়েছে। আবার অনেকে লকডাউনে ঘরে থেকে মুটিয়ে যাচ্ছেন। এর একটা প্রভাব কিন্তু ত্বকের ওপর পড়ছে।
মানসিক স্বাস্থ্যের সঙ্গে ত্বকের স্বাস্থ্যের রয়েছে একটি সূক্ষ্ম যোগসূত্র। ডা. মাসুদা খাতুন বলেন, ত্বক হচ্ছে মানুষের স্বাস্থ্যের একটি আয়না; বিশেষ করে মানসিক স্বাস্থ্যের। কারও ত্বকের সমস্যা হলে এমনিতে ডিপ্রেশনে চলে যায়। আর লকডাউনে ঘরে থেকে যে স্ট্রেস হচ্ছে, তাতে অনেক বাজে অভ্যাস তৈরি হচ্ছে। যেমন ঘরে থেকে টিনএজ ছেলেমেয়েরা মুটিয়ে যাচ্ছে। কারণ, তারা স্ট্রেস রিলিফের জন্য অনলাইনে অর্ডার দিয়ে খাবার কিনছে। খাওয়াদাওয়াকে রিক্রিয়েশন হিসেবে নিচ্ছে। অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য ত্বকে স্ট্রেচ মার্ক পড়ছে, ঘাড়ে কালো দাগ হচ্ছে। রাত জাগা হচ্ছে, আর দিনে ঘুমানো হচ্ছে। এতে চোখের নিচে কালি পড়ছে। এসব কারণে বাচ্চাদের গ্রোথ হচ্ছে অ্যাবনরমাল। লম্বা হচ্ছে কম। আর ভিটামিন ডির অভাবে শরীরে হাড়ের গঠন ভালো হচ্ছে না, মেটাবলিজম ঠিকমতো হচ্ছে না। মধ্যবয়স্ক নারী-পুরুষদের ত্বকে বার্ধক্যের ছাপ খুব দ্রুত পড়ছে শুধু মুভমেন্টের অভাব ও স্ট্রেসের জন্য।
যাঁরা বিভিন্ন ত্বকের সমস্যায় ভুগছেন, তাঁদের একটি ভালো খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। এ সম্পর্কে ডা. মাসুদা খাতুন বলেন, ভাত কম খেলেই ভালো। এর সঙ্গে পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডাল ও শাকসবজি খেতে হবে। মাংস বাচ্চাদের জন্য ভালো, কিন্তু বড়দের এটি কম করে খাওয়া উচিত। ডায়েটে অবশ্যই ফল থাকতে হবে। মাথায় রাখতে হবে, ভাত একটি প্লেটের তিন ভাগের একভাগ পরিমাণ আর বাকি দুই ভাগে শাকসবজি এবং মাছ-মাংস। এড়িয়ে চলতে হবে চিনি, কার্বোনেটেড ড্রিংকস। এর বদলে মৌসুমি ফল, যেমন: আম, আনারস, লেবুর শরবত খেলে ভালো হয়। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।
সুস্থ–সুন্দর ত্বকের জন্য ভালো ঘুম জরুরি। লকডাউনের জন্য আমাদের অনেকের স্লিপ-সাইকেলের অনেক পরিবর্তন হয়েছে। হোম অফিস বা অনলাইন ক্লাসের জন্য অনেকের রাত জাগা হচ্ছে। ডা. মাসুদা খাতুন বলেন, এর কিন্তু খুব একটা দরকার নেই। ঘরে থেকেই ডে শিফটে ঠিক আগের মতো কাজ করা যায়। এমনটাই হওয়া উচিত। আগে যেখানে অফিস ৯টা-৫টা হতো, সেটা বড়জোর ১০টা-৬টা বা ১১টা-৭টা হতে পারে। তাহলে ঘুমের সময়টা ১০টা-১১টার ভেতরে হবে। যারা রাত জাগে এবং দিনে ঘুমায়, তাদের চেহারায় ক্লান্তি ভাব থাকে অনেক। চোখের নিচে অনেক কালি পড়ে, ত্বক বেশি শুষ্ক হয়ে যায়। ডার্ক সার্কেল হয়ে গেলে কিছু ওষুধ আছে, যা দিয়ে এর নিরাময় সম্ভব। এটি প্রতিরোধে অবশ্যই ঘুমাতে হবে সঠিক সময়ে। স্কিন ময়শ্চারাইজও করতে হবে।
করোনা মহামারিতে আমাদের মাস্ক পরতে হচ্ছে। এতে অনেকের ত্বকে ব্রণ ও র্যাশের মতো সমস্যা দেখা দিচ্ছে। এ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, মাস্ক হিসেবে সবচেয়ে ভালো সুতির মাস্ক। এতে ত্বকে তেমন সমস্যা হয় না। তবে এর চেয়ে ভালো সার্জিক্যাল মাস্ক। ছয় ঘণ্টা পরপর এ মাস্ক ফেলে দিয়ে নতুন মাস্ক পরতে হবে। আর খুব বেশি টাইট করে পরা যাবে না। এতে যেখানে চাপ পড়ে, সেখানে দাগ হয়ে যায়। মাস্ক পরার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে ময়েশ্চারাইজার মাখতে হবে। খোলার পরও একই কাজ করতে হবে। আর যাঁদের কর্মক্ষেত্রে দীর্ঘক্ষণ মাস্ক পরা লাগে, তাঁদের যদি সম্ভব হয় নির্দিষ্ট সময় পরপর মাস্ক খুলে মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগিয়ে নেওয়া উচিত। এতে মাস্কসংক্রান্ত ত্বকের সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে।
ঘরে থেকে কিশোর ছেলেমেয়েদের ত্বকে অনেক সমস্যা দেখা দিচ্ছে। কারণ, তাদের স্ক্রিন টাইম বেড়েছে। তাদের জন্য ঘরে ফ্রি-হ্যান্ড ব্যায়াম, অতিরিক্ত ভাত বা বাইরের খাবারের বদলে বেশি করে ডিম, দুধ, মাছ, মাংস খাওয়া আর প্রতিদিন ছাদে গিয়ে রোদে ১০ থেকে ১৫ মিনিটে জন্য হাঁটাহাঁটি বা বসে থাকার পরামর্শ দেন ডা. মাসুদা খাতুন।
করোনা থেকে বাঁচতে এখন সবাই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করছে। এতে কিন্তু হাতের চামড়া রুক্ষ, একজিমা, লাল লাল গোটা হওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। এ সমস্যা এড়াতে হ্যান্ড স্যানিটাইজার লাগানোর পরপর ময়েশ্চারাইজার লাগাতে হবে।