লাইফস্প্রিংয়ের মানসিক স্বাস্থ্য সচেতনতার আওতায় ১ কোটির বেশি মানুষ
দেশের এক কোটির বেশি মানুষকে মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রদান করেছে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান লাইফস্প্রিং। এ ছাড়া ১ লাখ ২৫ হাজার সেবাগ্রহীতাকে সরাসরি মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করেছে প্রতিষ্ঠানটি। যে কেউ চাইলেই তাদের টেলিফোন নম্বরে যোগাযোগ করে তাঁর মানসিক সমস্যার কথা জানাতে পারেন। লাইফস্প্রিংয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পরমার্শ দেওয়া হয় তখন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানসিক স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে। বর্তমানে তারা একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ৩৬০ ডিগ্রি স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম তৈরি করছে, যা আগামী মাস থেকে শুরুর কথা রয়েছে।
২০১৭ সালে প্রতিষ্ঠার পর লাইফস্প্রিং বাংলাদেশে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। হেলথ স্টার্টআপ হিসেবে লাইফস্প্রিং ২০২১ সালে বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিআইজি) অর্জন করে। লাইফস্প্রিংয়ের কর্মকর্তারা বলেন, বর্তমানে তাদের চারটি পরিষেবাকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঢাকার পান্থপথে ২টি, বনানীতে ১টি ও চট্টগ্রামে ১টি। আগামী ৫ বছরের মধ্যে দেশজুড়ে আরও ২০টি পরিষেবাকেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
লাইফস্প্রিংয়ের চেয়ারম্যান এবং লিড সাইকোলজিস্ট ইয়াহিয়া মো. আমিন বলেন, ‘এটি অত্যন্ত গর্বের যে আমাদের মানসিক স্বাস্থ্য সচেতনতার আওতাধীন মানুষের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। একটি কমিউনিটি-ভিত্তিক, পেশেন্ট-ফার্স্ট পদ্ধতিতে লাইফস্প্রিং দেশের স্বাস্থ্যব্যবস্থা নতুনভাবে সংজ্ঞায়িত করার লক্ষ্যে কাজ করছে।
বিশ্বের ১৮টি দেশের প্রবাসী বাংলাদেশিরা সাইকোলজিক্যাল সাপোর্টসহ নানান চিকিৎসা পরামর্শের জন্য লাইফস্প্রিংয়ের সঙ্গে যোগাযোগ করছে, যা সত্যিই গৌরবময় অর্জন।’