
যকৃতের সিরোসিস রোগে যকৃৎ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। হেপাটাইটিস বি বা সি ভাইরাস সংক্রমণ, দীর্ঘমেয়াদি অ্যালকোহলের প্রভাবসহ নানা কারণে এ রোগ হতে পারে।
মাঝে মাঝে জন্ডিসের লক্ষণ (চোখ বা প্রস্রাব হলুদ হয়ে যাওয়া), পেট ফুলে যাওয়া, পায়ে পানি, বমি বা বমির সঙ্গে রক্তপাত, মলের সঙ্গে রক্ত যাওয়া, ওজন হ্রাস ইত্যাদি সমস্যা হলে সিরোসিস সন্দেহ করা যায়।
সিরোসিসে আক্রান্ত রোগীর ব্যথানাশক ও ঘুমের ওষুধ সেবন করা নিষেধ। কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে হবে, প্রতিদিন যেন দু-তিনবার মলত্যাগ হয় সে জন্য পর্যাপ্ত শাকসবজি খেতে হবে। জ্বর, তীব্র পেটব্যথা, বমির সঙ্গে রক্ত বা কালো রঙের নরম পায়খানা হলে অথবা রোগী অসংলগ্ন আচরণ করলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। সিরোসিস থেকে ক্রমে যকৃতের ক্যানসারও হতে পারে। তাই তিন থেকে ছয় মাস অন্তর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন, রোগীর যকৃতে ক্যানসারের কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে কি না।
যকৃতের সিরোসিস একটি মারাত্মক ও জটিল রোগ। একে প্রতিরোধ করার জন্য হেপাটাইটিস বি ও সি সংক্রমণকে রোধ করা প্রয়োজন। হেপাটাইটিস বি-এর টিকা সবারই নেওয়া উচিত। এ ছাড়া এই ভাইরাস দুটি অনিরাপদ রক্ত ও সুচের মাধ্যমে ছড়ায়। তাই রক্ত গ্রহণে সতর্ক থাকবেন, অনিরাপদ সুই, সিরিঞ্জ, রেজার ইত্যাদি কখনো ব্যবহার করবেন না। অপরিমিত অ্যালকোহল গ্রহণ করবেন না। যেকোনো সময় জন্ডিস হলে এর পেছনে কোন ভাইরাস দায়ী, তা শনাক্ত করা উচিত। সংক্রমণ নিশ্চিত হলে বেশি ক্ষতি হওয়ার আগেই চিকিৎসা শুরু করা যায়।
মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল