শিশু যখন খেতে চায় না

যেকোনো শিশু যখন কোনো সংক্রমণে আক্রান্ত হয়, তখন তার ক্ষুধামন্দা হতেই পারে। জ্বর, কাশি বা যেকোনো রোগে তার খাবার গ্রহণের ইচ্ছে কমে যায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার বাচ্চাটা একদম খেতে চায় না, তার খিদে বলতে কিছু নেই, সারা দিন না খাইয়ে রাখলেও খাবার চাইবে না—এসব অভিযোগ খুবই পরিচিত। শিশুদের খেতে না চাওয়া, কম খিদে বা অরুচি–সম্পর্কিত ধারণা সাধারণভাবে দুটো বিষয়ের ওপর নির্ভরশীল।

১. মা বা শিশুর পরিচর্যাকারী যেভাবে শিশুকে খাওয়াচ্ছেন সেটা তার প্রয়োজন, পছন্দ-অপছন্দ বা তার শারীরিক বিকাশের সঙ্গে তাল রেখে করা হচ্ছে না।

২. শিশু উদরাময় বা অন্য কোনো অসুখে ভুগছে, যার কারণে তার খিদে লোপ পেয়েছে ও অন্তর্নিহিত কারণটি শোধরানো হলে শিশু খেতে চাইবে।

কেন খিদে কম

যেকোনো শিশু যখন কোনো সংক্রমণে আক্রান্ত হয়, তখন তার ক্ষুধামন্দা হতেই পারে। জ্বর, কাশি বা যেকোনো রোগে তার খাবার গ্রহণের ইচ্ছে কমে যায়। পরে আবার ঠিক হয়ে আসে। এ ছাড়া শিশু খেতে না চাওয়ার অন্যতম প্রধান কারণ হলো, জোর করে খাবার খাওয়ানোর অপচেষ্টা।

এ ক্ষেত্রে অভিভাবকদের ভুলগুলো হলো—

  • ছোট শিশুকে চামচে করে খাওয়ানোর সময় তার ইচ্ছা–অনিচ্ছার মূল্য না দিয়ে প্রায়ই জোর করে মুখে ঢোকানো হয়। এতে খাবার আগ্রহ
    আরও কমে যায় ও খাদ্যগ্রহণকে সে ভয়ের চোখে দেখে।

  • খাবার যথেষ্ট শেষ করার পরও আরও খাওয়ার জন্য অনুরোধ-আদেশ-নির্দেশ করা হয়।

  • খিদে মিটে যাওয়া সত্ত্বেও খাবারের পুরোটাই যেন খেয়ে নেয়, সে জন্য পুরস্কারের প্রলোভন দেখানো বা না খাওয়ার জন্য শাস্তি দেওয়ার ভয় দেখানো।

  • যখন–তখন চিপস, জুস, চকলেট খেতে দিয়ে বায়না মেটানো বা প্রধান খাবারের মাঝখানে যখন-তখন স্ন্যাকস খাওয়ানো।

  • খাওয়ানোর সময় নানাভাবে তার মন ভোলানোর ব্যবস্থা গ্রহণ, যাতে করে অন্য কিছুতে মজে থাকার সময় বেশ তত্পরতার সঙ্গে কয়েক চামচ খাদ্য তাকে গেলানো যায়।

খেতে না চাইলে কী করবেন

একই ধরনের খাবার শিশু প্রতিদিন প্রতিবেলা খেতে চায় না, খাবারে পরিবর্তন আনুন; প্রথম দিকে খাবারগুলো একটু চটকিয়ে দেওয়া, পরে ঘন ও দানাদার খাবার পরিবেশন; শিশু ক্ষুধার্ত হলেই খেতে দিতে হবে, কখনো জোরাজুরি করতে নেই, বরং ধৈর্য ধরে খাওয়াতে হবে; শিশু যেসব পুষ্টিকর খাবার পছন্দ করছে, তাই খেতে দেওয়া উচিত; শিশুদের পাকস্থলীর আকার ছোট, তাই যখন–তখন পানি, জুস, চিপস ও চকলেট দিয়ে ভর্তি থাকলে, সে আর আসল খাবার খেতে পারবে না; প্রতিবার শিশুর মুখের গ্রাস নেওয়ার সময় তাকে প্রশংসা করা, তার চোখে চোখ রেখে উত্সাহ জোগানো উচিত; সময় দিয়ে, শিশুর পছন্দ–অপছন্দের তালিকা জেনে শিশুকে খাবার খাওয়ানো; শিশু যদি আন্ত্রিক অসুখে ভোগে, তবে তার খিদে কমে যায়, সে জন্য শিশুর খাবার পরিবেশন, খাবার তৈরি, খাবার সংরক্ষণ—প্রতিটি পদক্ষেপে পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে; শিশুর খাবার তৈরি ও খাবার পরিবেশনের পর্বে সাবান–পানি দিয়ে হাত ধুয়ে নেওয়া জরুরি; শিশু যদি নিজে নিজেই খেতে চায়, তবে সেভাবে তাকে নিজের হাতে খাওয়ার জন্য সুযোগ দিতে হবে; খাওয়ানোর সময় কখনো শিশুকে খেলনা নিয়ে খেলতে দেওয়া উচিত না, কেননা এতে করে তার খাওয়ার উত্সাহে ও মনোযোগে ভাটা পড়ে।

অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল।