
বেশির ভাগ শিশুই দুই থেকে চার বছর বয়সে প্রস্রাবের বেগ হলে টয়লেট ব্যবহারের ব্যাপারটা শিখে ফেলে। কিন্তু কিছু শিশু আছে, যারা দিনের বেলায় ঠিকঠাক থাকলেও রাতে ঘুমের মধ্যে বিছানা ভেজায়। পাঁচ-ছয় বছর পর্যন্ত ব্যাপারটা গড়াতে পারে কোনো কোনো শিশুর ক্ষেত্রে, আর তাকে স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। তবে এরপরও এই সমস্যা রয়ে গেলে চিন্তিত হওয়ারই কথা।
অধিকাংশ ক্ষেত্রে অব্যক্ত বা অপ্রকাশিত মানসিক চাপ বা দ্বন্দ্ব থেকে বাচ্চাদের এই সমস্যা হয়। নতুন স্কুলে ভর্তি, বাসা পরিবর্তন, মা-বাবার মৃত্যু বা বিচ্ছেদ, নতুন ভাই বা বোনের জন্ম, স্কুলে কোনো শিক্ষককে ভয় পাওয়া, সহপাঠী বা বন্ধুদের উপহাস ইত্যাদি নানা কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। আর তা থেকে তৈরি হতে পারে রাতে ঘুমের মধ্যে বিছানা ভেজানোর ঘটনা।
এ ধরনের সমস্যা মোকাবিলার আগে নিশ্চিত হয়ে নিন যে শিশুটি ডায়াবেটিস, কিডনি রোগ, প্রস্রাবে সংক্রমণ বা কোনো রোগে ভুগছে কি না। এসব রোগে প্রস্রাব বেশি হতে পারে। দিনের বেলা বেশি করে পানি পান করান, বিকেলের পর পানির পরিমাণ কমিয়ে দিন।
রাতে ঘুমানোর আগে এবং ঘুমানোর ঘণ্টা খানেক পর ঘুম থেকে উঠিয়ে টয়লেটে নিয়ে প্রস্রাব করাতে হবে। সপ্তাহে কোন কোন রাতে প্রস্রাব করেনি, সেগুলো শিশুকে বলুন নিজেই ক্যালেন্ডারে দাগ দিতে। প্রস্রাব না করার জন্য তাকে প্রশংসা করুন, কিন্তু প্রস্রাব করলে তিরস্কার করবেন না।
কিছু ওষুধ এবং সেন্সরযুক্ত অ্যালার্ম কিছুটা কার্যকর হলেও মূলত শিশুর মানসিক চাপ দূর করা গেলেই এই সমস্যার সমাধান সম্ভব। এ ক্ষেত্রে একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিতে পারেন।
ডা. আবু সাঈদ
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল