ঈদের ছুটিতে শিশুদের নিয়ে বেড়ানোর সময় কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। শিশুরা রাতে ঘুমিয়ে পড়বে ভেবে রাতের যাত্রাকে ভালো মনে করে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। কারণ, অচেনা পরিবেশে বেশির ভাগ শিশুই অস্বস্তিতে থাকে ও ঘুমায় না। বরং তখন তাদের কান্নায় সবার অসুবিধা হতে পারে। এ বিষয়ে কয়েকটি পরামর্শ:
শিশুদের নিয়ে যাত্রায় একটু বেশি সময় হাতে নিয়ে আগেভাগেই বের হবেন, যাতে বাসে বা ট্রেনে ওঠার সময় তাড়াহুড়া না লেগে যায়। গরমের দিনে নতুন কাপড় অস্বস্তি দিতে পারে, তাই পুরোনো হালকা সুতি কাপড়ের আরামদায়ক পোশাক পরান। বাড়তি জামাকাপড় সঙ্গে নিন হাতব্যাগে। ক্যাপ ও সানগ্লাস সঙ্গে নিন। অনেক শিশুরই পাঁচ বছর বয়সের আগে প্রস্রাব নিয়ন্ত্রণ ক্ষমতা পুরোপুরি আসে না। তাই বারবার খেয়াল করবেন। ছোট শিশুদের ডায়াপার পরিয়ে নিতে পারেন। ডায়াপার পরানোর আগে ভ্যাসলিন ক্রিম বা জিংক অয়েন্টমেন্ট লাগিয়ে নিলে র্যাশ হবে না। শিশুদের জানালার পাশে না বসানোই ভালো। অনেক সময় মাথা বের করে আচমকা আঘাত পেতে পারে। তা ছাড়া বাতাসের ঝাপটায় টনসিল, কানের সংক্রমণ হতে পারে। লঞ্চের ডেক বা ছাদে শিশু যেন একা না যায়, সেই খেয়াল করবেন। ভিড়ের মধ্যে কখনোই শিশুর হাত ছাড়বেন না। অনেক শিশু যাত্রাপথে বমি করে। এদের রওনা হওয়ার এক ঘণ্টা আগে থেকে কিছু খাওয়াবেন না। আধা ঘণ্টা আগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বমির ওষুধ দেবেন।
ভ্রমণকালীন শিশুর খাবার বাড়ি থেকেই নিয়ে যাবেন। বাইরের খাবার দেবেন না। বিশুদ্ধ পানি সঙ্গে নেবেন। মায়ের বুকের দুধ বাড়ি থেকে কোনো পাত্রে সংগ্রহ করে নিতে পারেন। এটা ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত ভালো থাকবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণ জ্বর, সর্দি-কাশি ও বমির ওষুধ, ওরস্যালাইন, প্রাথমিক চিকিৎসার গজ-ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক মলম সঙ্গে নিন। পাহাড়ে গেলে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে শিশুদের জন্য ফুলহাতা জামা ও প্যান্ট নিন। মনে রাখবেন, আপনার বাড়তি ছোট ছোট সতর্কতা ঈদ আনন্দকে মাটি হতে দেবে না।
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ