শিশুর কানে ব্যথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের কানে ব্যথাকে অবহেলা করা উচিত নয়। কারণ, অতি সাধারণ কারণে যেমন কানে ব্যথা হতে পারে, তেমনি এটা থেকে শুনতে সমস্যা কিংবা কানে সংক্রমণ হয়ে তা মস্তিষ্কে ছড়িয়ে পড়ার আশঙ্কাও থাকে। কানে কিছু ঢুকলে, আঘাত পেলে কিংবা সংক্রমণের কারণে সাধারণত কানে ব্যথা হয়। আবার টনসিলের সমস্যা বা সর্দি-কাশি থেকেও কানব্যথা হতে পারে।
লক্ষণ
খুব ছোট শিশুরা বারবার কান চুলকাতে থাকে এবং প্রচণ্ড অস্বস্তিতে ভোগে। অনবরত কাঁদতে থাকে। তাদের কানের বাইরের অংশ ফোলা ও লালচে দেখাতে পারে, কান গরমও হতে পারে। কখনো কখনো কান দিয়ে পুঁজ বা পানি পড়তে দেখা যায়। কানে সংক্রমণ হলে ব্যথার সঙ্গে জ্বরও হতে পারে।
করণীয়
* শিশুকে মায়ের দুধ খাওয়ানো কিংবা গোসল করানোর সময় যেন কানে কিছু ঢুকে না যায়, সেদিকে খেয়াল রাখুন।
* পুকুর বা সুইমিংপুলের পানিতে নামার আগে কানে ইয়ার প্লাগ কিংবা তেলে ভেজানো তুলা গুঁজে দিন। তবে অতিরিক্ত তেল আগেই চিপে ফেলে দিতে হবে।
* কটন বাড, ক্লিপ, কাঠি, সেফটিপিন ইত্যাদি দিয়ে শিশুর কান পরিষ্কার করবেন না।
* ঠান্ডা লাগার পর যদি কানে ব্যথা হয় বা কান থেকে রস বেরোয়, কানে তুলা গুঁজে দেবেন না।
* পাতলা কাপড় দিয়ে কানের বাইরে দিকের ময়লা পরিষ্কার করে দিন কিন্তু ভেতরের ময়লা সাফ করার প্রয়োজন নেই। তবে বেশি ময়লা জমলে নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
* ব্যথা সামান্য হলে প্যারাসিটামলজাতীয় ওষুধ দিতে পারেন। তবে জ্বর ও ব্যথা বেশি হলে, কান লাল হয়ে গেলে কিংবা পুঁজ পড়লে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসক দেখান।
ডা. আবু সাঈদ
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল