শিশুর ঘামাচির কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের গরম ও ভাপসা আবহাওয়ায় শিশুরা প্রায়ই ঘামাচিতে কষ্ট পায়। বেশি ঘাম হওয়ার কারণে সংশ্লিষ্ট গ্রন্থিগুলোর নালিমুখ বন্ধের ফলে ঘামাচির সৃষ্টি হয়। সাধারণত ঘামাচি দেহের বড় অংশ জুড়ে হয়। কখনো বা লাল লাল গোটার মতো শিশুর ঘাড়ে, গলায়, পিঠে, বুকে ওঠে যা কখনো কখনো ছত্রাকজাতীয় জীবাণুর সংক্রমণ বা চামড়ার অন্যান্য কিছু অসুখ বলে ভ্রম হতে পারে। কখনো বা ঘামাচি পেকে গিয়ে পুঁজের আধার হিসেবে প্রকাশ পায়।
শিশুর ঘামাচি প্রতিরোধে শিশুকে যতটা সম্ভব শীতল ঘরে রাখা উচিত। নাইলনের পোশাক পরানো বা রাবার ও প্লাস্টিকের তৈরি শিটের ওপর শোয়ানো যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। গরমের দিনে পাতলা সুতির পোশাক পরান, দরকার হলে বাড়িতে খালি গায়েই রাখতে পারেন। যথেষ্ট আলো-বাতাস চলাচল করে এমন ঘরে রাখুন ওকে, সব দরজা-জানালা বন্ধ করে দেবেন না। ঘরের তাপমাত্রা যাতে স্বাভাবিক থাকে সে চেষ্টা করা উচিত। বারবার শিশুর শরীর স্বাভাবিক ঠান্ডা তাপমাত্রার পানি দিয়ে মুছিয়ে দিলে উপকার হবে। শিশু যাতে নখ দিয়ে ঘামাচি বেশি না আঁচড়ায় সেদিকে খেয়াল রাখুন, শিশুর নখ ছোট করে কেটে দিন। বারবার আঁচড়ালে সংক্রমণ হতে পারে। ঘামাচি থেকে পুঁজ তৈরি বা সংক্রমণ হলে চিকিৎসকের শরণাপন্ন হন, অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে।
শিশুরোগ বিভাগ, চট্টগ্রাম, মেডিকেল কলেজ ও হাসপাতাল|