শিশুর জলবসন্ত: চাই বাড়তি সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সময়ে শিশুদের জলবসন্ত বা চিকেনপক্স হচ্ছে। এটি ছোঁয়াচে রোগ, তাই বাড়তি সতর্কতা প্রয়োজন। আক্রান্ত ব্যক্তির কাশি-হাঁচি, এমনকি ত্বকের সংস্পর্শে এলেও অন্যদের এ রোগ হতে পারে। রোগটি ছড়ায় গায়ে ফুসকুড়ি বা র্যা শ দেখা দেওয়ার দু-দিন আগে থেকে এবং র্যা শ ওঠার পরবর্তী সাত দিন পর্যন্ত। অবশ্য শরীরের সব কটি গুটি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত এ রোগ ছড়ানোর ঝুঁকি থাকে।
জলবসন্তে প্রথমে জ্বর এবং শরীরে ও পেটে ব্যথা হতে পারে। এর দু-এক দিন পর ত্বকে র্যা শ দেখা দেয়, যা পরে ফুসকুড়িতে পরিণত হয়। পরে ফুসকুড়িতে পানি আসে এবং সবশেষে পাঁচ-ছয় দিনে শুকনো কালো রঙের খোসা হয়ে ঝরে যায়। একই সময় আবার শরীরের অন্য অংশে নতুন ফুসকুড়ি দেখা দেয়, এভাবে চলতেই থাকে। আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অনেক সময় নিউমোনিয়া, ত্বক ও শ্বাসনালির সংক্রমণ, পাতলা পায়খানা, œস্নায়ুতন্ত্রের রোগ জটিল রূপ নিতে পারে।
চিকিৎসা ও প্রতিরোধ
জলবসন্ত রোগে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না। চাই কেবল একটু বাড়তি যত্ন-আত্তি। কদিন পর এমনিতেই সেরে যায়। চিকিৎসকের পরামর্শে তীব্র চুলকানির জন্য লোশিও কেলামিন এবং শরীর ব্যথা বা জ্বরের জন্য প্যারাসিটামল দেওয়া যেতে পারে, তবে এসপিরিন দেওয়া যাবে না। জলবসন্ত রোগীর জন্য মাছ-মাংস নিষেধ—এমন ভুল ধারণা প্রচলিত আছে। রোগীকে বরং এসব খাবার বেশি বেশি খেতে দিন। প্রচুর পানিও পান করাতে হবে। আক্রান্ত শিশুকে নিয়মিত গোসল করান। ত্বকের ফুসকুড়ি খুঁটবেন না, এগুলো স্বাভাবিকভাবেই শুকাবে। শিশুকে আরামদায়ক সুতি কাপড় পরান। এ রোগ প্রতিরোধে এক বছরের বেশি বয়সী শিশুকে টিকা দেওয়া যায়।

ডা. আবু সাঈদ
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ