শিশুর গালের দুদিকে ফুলে গেলে এবং ব্যথা ও যন্ত্রণা হলে ধরে নিতে হবে এগুলো মাম্পসের লক্ষণ। সাধারণত শীত-বসন্তেই এ সমস্যা দেখা যায়। বেশি আক্রান্ত হয় পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুরা। তাদের হাঁচি-কাশি, থুতুর মাধ্যমে রোগজীবাণু অন্যের শরীরে প্রবেশ করে।
মাম্পসের প্রধান লক্ষণ হলো জ্বর এবং দুই গালে (কানের একটু সামনের অংশে) বা একদিকের পেরোটিড গ্রন্থি ফুলে যাওয়া ও তাতে ব্যথা। গ্রন্থি ফুলে যাওয়ার দু-এক দিন আগে থেকে পাঁচ দিন পর পর্যন্ত মাম্পস সংক্রামক থাকে। আক্রান্ত শিশুকে এ সময় ঘরে রাখাই ভালো। মাম্পস এমনিতে তেমন গুরুতর রোগ নয়, সাধারণ একটি ভাইরাসজনিত রোগ। কিন্তু এ থেকে মস্তিষ্কের প্রদাহ বা শুক্রাশয়ের প্রদাহের মতো নানা জটিলতা হতে পারে।
মাম্পসে আক্রান্ত শিশুর যত্ন নিতে হবে। ব্যথার কারণে তারা খেতে চায় না। তরল সহজপাচ্য খাবার একটু একটু করে দিতে হবে। টক ও অ্যাসিডজাতীয় খাবার খেলে ব্যথা বাড়ে। পানিস্বল্পতা যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যথা ও জ্বর কমাতে প্যারাসিটামল সেবন করা যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভাইরাল দেওয়া যেতে পারে।
টিকার মাধ্যমে মাম্পস প্রতিরোধ করা যায়। শিশুদের এমএমআর বা এমআর টিকা প্রথম ডোজ ১২ থেকে ১৫ মাস বয়সে, দ্বিতীয় ডোজ ছয় থেকে আট বছর বয়সে দিতে হয়। দ্বিতীয় ডোজ না নেওয়া হলে বয়ঃসন্ধিকালের আগে একটা ডোজ নেওয়া প্রয়োজন।
ডা. প্রণব কুমার চৌধুরী
শিশু বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
>স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
পু-এর চা কী?
এটা হচ্ছে ব্যাকটেরিয়া ও ইস্টের মাধ্যমে গাঁজানো একধরনের চা
সাধারণ চা-পাতা থেকে গ্রিন, ব্ল্যাক ও ওলং টি-এর মতোই তৈরি করা হয় পু-এর টি বা চা। চীনের ইউনান প্রদেশে গাঁজন প্রক্রিয়ায় নির্দিষ্ট সময় ধরে এই বিশেষ চা প্রস্তুত করা হয়।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়