শীতে শিশুর জ্বর-কাশি-শ্বাসকষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শীত এলেই বাড়ে নিউমোনিয়ার ঝুঁকি। ফুসফুস ও শ্বাসতন্ত্রের সংক্রমণ ও প্রদাহ এ রোগের জন্য দায়ী।
জ্বর, কাশি ও শ্বাসকষ্ট—এই তিন হলো নিউমোনিয়ার লক্ষণ। শিশুর শ্বাসকষ্ট বোঝার কিছু উপায় আছে। দুই মাসের কম বয়সী শিশু মিনিটে ৬০ বারের বেশি, দুই মাস থেকে ১১ মাস ২৯ দিনের শিশু মিনিটে ৫০ বা তার বেশি এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশু মিনিটে ৪০ বা তার বেশিবার শ্বাস-প্রশ্বাস নিতে থাকলে তাকে শ্বাসকষ্ট বলা হয়। এর সঙ্গে বুকের পাঁজরের নিচের অংশ দেবে যেতে থাকে।
কী করবেন?
সব কাশি-জ্বরই নিউমোনিয়া নয়। তাই প্রথমে বাড়িতেই শিশুর যত্ন নিন।
*বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। তাই বারবার বুকের দুধ খাওয়ান।
*অনেকের ধারণা কাশি হলে কলা, কমলা বা ফলমূল দেওয়া যাবে না। এ ধারণা ভুল। শিশুকে স্বাভাবিক সব খাবারই দিন।
*নাক বন্ধ থাকলে লবণপানি বা নরমাল স্যালাইন দিয়ে নাক পরিষ্কার করে দিন।
*জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপর উঠলে প্যারাসিটামল দিন।

*কাশি কমাতে কুসুম গরম পানিতে লেবুর রস, তুলসী পাতার রস বা আদার রস দিতে পারেন।

*কাশির জন্য শিশু ঘুমাতে পারছে না বা কাশির সঙ্গে বুকে ঘড়ঘড় শব্দ হচ্ছে—এমন বোধ হলে অন্যান্য ওষুধের প্রয়োজন। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিন।

কখন হাসপাতালে নেবেন?

*শিশু খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে থাকলে।

*পাঁজরের নিচের অংশ দেবে যেতে থাকলে।

*শ্বাসকষ্ট হলে বা শ্বাসকষ্টের জন্য শিশু খেতে না পারলে।

*বমি বা খিঁচুনি হলে।

*শিশু নিস্তেজ হয়ে পড়লে।

ওপরের লক্ষণগুলো দেখা দিলে শিশুকে দ্রুত হাসপাতাল বা সেবাকেন্দ্রে নিতে হবে।

প্রতিরোধ

শীতকালে শিশুর যাতে চট করে ঠান্ডা না লাগে বা সংক্রমণ না হয় সেদিকে নজর দিন। সেবাদানকারী হাত পরিষ্কার রাখবেন। পরোক্ষ ধূমপানও শিশুর জন্য ক্ষতিকর। জিংকসমৃদ্ধ খাবার দিন। ছয় মাস পর্যন্ত শিশুকে কেবল বুকের দুধ দিলে অনেক রোগ থেকেই রক্ষা পাওয়া যায়।

ডা. আবু সাঈদ