
বাইরে হালকা ঠান্ডা। সকালটা কুয়াশায় মোড়া। যাঁরা নিয়মিত হাঁটেন, তাঁদের এ সময়টায় একটু মুশকিলে পড়তে হয়। কখন ঠান্ডা লেগে যায়, কিসে আবার শরীর ব্যথা শুরু হয়। তাই এ সময় হাঁটাহাঁটি বা জগিংয়ের জন্য চাই বিশেষ কিছু সতর্কতা:
* খুব ভোরে বা সন্ধ্যার পর তাপমাত্রা কমে যাচ্ছে এখন। ঠান্ডা থেকে বাঁচতে তাই হাঁটার বা ব্যায়ামের সময়টা বদলে নিতে পারেন। আর তা সম্ভব না হলে যথেষ্ট প্রস্তুতি নিয়েই বেরোতে হবে।
* কয়েক প্রস্থে হালকা পোশাক পরুন। সুতি কাপড় ঘাম আটকে রাখে এবং শরীরকে ভিজিয়ে দেয়। তাই হাঁটার জন্য উপযোগী কাপড় হলো ট্র্যাকস্যুট। কুয়াশা ও শিশির থেকে বাঁচতে মাথায় স্কার্ফ বা কান ঢাকা টুপি পরবেন।
* সন্ধ্যার পর বা ভোরে বেশি আলো থাকে না। তাই পোশাকের রং উজ্জ্বল হলে দূর থেকে দেখা যাবে। এতে দুর্ঘটনার আশঙ্কা কমে।
* শীতে এমনিতেই হাত-পায়ের মাংসপেশি ও সন্ধিতে জড়তা আসে। তাই ব্যায়ামের আগে ওয়ার্ম আপ করে নেওয়াটা জরুরি।
* ঠান্ডা সর্দিতে হাঁটা-চলায় সমস্যা নেই। তবে জ্বর হলে বাইরে না যাওয়াই ভালো। হাঁপানি রোগীদের হাঁটতে যাওয়ার আগে দুই চাপ ইনহেলার নিয়ে নেওয়াই ভালো। এটি সঙ্গে রাখলে আরও ভালো। ডায়াবেটিসের রোগীরা হালকা কিছু খেয়ে বেরোবেন।
শীত পড়েছে বলে একেবারে গুটিয়ে থাকবেন না। কেননা গবেষণা বলছে, শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে প্রতিবছর শীতে অনেকের ওজন খানিকটা বেড়ে যায়।
ডা. তানজিনা হোসেন
হরমোন ও মেটাবলিজম বিভাগ, বারডেম হাসপাতাল
স্বাস্থ্যবটিকা ® ব্রোন স্মিথ
ডিমেনশিয়া কত ধরনের?
হলিউড অভিনেতা রবিন উইলিয়ামসের লিউয়ি বডি ডিমেনশিয়া হয়েছিল
আলঝেইমারস বা স্মৃতিভ্রংশ রোগের ৬০ থেকে ৮০ শতাংশই ডিমেনশিয়া। এটি বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন: ভাসকুলার ডিমেনশিয়া, লিউয়ি বডি ডিমেনশিয়া, পার্কিনসনস ডিজিজ, ফ্রন্টোটেলমোপোরাল ডিমেনশিয়া, ক্রেউটৎজফেল্ডট-জ্যাকব জিজিজ (ম্যাড কাউ ডিজিজ), নরমাল প্রেসার হাইড্রোসেফালাস।
‘স্বাস্থ্যবটিকা’র লক্ষ্য রোগনির্ণয় গোছের কিছু নয়
প্রশ্নোত্তর
প্রশ্ন: টক জিনিস বেশি বেশি খেলে রক্ত পাতলা হয়ে যায়—এই ধারণা কি ঠিক?
উত্তর: টক স্বাদের খাবার, বিশেষ করে টক ফলে এমন কোনো উপাদান নেই, যার কারণে রক্ত পাতলা হতে পারে। রক্তের কোষীয় অংশ কমে গিয়ে জলীয় অংশ বেড়ে গেলেই তাকে রক্ত পাতলা হওয়া বলা হয়। কোনো কারণে রক্তকণিকার পরিমাণ কমে গেলে বা হিমোগ্লোবিন অংশ কমে গেলে এমনটা হতে পারে। টক ফলে সাধারণত প্রচুর ভিটামিন সি থাকে, যা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে।
অধ্যাপক এ বি এম আবদুল্লাহ
মেডিসিন বিভাগ, বিএসএমএমইউ