শ্বেতী রোগ ছোঁয়াচে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বেতী রোগ নিয়ে মানুষের নানা কুসংস্কার ও ভীতি আছে। অনেকে শ্বেতী রোগীদের সন্তর্পণে এড়িয়ে চলেন। কিন্তু এটা কোনো ছোঁয়াচে রোগ নয়। আর এমনও নয় যে কখনোই সারবে না।
এ রোগে আক্রান্ত হলে ত্বক বিভিন্ন স্থানে সাদা বা ফ্যাকাশে হয়ে যায়। ত্বকে কালো রঞ্জক পদার্থের ঘাটতির কারণে এই সমস্যা হয়ে থাকে। সাধারণত ১০ থেকে ২০ বছর বয়সেই শ্বেতী প্রকাশ পায়। এ রোগ কয়েক রকমের—কখনো শরীরের অল্প কিছু অংশ সাদা হয়, কখনো অনেকখানি ত্বক সাদা হয়ে যায়। মুখ, বুক, হাতের উপরিভাগ, বগল, নাভির চারপাশ, যৌনাঙ্গ বেশি আক্রান্ত হয়। তবে সব সময় যে শুধু শ্বেতী হলেই ত্বক সাদা হবে, তা নয়। ত্বক সাদাটে হওয়ার অন্য কারণও আছে। শ্বেতী রোগের সঙ্গে থাইরয়েড, ডায়াবেটিস ইত্যাদি রোগের সম্পর্ক রয়েছে।
চিকিৎসা: শ্বেতীর ধরন বুঝে চিকিৎসায় অনেক ক্ষেত্রেই সুফল পাওয়া যায়। তাই রোগটি নিয়ে ভয়ের কিছু নেই। তবে শ্বেতী রোগীর ত্বকে মেলানোসাইট অনুপস্থিত থাকে বলে রোদে বের হওয়ার সময় সাবধান। প্রখর রোদে ত্বক পুড়ে যেতে পারে। রোদ চশমা, ছাতা এবং ভালো সানব্লক ক্রিম ব্যবহার করতে হবে। এ ছাড়া চর্মরোগ বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী ক্রিম, অয়েন্টমেন্ট, মুখে খাওয়ার ওষুধ, সার্জারি, ফটোথেরাপি ইত্যাদি চিকিৎসা নিতে হবে।
ডা. তাহমিনা আক্তার
চর্মরোগ বিভাগ, বারডেম হাসপাতাল
প্রশ্নোত্তর
আমাদের দৈনন্দিন জীবনে রয়েছে নানা রকম স্বাস্থ্যসমস্যা। অনেক সময় ঘরে বসেই কিংবা জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। আপনার সমস্যা নিয়ে প্রশ্ন পাঠান। উত্তর দেবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। বয়স লিখতে ভুলবেন না।
স্বাস্থ্যসমস্যা নিয়ে প্রশ্ন পাঠাতে পারেন এই ঠিকানায়: ভালো থাকুন
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫
ই-মেইল:[email protected]