সকালে চাই স্বাস্থ্যকর নাশতা
স্কুল আর অফিসের তাড়াহুড়ায় অনেকেই সকালে কিছু না খেয়ে অথবা সামান্য চা-কফি খেয়েই ছুটে বেরিয়ে পড়েন। অফিসে গিয়ে ১০টা-১১টায় ক্যানটিন থেকে ভাজাপোড়া খাবার কিনে উদর পূর্তি করেন।
সকালের খাওয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ এই সময়েই আমাদের বিপাক ক্রিয়া শুরু হয়। শরীর প্রয়োজনীয় পুষ্টি না পেলে নানা ব্যত্যয় ঘটে। সকালে ঠিকমতো না খেলে দুপুরে অতিরিক্ত খাওয়ার প্রবণতা বাড়ে। আবার সকালে খালি পেটে থাকলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাও বাড়ে। আসুন জেনে নিই একটি স্বাস্থ্যকর সকালের নাশতা বা ব্রেকফাস্ট কেমন হতে পারে?
১. পানি: রাতে ছয় থেকে আট ঘণ্টা ঘুমানোর পর সকালে শরীরে পানির চাহিদা থাকে। তাই ঘুম থেকে উঠে দিনটা শুরু করুন এক গ্লাস পানি দিয়ে। এতে পানিশূন্যতা কাটবে, শরীরটাও চাঙা হবে।
২. ২৮৫ কিলোক্যালরি: যাঁরা সারা দিনে ১ হাজার ৬০০ কিলোক্যালরির মতো খেতে চান, তাঁরা সকালে এই নাশতা খেতে পারেন। এতে থাকবে পাতলা আটার তিনটা ছোট রুটি (৯০ গ্রাম), একটা সেদ্ধ ডিম বা ১২ গ্রাম ডাল, সবজি ইচ্ছামতো। এই নাশতায় শর্করা, প্রোটিন ও ভিটামিনের সুষম সমন্বয় আছে।
৩ ৩৭৩ কিলোক্যালরি: যাঁরা আরেকটু বেশি খেতে চান বা যাঁদের ডায়াবেটিস, স্থূলতার সমস্যা নেই, তাঁরা এ নাশতাটি বেছে নিতে পারেন। এতে শর্করা ও ক্যালরির পরিমাণ একটু বেশি। তিনটা ছোট পাতলা রুটি (৯০ গ্রাম), ছোট এক বাটি সুজি বা সেমাই (২০ গ্রাম) ও একটা ডিম (সবজি দিয়ে) ভাজি।
৪. ২২৫ কিলোক্যালরি: যাঁরা ওজন কমাতে চাইছেন বা ক্যালরি আরেকটু কম খেতে চান, তাঁদের জন্য এ নাশতা। একটা সেদ্ধ ডিম ও সবজি দিয়ে রান্না করা ছোট এক বাটি নুডলস। অথবা নোনতা টোস্ট বিস্কুট ৩০ গ্রাম, একটা সেদ্ধ ডিম, লাউঘন্ট বা সবজিঘন্ট।
৫. কী সবজি খাবেন: লাউ, পটোল, করলা, কাঁচা পেঁপে, টমেটো, শসা, ক্যাপসিকাম, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দল, চালকুমড়া, মুলা, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি ইত্যাদি থেকে বাছাই করুন।
৬. ফল খেতে হলে তা খালি পেটে নয়, বরং নাশতার পরে খান। এতে তেলে দ্রবণীয় ভিটামিনগুলো সহজেই শোষিত হবে।
৭. সকালে খালি পেটে চা বা কফি নয়, নাশতার পর এগুলো খান।
৮. খালি পেটে দুধ খেলে অ্যাসিডিটি বা হজমের সমস্যা হয়। তাই কিছু খাওয়ার পরে দুধ নেবেন। সবচেয়ে ভালো হয় রাতে দুধ পান করলে।