সমস্যার নাম ভ্যারিকোস ভেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ের চামড়ার নিচে আঁকাবাঁকা শিরার ফুলে ওঠা সমস্যার নাম ভ্যারিকোস ভেইন। জন্মগতভাবে শিরার ভালভ দুর্বল থাকলে এমন হতে পারে। দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন এমন ব্যক্তি এবং অতিরিক্ত মোটা, গর্ভবতী নারী, পেটে টিউমার বা পানি জমার মতো রোগ হলেও এমন সমস্যা হতে পারে। একে তখন সেকেন্ডারি ভ্যারিকোস ভেইন বলে।

শুরুতে তেমন কোনো উপসর্গ থাকে না। পা ভারী ভারী লাগে, পায়ের শিরায় টান লাগে, বিশেষ করে ঘুমের মধ্যে। দাঁড়িয়ে থাকলে বা ভ্রমণ করলে পা ফুলে যায়, যা আবার পরে কমেও যায়। পা কালো হয়ে যেতে পারে, ত্বক শক্ত হয়ে যেতে পারে। রক্ত জমাট বেঁধে রক্তনালি বন্ধ হয়ে যেতে পারে, রক্তক্ষরণ হতে পারে। এমনকি আলসার বা ক্ষতও হতে পারে।

পায়ের শিরা নীল হয়ে ফুলে উঠলে রোগটি দেখেই চেনা যায়। ডুপ্লেক্স স্টাডি করে রোগ নিশ্চিত হতে হয়। শুরুতে কিছু নিয়মকানুন মেনে চললে অনেকটাই ভালো থাকা যায়। দীর্ঘ সময় একটানা দাঁড়িয়ে থাকা যাবে না। ওজন কমাতে হবে। ঘুমানোর সময় পা উঁচু করে ঘুমালে ভালো। পায়ে ইলাস্টিক কমপ্রেশনস স্টকিং বা বিশেষ ধরনের মোজা পরা যায়। নিয়মিত ব্যায়াম করা উচিত। অস্ত্রোপচার করে এই রোগের চিকিৎসা করা হয়। বর্তমানে কাটাছেঁড়া ছাড়া অত্যাধুনিক লেজার পদ্ধতিতে চিকিৎসা করা সম্ভব।

ডা. জুবায়ের আহমেদ

ভাসকুলার সার্জারি বিশেষজ্ঞ, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল, ঢাকা