অনেক শিশুর সারা বছর সর্দি লেগেই থাকে। শীত-গ্রীষ্মের বালাই নেই, নাক দিয়ে পানি ঝরছে তো ঝরছেই। সেই সঙ্গে কারও থাকে হাঁচি। এর ফলে শিশু থাকে বিরক্ত। মা-বাবারাও উদ্বিগ্ন থাকেন। ভাইরাসের সংক্রমণে এমনটি হতে পারে, আবার জন্মগতভাবে বা অন্য কোনো কারণে রোগ প্রতিরোধক্ষমতা কমে গেলে এমনটি হতে পারে। অবশ্য বাচ্চাদের দীর্ঘমেয়াদি সর্দির প্রধান কারণ অ্যালার্জি। এটা বংশগত হতে পারে, তবে ছোঁয়াচে নয়।
শিশুর ঘন ঘন সর্দি প্রতিরোধে করণীয়গুলো আসুন জেনে নিই:
*বাচ্চাকে ধুলা-বালু ও বায়ুদূষণ থেকে দূরে রাখুন। বাইরে বের হলে মুখে রুমাল বা মাস্ক ব্যবহার করতে পারেন।
*আইসক্রিম, ফ্রিজের পানি ইত্যাদি পরিহার করুন। বাচ্চারা বাথরুমে বা বৃষ্টিতে পানি নিয়ে খেলতে চায়, সেদিকেও নজর রাখতে হবে।
*চুলার ধোঁয়া, মশার কয়েল ও সিগারেটের ধোঁয়া থেকে শিশুদের দূরে রাখবেন।
*শিশুর নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন, বিশেষ করে বাইরে থেকে এলে।
*স্কুল বা বাইরে থেকে এসে ঘামে ভেজা জামা দ্রুত পাল্টে ফেলবেন।
*স্যাঁতসেঁতে বদ্ধ ঘরে সমস্যা বাড়ে। তাই বাসায় পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা রাখুন।
অ্যালার্জি খাবার থেকেও হয়। সবাইকে ঢালাওভাবে গরুর মাংস, ইলিশ, চিংড়িসহ সব খাবার নিষেধ না করে যার যে খাবারে সমস্যা হয়, শুধু সেই খাবারটি এড়িয়ে যেতে হবে।
ডা. আবু সাঈদ
শিশু বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ
>প্রশ্নোত্তর
প্রশ্ন: শিরায় স্যালাইন দিলে কি জ্বর আসতে পারে?
উত্তর: শিরায় বা রক্তে যেকোনো বাইরের বস্তু যেমন ওষুধ, স্যালাইন বা রক্ত বা রক্তের উপাদান প্রবেশ করলে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। এমনটা হলে কিছুক্ষণ সেটা দেওয়া থেকে বিরত রেখে পরে আবার চেষ্টা করা যায়। কখনো প্রতিক্রিয়া বেশি হলে পুরোপুরি সেটা বাতিল করে দিতে হতে পারে।
ডা. আ ফ ম হেলালউদ্দিন মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ