সাত মাস বয়স থেকে আমার ছেলের একই ওজন, কী করলে ওর স্বাস্থ্য ভালো হবে?

রোগবালাই যেমন আছে, তেমনি আছে উপশমের উপায়। স্বাস্থ্য ও বিভিন্ন রোগ নিয়ে পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন

আমার ছেলের বয়স ১৩ মাস। ওজন সাড়ে ৭ কেজি। খুবই চঞ্চল। সকাল থেকে ডিম, সুজি ব্লেন্ড করে কয়েক রকম ফল, ভাত, সাবুদানার পায়েস, বার্লি, সেরেলাক, নুডলস ইত্যাদি রাত পর্যন্ত পর্যায়ক্রমে খাওয়ানো হয়। আবার রাতে ঘুমের মধ্যে বুকের দুধ খায়। এভাবে খাওয়ানোর পরও সে একদমই হ্যাংলা। সাত মাস বয়স থেকে একই ওজন। কিছুদিন পরপর ঠান্ডা লাগে। কী করলে ওর স্বাস্থ্য ভালো হবে?

ইসরাত জাহান

শিশুর ক্ষুধা তৈরি হওয়ার পর্যাপ্ত সময় দিতে হবে।প্রতীকী ছবি
সংগৃহীত

পরামর্শ

আপনার চিন্তিত হওয়ার ব্যাপারটি খুব যৌক্তিক। বয়স অনুযায়ী সন্তানের এই ওজন তুলনামূলকভাবে কম। আপনার বিবরণে খাবারের যে তালিকা এবং খাওয়ানোর যে প্রক্রিয়া লক্ষ করলাম, তাতে কিছুটা পরিবর্তন করতে হবে। খাবার ব্লেন্ড করে খাওয়াবেন না। ঘরে তৈরি স্বাভাবিক খাবারে শিশুকে অভ্যস্ত করুন। ভাত, মাছ, মুরগির মাংস, ডিম, সবজি, ডাল, খিচুড়ি প্রভৃতি খাবার খাওয়াবেন। একটু পরপরই খাওয়ার ব্যাপারে জোর করবেন না। অন্তত চার ঘণ্টা বিরতি নিয়ে খাওয়াবেন। শিশুর ক্ষুধা তৈরি হওয়ার পর্যাপ্ত সময় দিতে হবে। যেহেতু ওজন কম এবং মাঝেমধ্যেই ঠান্ডা লাগে, তাই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি।

পরামর্শ দিয়েছেন—অধ্যাপক ডা. আবদুল মান্নান, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং কনসালট্যান্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা