১ অক্টোবর ২০২০ ছিল আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারের প্রতিপাদ্য ছিল: প্রবীণদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানে জনসচেতনতা ও স্বাস্থ্যকর্মীদের স্বীকৃতি। বাংলাদেশে বর্তমানে দেড় কোটি প্রবীণ জনগোষ্ঠী রয়েছে, যাদের বয়স ৬০ বা তার বেশি এবং ২০৫০ সাল নাগাদ বিশ্বে প্রতি ৫ জনের ১ জন মানুষ প্রবীণ হবেন।
প্রবীণেরা বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যায় অতিরিক্ত ওষুধ সেবনজনিত জটিলতায় (পলিফার্মাসি) ভুগছেন। পাবমেড স্বীকৃত প্রকাশনা অনুযায়ী, বিশ্বের প্রবীণেরা প্রতিদিন ২-৯টি ওষুধ সেবন করেন, যার ১১.৫-৬২.৫ শতাংশই অপ্রয়োজনীয়। বিভিন্ন উপায়ে এ পার্শ্বপ্রতিক্রিয়াজনিত অসুস্থতা এড়ানো সম্ভব, সমন্বিত স্বাস্থ্যসেবা প্রদান তার অন্যতম।
একজন প্রবীণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্বাস্থ্য ও পুনর্বাসন পেশাজীবীদের সমন্বয়ের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হলে তা প্রবীণদের শারীরিক ও মানসিক সুস্থতা ও জীবনমান উন্নয়নে অবদান রাখে। যেমন:
১. ব্যথা ও মাস্কুলোস্কেলিটাল সমস্যা প্রবীণদের বড় সমস্যাগুলোর একটি, প্রবীণদের ব্যথানাশক ওষুধ সেবনের প্রবণতা অনেক বেশি। এ ছাড়া তাঁরা হাড়ভাঙা, পড়ে গিয়ে আঘাত, বাত, মেরুদণ্ডে ব্যথা, ক্ষয়জনিত রোগ ও শারীরিক দুর্বলতায় ভোগেন, যাতে ফিজিশিয়ান ও ফিজিওথেরাপিস্টের সমন্বিত ব্যবস্থাপনা প্রয়োজন।
২. প্রতিবন্ধিতা ও পক্ষাঘাত প্রবীণদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্ট্রোক বাংলাদেশে মোট মৃত্যুর তৃতীয় কারণ; এর ফলে প্রতিবন্ধিতায় পড়ছেন লাখো প্রবীণ। এ ছাড়া পারকিনসনস ডিজিজ, আলঝেইমারস, হার্ট অ্যাটাক ইত্যাদিতে পক্ষাঘাতগ্রস্ত প্রবীণদের ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং, নার্সিং, কেয়ারগিভিংসহ সমন্বিত চিকিৎসা প্রয়োজন।
৩. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বির উপস্থিতি, অপুষ্টি, মানসিক স্বাস্থ্য সমস্যা অনেক বড় রোগের কারণ এবং এসব প্রতিরোধে ‘হেলদি অ্যাজিং’ বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সমন্বিত পদক্ষেপ জরুরি। প্রবীণ নির্যাতন (এল্ডারলি অ্যাবিউজ) প্রতিরোধেও পেশাজীবীদের ভূমিকা রয়েছে।
৪. শারীরিক, আর্থিক ও মানসিকভাবে সন্তান বা অন্যদের ওপর নির্ভরতা প্রবীণদের স্বনির্ভরতা ও সম্মানের পথে একটি বড় বাধা। মৃত্যুমুখে পড়া প্রবীণদেরও ‘প্যালিয়াটিভ কেয়ার’ প্রদান করতে চাইলে সমন্বিত চিকিৎসার দিকে জোর দিতে হবে।
৫. কোভিড-১৯-এ মৃত্যুর একটি বড় অংশই প্রবীণ। মৃত্যুঝুঁকি কমাতে রেসপিরেটরি ফিজিওথেরাপি, ক্রিটিক্যাল কেয়ার ও কোভিড-১৯–পরবর্তী পুনর্বাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রবীণদের স্বাস্থ্যের উন্নতিতে ও ‘হেলদি অ্যাজিং’ নিশ্চিতে প্রতিদিন ন্যূনতম ৩০ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা (সপ্তাহে ৫ দিন), পর্যাপ্ত পরিমাণ পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ, রাতে ন্যূনতম ৬ ঘণ্টা ঘুম, মানসিক স্বাস্থ্যের যত্ন ও ব্যথাজনিত সমস্যায় ব্যথানাশক না খেয়ে ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণ, বয়সজনিত মেটাবলিক ও কার্ডিওভাস্কুলার রোগের চিকিৎসা, বিনোদন এবং সামাজিক সম্পৃক্ততাও প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০-৩০–কে ‘হেলদি অ্যাজিং’ দশক ঘোষণা করেছে; যার প্রতিপাদ্য ‘কাউকে পেছনে ফেলা যাবে না’। প্রবীণদের সমাজের মূল স্রোতোধারায় ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপের বিকল্প নেই।
লেখক: ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ও গবেষক এবং প্রভাষক, বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউট, সিআরপি।