
এ বছর বিশ্ব ডায়াবেটিস দিবসের থিম হলো সুস্থ জীবনযাপন ও ডায়াবেটিস। ২০১৪ থেকে ২০১৬-তিন বছর এটি হবে মূল প্রতিপাদ্য বিষয়। প্রতিবছর ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালন করা হয় দেশে দেশে। উদ্যোক্তা আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডায়াবেটিসের ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকি মোকাবিলার জন্য এ ব্যাপারে সচেতনতা তৈরি করাই হলো এই দিবস পালনের উদ্দেশ্য।
এই দিনের মূল বাণীগুলো হলো
প্রাতরাশ দিয়ে স্বাস্থ্যসম্মত আহার হয় শুরু। তাই স্বাস্থ্যকর প্রাতরাশে আমরা মনোযোগী হলে, এতে বিনিয়োগ করলে ডায়াবেটিসের বৈশ্বিক বোঝার ভার অনেক হালকা হবে। ডায়াবেটিসের কারণে উৎপাদনশীলতা কমে যাওয়ার সমস্যা এবং স্বাস্থ্য পরিচর্যার ব্যয় অনেক কমবে।
স্বাস্থ্যসম্মত আহারে থাকবে প্রচুর পত্রবহুল শাকসবজি, তাজা ফল, মোটা শস্যদানা, কচি মাংস ও মাছ এবং বাদাম। এতে কমবে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি এবং পরিহার করা যাবে ডায়াবেটিসের জটিলতা।
বিশ্বজুড়ে ডায়াবেটিসের বোঝা লঘু করতে হলে প্রয়োজন মানুষকে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত প্রাতরাশের আওতায় আনা। স্বাস্থ্যসম্মত প্রাতরাশ অনেক কমিয়ে আনে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি। বিশ্বজুড়ে হাইক্যালরি ও অপুষ্টিকর সস্তা খাবার (ফাস্টফুড) গ্রহণ বেড়ে যাওয়ায় বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস। যেসব খাবার টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমায় যেমন শাকসবজি, তাজা ফল, মোটা শস্যদানা এবং অসম্পৃক্ত চর্বি-এগুলো সাশ্রয়ী এবং সহজলভ্য হওয়া উচিত।
ডায়াবেটিস ক্রমেই বাড়ছে: ২০১৩ সালে বিশ্বজুড়ে ডায়াবেটিসের রোগী ছিল প্রায় ৩৮ কোটি ২০ লাখ। অনুমান, ২০১৫ সালে সে সংখ্যা বেড়ে হবে ৬০ কোটি।
স্বাস্থ্যকর আহার এবং ডায়াবেটিস ডায়াবেটিসের ঝুঁকি কীভাবে কমানো যেতে পারে—
ফলের রস, সোডা, কোমল পানীয়র বদলে পানি, চিনি ছাড়া চা ও কফি বেছে নেওয়া ভালো।
প্রতিদিন অন্তত তিন বেলা খাওয়া উচিত শাকসবজি, পত্রবহুল সব তো বটেই। যেমন পালংশাক, লেটুস, পুদিনা, ধনেপাতা ইত্যাদি
জলখাবারের জন্য বাদাম, এক টুকরো ফল এবং চিনি ছাড়া দই (টক দই) খেলে ভালো।
মদ্যপান ও ধূমপান করে থাকলে বর্জন করা।
প্রক্রিয়াজাত মাংস, চর্বিবহুল মাংস, লাল মাংসের বদলে কচি মোরগ, মাছ, সামুদ্রিক খাবার ও পোলট্রি।
ময়দার রুটির বদলে লাল আটার রুটি, ঢেঁকিছাঁটা চালের ভাত।
রুটির ওপর জ্যাম-জেলি বা চকলেট ব্রেডের বদলে পিনাট বাটার।
স্যাচুরেটেড ফ্যাট যেমন ঘি, মাখন, ডালডা, প্রাণিজ চর্বি, নারকেলের তেলের বদলে আনস্যাচুরেটেড ফ্যাট যেমন সূর্যমুখী তেল, কর্নতেল, জলপাই তেল, রাইসান তেল, ক্যানোলা তেল।
স্বাস্থ্যসম্মত প্রাতরাশ কেন গুরুত্বপূর্ণ?
স্বাস্থ্যকর প্রাতরাশ খেলে পূর্ণবয়স্ক লোক ও শিশুদের মধ্যে ক্ষুধা নিয়ন্ত্রণ ও রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ সহজ হয়।
প্রাতরাশ কোনো বেলা বাদ দিলে শরীরের ওজন বাড়ে।
স্বাস্থ্যসম্মত প্রাতরাশ খেলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে।
স্বাস্থ্যকর প্রাতরাশের বিকল্প
পানি, চিনি ছাড়া চা ও কফি সবজি
আটার রুটি, ঢেঁকিছাঁটা লাল চাল, কম চর্বি দুধ
পিনাট বাটার বাদাম ও বীজ
ডিম (সেদ্ধ, পোচ বা স্ক্রামবলড) গ্রিল করা চিকেন
টক দই, বাদাম, বীজ, তাজা ফল) মাছ
১ টুকরো টাটকা ফল (আপেল, নাশপাতি, পনির (ছোট টুকরা)
আনারস, পেয়ারা, কুল, বাতাবিলেবু, কমলা)
চিনি কম, আঁশসমৃদ্ধ শস্যদানা কচি মাংস
অস্বাস্থ্যকর প্রাতরাশ বিকল্প
ফলের রস, ফলের স্মুদি চিনিসহ দধি, মিষ্টি দধি
ময়দার রুটি, প্যান্ট্রি, ডোনাট, ফাস্টফুড প্রাতরাশ সিরিয়াল
জ্যাম, মধু, চকলেট ভাজা খাবার
কোমল পানীয় সুবাসিত দুধ।
বিশ্ব ডায়াবেটিস দিবস ১৭০টি দেশের কোটি কোটি মানুষকে একত্র করে, ডায়াবেটিস সচেতনতায় উদ্বুদ্ধ করে। বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত ৪০ কোটি লোকের জন্য এক আওয়াজ। অনেকে এর ঝুঁকিতে আছেন। এঁদের জন্য এ অভিযান পরিচালনা করা হয়। আসুন সবাই এতে শামিল হই।
লেখক: পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল।
[email protected]