সুস্থ ত্বকের জন্য ব্যায়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত ব্যায়াম আপনার হৃদ্‌যন্ত্র, ফুসফুস, রক্তনালিকে ভালো রাখে—এ কথা তো কম-বেশি সবাই জানেন। কিন্তু ত্বক ভালো রাখার বিষয়ে ব্যায়ামের কি কোনো ভূমিকা আছে?

শারীরিক ব্যায়াম করলে ত্বকের নিচের রক্তনালিতে রক্ত চলাচল বাড়ে। এভাবে ত্বকে অক্সিজেন ও পুষ্টি উপাদান সরবরাহ নিশ্চিত হয়। একইভাবে ত্বকের জন্য ক্ষতিকর উপাদান সরিয়ে নিতেও ব্যায়াম সহায়ক হিসেবে কাজ করে। এ ছাড়া নিয়মিত ব্যায়াম আমাদের মানসিক চাপ বা স্ট্রেস কমায়। স্ট্রেস কমলে ব্রণ, সোরিয়াসিস ইত্যাদির উপসর্গ কমে। অনেকেই ভাবেন, অ্যালার্জি, একজিমা বা সোরিয়াসিসে আক্রান্ত লোকজন বাইরে হাঁটাহাঁটি বা ব্যায়াম করলে, তাঁদের রোগের উপসর্গ হয়তো বেড়ে যাবে। এই ধারণা ভুল। এসব সমস্যায় ব্যায়াম করতে কোনো বিধিনিষেধ নেই। তবে ত্বকের সমস্যায় ব্যায়াম করার সময় কিছু বিষয় লক্ষ রাখতে হবে।

l প্রখর রোদ ত্বকের ক্ষতি করে। তাই ব্যায়াম বা হাঁটার সময় সকাল বা বিকেলের মিষ্টি রোদ বেছে নিন। সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে বাইরে ব্যায়াম না করাই ভালো।

l বাইরে সূর্যালোকে ব্যায়াম করার সময় ত্বকে ভালো মানের সানস্ক্রিন লাগিয়ে নেওয়া ভালো। অনেকে এটা লাগাতে চান না, কেননা ঘাম বেশি হয়। কিন্তু তেলবিহীন বা পিএইচ ব্যালান্সড সানস্ক্রিনে অত ঘাম হয় না। তবে বেশি ঘেমে গেলে সানস্ক্রিন সরে যায়, তাই রোদে বের হলে ফুলহাতা জামা-প্যান্ট পরাই ভালো।

l অনেকের বাইরে ব্যায়াম করার পর গায়ে ফুসকুড়ি বা র‌্যাশ ওঠে, কারও ব্রণ বেড়ে যায়, কারও ত্বক জ্বালা করে। এদের জন্যও প্রখর রোদে বের না হওয়া ভালো। ঢিলেঢালা সুতির জামা পরে ব্যায়াম করবেন। মেকআপ নিয়ে ব্যায়াম করতে কখনোই বেরোবেন না। আগেই মুখের ত্বক পরিষ্কার করে ধুয়ে নিলে ব্রণ কম হবে। ফিরে এসে গোসল সেরে নিন এবং সারা গায়ে হালকা ময়েশ্চার লাগান।

l সাঁতারের মতো ব্যায়াম করার পর অবশ্যই ভালো করে গোসল করে নিন এবং ত্বকে ময়েশ্চার লাগান। কেননা পুলের পানিতে ক্লোরিন থাকে, যা ত্বককে শুষ্ক করে দেয় এবং কখনো জ্বালাও করে।ডা. মো.

মনিরুজ্জামান খান : চর্ম বিশেষজ্ঞ, বারডেম হাসপাতাল