স্তন ক্যানসার প্রতিরোধে চাই সচেতনতা
ভেজালের এই যুগে ক্যানসার যেন ঘরে ঘরে। আর স্তন ক্যানসারের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বব্যাপী অক্টোবর মাসকে স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে পালন করা হয়।
এ লক্ষ্যে এসকেএফ অনকোলজি নিবেদিত ‘বিশ্বমানের ক্যানসার চিকিৎসা এখন বাংলাদেশে’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যোগ দেন চারজন অতিথি। তাঁরা হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানসার (রেডিওথেরাপি) বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী, মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রামের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাগরিকা শারমীন, বিশিষ্ট শিক্ষাবিদ, ক্যানসার যোদ্ধা ও সমাজসেবী সাফিয়া গাজী রহমান এবং ক্যানসার সারভাইভারস ফোরামের সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম খান। এ পর্বের আলোচ্য বিষয় ‘স্তন ক্যানসার–সচেতনতা’।
অনুষ্ঠানটি সরাসরি প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং এসকেএফের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডা. মো. শাহরিয়ার ইসলাম।
ডা. আলী আসগর চৌধুরী বলেন, সারা বিশ্বে অক্টোবর মাসকে স্তন ক্যানসার–সচেতনতার মাস হিসেবে পালন করার মূল লক্ষ্যই হলো পৃথিবীর সব নারীকে স্তন ক্যানসার বিষয়ে সচেতন করে তোলা এবং এর প্রাথমিক পর্যায়েই তা শনাক্ত করতে পারা। গবেষণায় দেখা গেছে, পশ্চিমা বিশ্বের দেশগুলোয় স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের অধিকাংশের বয়স ৫০ বছর বয়সের বেশি। কিন্তু আমাদের দেশে বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় ২৫ থেকে ৪৫ বছর বয়সী নারীরা স্তন ক্যানসারে বেশি আক্রান্ত হচ্ছেন।
সাধারণত অল্প বয়সে যে ধরনের ক্যানসার হয়ে থাকে, সেগুলো বেশি আগ্রাসী হয়ে থাকে। আমাদের লক্ষ্য হবে অল্প বয়সী নারীদের যে ধরনের ক্যানসার কাবু করে ফেলে, সেটিকে প্রথমে দমন করা। আমাদের দেশে স্তন ক্যানসারে মৃত্যুহার এত বেশি হওয়ার প্রধান কারণ হলো অধিকাংশ রোগী চিকিৎসকের কাছে আসছেন আক্রান্ত হওয়ার তৃতীয় কিংবা চতুর্থ পর্যায়ে। তাই আমাদের দেশে সচেতনতা গড়ে তোলা খুবই জরুরি। এ ক্ষেত্রে স্ক্রিনিং পদ্ধতি অবলম্বনের মাধ্যমে রোগীর প্রাথমিক পর্যায়েই স্তন ক্যানসার শনাক্ত করা সম্ভব। এতে ৫ বছর, ১০ বছর বা তারও বেশি সময় রোগীকে বাঁচানো যাবে। তবে মানুষের সচেতনতা বৃদ্ধির কারণে আগের চেয়ে এখন অনেক রোগীকেই সময়মতো চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা সম্ভব হচ্ছে।
ডা. সাগরিকা শারমীন বলেন, স্তন ক্যানসারের প্রধান লক্ষণ হলো স্তনে চাকা অনুভূত হওয়া। এ ছাড়া স্তনের যেকোনো অংশে ঘা হতে পারে। অনেক রোগী প্রাথমিক পর্যায়ে স্তনে চাকা অনুভূত হলেও তা অবহেলা করেন এবং পরবর্তী সময়ে যখন ব্যথা অনুভব করেন ও চাকাটি বড় আকার ধারণ করে, তখন চিকিৎসকের পরামর্শ নিতে যান, যা খুবই ঝুঁকিপূর্ণ। কারণ, ব্যথা সাধারণত স্তন ক্যানসারের প্রাথমিক পর্যায়ে থাকে না, এর বিস্তৃতির সঙ্গে সঙ্গে ব্যথাও ছড়িয়ে পড়ে। অনেক সময় বগলে চাকা অনুভূত হতে পারে।
অনেক রোগীর নিপল থেকে রক্ত কিংবা তরল নিঃসৃত হতে পারে। আবার যে মায়েরা সন্তানকে বুকের দুধ পান করান, তাঁদের অনেকের স্তনের আশপাশে ফোঁড়া কিংবা স্তনের রং লালচে বা কমলার খোসার মতো হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই দেরি না করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এবং যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করার ব্যাপারে সচেতন হতে হবে।
অনেক ক্ষেত্রে পারিবারিক সূত্রেও স্তন ক্যানসার হয়ে থাকে। এ ক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায় বলে সাধারণত ৩৫ বছর বয়স থেকেই নারীদের স্ক্রিনিংয়ের আওতাভুক্ত করতে হবে। আমাদের দেশে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের নারীরা স্তন ক্যানসার বিষয়ে খুব একটা গুরুত্ব দেন না কিংবা অনেকে আমলে নেওয়ার সুযোগ পান না।
সাফিয়া গাজী রহমান বলেন, তিনি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর তা তৃতীয় পর্যায়ে শনাক্ত করা হয়েছে। তাঁর অভিজ্ঞতা থেকে জানান, তিনি নিজেই প্রথমে ক্যানসার শনাক্ত করতে পেরেছিলেন। ব্যস্ততার মধ্যেও তিনি স্তন ক্যানসারের লক্ষণ খুঁজে পেয়ে দ্রুত চিকিৎসা গ্রহণের মাধ্যমে বর্তমানে সম্পূর্ণরূপে সুস্থ আছেন। তাই সচেতন থাকার পাশাপাশি ধৈর্য ধারণ করতে হবে এবং চিকিৎসকের ওপর পূর্ণ আস্থা রাখতে হবে।
ক্যানসার সারভাইভারদের বিষয়ে মো. আবুল হাসেম খান বলেন, ক্যানসার চিকিৎসা খুবই ব্যয়বহুল। আর আমাদের দেশের মতো দেশগুলোয় ক্যানসার চিকিৎসার খরচ বহন করা অধিকাংশ মানুষের পক্ষেই সম্ভব নয়। তাই ক্যানসার প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম—এই মূলমন্ত্র ধারণ করে ২০১৫ সাল থেকে স্কুল-কলেজ এবং কমিউনিটি পর্যায়ে এমনকি বিভিন্ন ওয়ার্ড কমিশনারের সহযোগিতায় ক্যানসার সারভাইভারস ফোরাম বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিশ্বাস করতে হবে যে বাংলাদেশেই এখন ক্যানসার চিকিৎসা সম্ভব।