বাংলাদেশে প্রতিবছর প্রায় সাড়ে ১২ হাজারের বেশি নারী নতুন করে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন। তাঁদের মধ্যে প্রায় সাত হাজারের বেশি নারী স্তন ক্যানসারে মারা যান। এ বছর স্তন ক্যানসার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্থূলতা স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়’।
যেসব কারণ স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ায়
* বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে। অধিকাংশ ক্ষেত্রে ৫০ বছর বয়সের পর স্তন ক্যানসার শনাক্ত হয়েছে।
* যদি কম বয়সে মাসিক শুরু হয় (১২ বছর বয়সের আগে) এবং তা ৫৫ বছর বয়সের পর বন্ধ হয়, তাহলে হরমোনের কারণে স্তন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।
* বংশগত কারণে স্তন ক্যানসার হতে পারে।
* ক্যানসার ছাড়াও যাঁরা স্তনের অন্যান্য অসুখে ভুগছেন, তাঁদের ক্ষেত্রে স্তন ক্যানসারের ঝুঁকি রয়েছে।
* যাঁদের বুকে অথবা স্তনে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে, তাঁদের স্তন ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে।
* যেসব মহিলা শারীরিক পরিশ্রম করেন না, তাঁদের স্তন ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি।
* অতিরিক্ত ওজন স্তন ক্যানসার ঝুঁকি বাড়ায়।
* অধিক বয়সে প্রথম সন্তান ধারণ করলে এবং সন্তানকে বুকের দুধ না খাওয়ালে স্তন ক্যানসারের ঝুঁকি থাকে।
* গবেষণায় দেখা গেছে অ্যালকোহল পানে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে।
স্তন ক্যানসার প্রতিরোধে করণীয়
এমন কোনো ম্যাজিক্যাল খাবার অথবা সাপ্লিমেন্ট নেই যা সরাসরি খুব দ্রুত ক্যানসার প্রতিরোধ করতে পারে অথবা সারিয়ে তুলতে পারে। তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ব্যায়াম ও মানসিক প্রশান্তি রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ও ক্যানসার প্রতিরোধ করে সুস্থ থাকতে সহায়তা করে। ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট ক্যানসার প্রতিরোধে যে নির্দেশনা দিয়েছে, তা স্তন ক্যানসার ঝুঁকি কমাতে সাহায্য করে। যেমন:
* ফল, সবজি ও হোল গ্রেইন (পুরো শস্যদানা) বেশি খেতে হবে।
* তেল ও চর্বি জাতীয় খাবার গ্রহণের পরিমাণ কমাতে হবে (৩০ শতাংশ)।
* ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে।
* ভাজাপোড়া ও ঝলসানো খাবার কম খেতে হবে।
স্তন ক্যানসার প্রতিরোধে প্রয়োজনীয় খাবার
* বিভিন্ন ধরনের ফল ও সবজিতে প্রচুর ফাইটোকেমিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। তাই স্তন ক্যানসার প্রতিরোধে বেশি পরিমাণে ফল ও সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
* ক্রসিফেরাস সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদিতে ফাইটোকেমিক্যালস ও ইনডোলস থাকে, যা ক্যানসার প্রতিরোধ করে।
* হোল গ্রেইন বা পুরো শস্যদানা, যা প্রসেস করা থাকে না, এতে উচ্চমাত্রায় জটিল শর্করা, খাদ্যআঁশ, ভিটামিন, মিনারেলস ও ফাইটোকেমিক্যালস থাকে। এই অধিক আঁশসমৃদ্ধ খাবার হরমোনজনিত ক্যানসার প্রতিরোধে সহায়তা করে। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় ২৫ থেকে ৩০ গ্রামের বেশি আঁশ জাতীয় খাবার রাখা উচিত।
* গাঢ় রঙিন শাকসবজিতে ক্যারোটিনয়েড থাকে, যা ক্যানসার প্রতিরোধ করে; যেমন টমেটো, গাজর, পালংশাক ইত্যাদি।
* শর্ষে, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি ইত্যাদিতে আইসোথিওসায়ানেট থাকে, যা ক্যানসারের বিরুদ্ধে কাজ করে।
* রসুনে ফেনোলিক কম্পাউন্ড থাকে, যা স্তন ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।
* হলুদের অ্যান্টিইনফ্ল্যামেটরি কার্যকরিতা থাকায় এটি স্তন ক্যাসার কোষ বৃদ্ধিতে বাধাদান করে।
* গ্রিন টিতে ফেনোলিক কম্পাউন্ড ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ক্যানসারের বিরুদ্ধে কাজ করে।
* সয়াবিন ও অন্যান্য বিচি জাতীয় খাবারে আইসো ফ্ল্যাভনস থাকে, যা ক্যানসারের ঝুঁকি কমায়।
* মাছ, মুরগি, উদ্ভিজ্জ প্রোটিন যেমন ডাল বাদাম ও বিচি জাতীয় খাবার ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে।
* সামুদ্রিক তৈলাক্ত মাছ যেমন স্যামন, ইলিশ এবং বাদামে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, যা স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমাতে সাহায্য করে।
* ভিটামিন ডি ক্যানসার প্রতিরোধে কাজ করে। ভিটামিন ডি ফর্টিফায়েড খাবার, সূর্যের আলো ইত্যাদি থেকে ভিটামিন ডি পাওয়া যায়।
* অলিভ অয়েল, অ্যাভোক্যাডো, বাদাম ও বিচি জাতীয় খাবারের পলি আনস্যাচুরেটেড ও মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, যা স্তন ক্যানসারের ঝুঁকি কমায়।
স্তন ক্যানসার প্রতিরোধে যেসব খাবার কম খেতে হবে
* অতিরিক্ত চিনি জাতীয় খাবার
* ভাজাপোড়া খাবার
* ফাস্ট ফুড
* প্রসেসড মিট যেমন সসেজ
* স্যাচুরেটেড ফ্যাটসমৃদ্ধ খাবার যেমন গরুর মাংস, ভেড়ার মাংস, অর্গান মিট, বাটার, আইসক্রিম ইত্যাদি কম খেতে হবে।
* ট্রান্স-ফ্যাটি অ্যাসিডসমৃদ্ধ খাবার যেমন ক্র্যাকার্স, ডোনাটস, কুকিজ, পেস্ট্রি ইত্যাদিও কম খেতে হবে।
নিয়মিত ব্যায়াম স্তন ক্যানসারের ঝুঁকি কমাতে অনেকটা সাহায্য করে। এ জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য পরিকল্পনা ও শারীরিক ব্যায়াম খুবই জরুরি। তাই স্তন ক্যানসার প্রতিরোধে খাদ্যাভ্যাস ও ওজন নিয়ন্ত্রণে সচেতন হতে হবে।
লেখক: পুষ্টিবিদ, লেকসিটি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, খিলক্ষেত, ঢাকা