স্নায়ুরোগ হতে পারে করোনাভাইরাসের সংক্রমণের সময়ও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্নায়ুরোগ হতে পারে করোনাভাইরাসের সংক্রমণের সময়ও। আগে থেকে  স্নায়ুরোগের উপসর্গ এ সময় যেকোনো কারণে বাড়তে পারে।  করোনার জটিলতায়ও দেখা দিতে পারে স্নায়ুর নানাবিধ সমস্যা। এসকেএফ নিবেদিত ‘করোনাকালে অসুখ-বিসুখ’ অনুষ্ঠানের তৃতীয় পর্বে আলোচনার বিষয় ছিল ‘স্নায়বিক রোগ—চিকিৎসা ও করণীয়’।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সেলিম শাহী। অনুষ্ঠানটি ২১ আগস্ট একযোগে সরাসরি সম্প্রচারিত হয় প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং এসকেএফের ফেসবুক পেজ থেকে। এটি সঞ্চালনা করেন চিকিৎসক শ্রাবণ্য তৌহিদা।

কোন ধরনের সমস্যা হলে সেটিকে স্নায়বিক সমস্যা হিসেবে চিহ্নিত করা যেতে পারে, এ নিয়েই আলোচনা হলো প্রথমে। করোনাকালে স্নায়বিক সমস্যা হলে সেটি কী স্বতন্ত্রভাবে স্নায়ুতন্ত্রেরই কোনো সমস্যা, নাকি করোনার উপসর্গ হিসেবে দেখা দিয়েছে, তা নির্ধারণ করা জরুরি। এটি নির্ধারণের জন্য রোগীর ইতিহাস সঠিকভাবে জানাতে হবে চিকিৎসককে। আর এটি কেবল রোগীর নিজেরই দায়িত্ব নয়, বরং নিজের সমস্যা বর্ণনা করতে রোগীর অপারগতায় পরিবারের লোকজন বা তাঁর দেখভাল করার দায়িত্বে নিয়োজিত লোকজনকেও সঠিকভাবে রোগীর তথ্য ও রোগের ইতিহাস সম্পর্কে জানাতে হয়। অনেক বয়স্ক মানুষেরই ভুলে যাওয়ার প্রবণতা থাকে। তাঁদের করোনার লক্ষণ থাকলে সেটিও ভুলে যেতে পারেন। এমন ব্যক্তির কাছে যাঁরা থাকেন, তাঁদের একটু বাড়তি মনোযোগের প্রয়োজন। তাঁরা যদি ওই ব্যক্তির ভুলে যাওয়ার প্রবণতা বাড়া, কোনো ধরনের অস্বাভাবিক আচরণ, জ্ঞানের মাত্রা কমে যাওয়া, জ্বর কিংবা করোনার অন্য কোনো উপসর্গ লক্ষ করে থাকেন, তাহলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

করোনার লক্ষণ থাকুক বা না থাকুক, যেকোনো রোগীর জন্য বাড়ি থেকে পরামর্শ নিতে প্রয়োজনে টেলিমেডিসিন কিংবা হটলাইন সেবার সুযোগ বেছে নিতে পারেন। তবে জরুরি সেবার জন্য রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিকল্প নেই। করোনা পরিস্থিতিতে রোগবালাই হলে কোথায় যাবেন, তা নিয়ে খানিকটা দ্বিধায় পড়েন অনেকেই। করোনা রোগীর স্নায়বিক বা অন্য যেকোনো সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে করোনা হাসপাতালেই তাঁর চিকিৎসা করাতে হবে। তবে করোনার অন্য লক্ষণ না থাকলে অন্য কোনো হাসপাতালে চিকিৎসা নেওয়া যেতে পারে। এ ছাড়া যেকোনো হাসপাতালে রোগী নেওয়ার পর রোগীর করোনা ধরা পড়লে করোনা হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসক মোহাম্মদ সেলিম শাহী জানালেন, করোনা রোগীর যেমন মাথাব্যথা, মাথা ঝিমঝিম করা, স্বাভাবিক ঘ্রাণশক্তি চলে যাওয়া, স্বাভাবিক স্বাদ চলে যাওয়া, হাত-পায়ের পেশির দুর্বলতা ও এসব পেশিতে ব্যথার মতো সমস্যা হতে পারে, তেমনি রোগীর জ্ঞানের মাত্রা কমে যাওয়া কিংবা পক্ষাঘাতের মতো বড় ধরনের সমস্যাও হতে পারে। তবে খেয়াল রাখতে হবে, এ ধরনের সমস্যা করোনার কারণেও হতে পারে, আবার করোনার সংক্রমণ না হলেও হতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে রোগীর পক্ষাঘাতের লক্ষণ দেখা দেওয়ার পর করোনা ধরা পড়তে পারে। এ ক্ষেত্রে এ রকম মনে করার সুযোগ নেই যে পক্ষাঘাতের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে করোনা সংক্রমণ হয়েছে। কারণ করোনা সংক্রমণের কারণেই হতে পারে পক্ষাঘাত।
করোনার সংক্রমণ এড়াতে যেসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, সেগুলোকে অভ্যাসে পরিণত করতে হবে। তাহলে করোনার ঝুঁকিও কমবে, করোনাজনিত স্নায়বিক সমস্যার ঝুঁকিও কমবে। এ ছাড়া রক্তচাপ, ডায়াবেটিস, শরীরের ওজন, দুশ্চিন্তা এবং রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে বলে জানা গেল আলোচনায়। অনুষ্ঠানের শেষদিকে দর্শকদের কিছু প্রশ্নের উত্তরও দেওয়া হয়।