স্বাস্থ্যবিষয়ক পরামর্শ নিয়ে প্রথম আলো ও ডিজিটাল হসপিটালের যৌথ উদ্যোগে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান ‘ডিজিটাল হসপিটাল লাইভ: হ্যালো ডক্টর’-এর প্রথম পর্ব। সূচনা পর্বের আলোচনার বিষয় ছিল: স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়নে করণীয়। ডা. শ্রাবণ্য তৌহিদার সঞ্চালনায় এ পর্বে অতিথি হিসেবে ছিলেন ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের হেড অব ক্লিনিক্যাল অপারেশনস ডা. খালেদ হাসান।
অনুষ্ঠানটি ১০ ডিসেম্বর প্রথম আলো ও ডিজিটাল হসপিটালের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই জানা গেল স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়ন সম্পর্কে। স্বাস্থ্যব্যবস্থা যদি সুষ্ঠুভাবে না চললে তাা ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে। এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া গেছে এই করোনা মহামারিতে। তাই স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এমন কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন, যাতে স্বাস্থ্যব্যবস্থার যে উদ্দেশ্য বা লক্ষ্য আছে, তা পূরণ হয়। যেমন এমন কোনো একটা ব্যবস্থা নেওয়া হলো, যার ফলে স্বাস্থ্যব্যবস্থার রেসপনসিভনেস বাড়ল। সেটি একক বা সর্বজনীন—সবভাবেই হতে পারে। উদাহরণ হিসেবে ডা. খালেদ হাসান বলেন, কোনো একজন রোগী হাসপাতালে গেলে নির্দিষ্ট একটি সময়ের ভেতর তাঁর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে, এটিই স্বাস্থ্যব্যবস্থার রেসপনসিভনেস।
আগে সবার ধারণা ছিল আমেরিকা, ইতালির মতো উন্নত বিশ্বের দেশগুলোর স্বাস্থ্যব্যবস্থা খুব ভালো। কিন্তু করোনা মহামারি আমাদের সেই ধারণা পাল্টে দেয়। সেই সব দেশের স্বাস্থ্যব্যবস্থাও মহামারি সামাল দিতে নাস্তানাবুদ হয়েছে। স্বাস্থ্যব্যবস্থার মান উন্নয়নের পথে এসব বাধার আসল কারণ একেক দেশে একেক রকম। বাংলাদেশের সুষ্ঠু পরিকল্পনার অভাব রয়েছে। কারণ, আজ থেকে ১০ বছর পরে স্বাস্থ্যব্যবস্থা কোন দিকে যাবে, সেই সময়ের মানুষের চাহিদা কেমন হবে এবং তখন সেটা সামাল দিতে কী করতে হবে, এমন পরিকল্পনা আমাদের নীতিনির্ধারকেরা সহজে করতে পারছেন না। এখানে কোনো নতুন সমস্যা হলেই কেবল সেটি তাড়াহুড়া করে জরুরি ভিত্তিতে মোকাবিলার ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে সেটি সব সময় যথোপযুক্ত হয় না।
স্বাস্থ্য খাতে বরাদ্দ বাজেটকে ঠিকমতো কাজে লাগাতে না পারাকেও এর মান উন্নয়নে বিশেষ বাধা হিসেবে মনে করেন ডা. খালেদ হাসান। তাঁর আলোচনা থেকে জানা যায়, গত বছর বাজেটের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা স্বাস্থ্য অধিদপ্তর সরকারকে ফেরত দিয়েছে। কারণ, তারা টাকাটি খরচ করতে পারেনি। অন্যদিকে যে টাকা খরচ হচ্ছে, তাতে আছে অসংগতি। ডা. খালেদ হাসানের মতে, সঠিক নীতিনির্ধারণ ও বাজেটের সঠিক ব্যবহারে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার অনেকখানি মান উন্নয়ন সম্ভব।
স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক মাথার একসঙ্গে কাজ করতে হবে বলে মনে করেন ডা. খালেদ হাসান; সঙ্গে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে স্বাস্থ্যবিষয়ক পরিকল্পনার বিশেষজ্ঞ অনেক কম। এখানে পরিকল্পনা বা নীতিনির্ধারণের দায়িত্ব যাঁদের দেওয়া হয়, দেখা যায় তাঁদের সেই সম্পর্কে জ্ঞান বা দক্ষতা থাকে না। এ জন্য স্বাস্থ্যব্যবস্থার মান উন্নয়ন করতে দুটি ভাগ করতে হবে। একটি অংশে দক্ষ ব্যবস্থাপক দিয়ে প্রশাসনিক কার্যাবলি সম্পন্ন করতে হবে। একটি হাসপাতালের রোগী থেকে শুরু করে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়সহ সবার সুযোগ–সুবিধা দেখা এবং সেবা নিশ্চিত করার জন্য সেখানে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেটির দেখাশোনা করবেন তাঁরা।
আরেকটি অংশের কাজ হবে শুধু রোগীদের পৃথক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এভাবে দুটি দল যদি নিজেদের দায়িত্ব ঠিকমতো সম্পন্ন করতে পারে, স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব হবে। এর পাশাপাশি তাদের দূরদর্শিতা থাকতে হবে, যাতে ভবিষ্যতের স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা বা হুমকি সহজে মোকাবিলা করা যায়।’
স্বাস্থ্য খাতে অর্থনৈতিক ব্যবস্থাপনা ঠিক রাখাটা বেশ কঠিন কাজ। ডা. খালেদ হাসান বলেন, ‘শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্ব এটি নিয়ে ভোগান্তিতে আছে। এ জন্যও ভালো অর্থনৈতিক ব্যবস্থাপক আনতে হবে। একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বা পুরো স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ বাজেট কীভাবে কোথায় খরচ করতে হবে, সেটির পরিকল্পনা ও তদারকি করার দক্ষতা এই ব্যবস্থাপকের থাকতে হবে।’
এর পাশাপাশি আর যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হলো জবাবদিহি। পরিকল্পনামাফিক কাজ ঠিকমতো না হলে তার ব্যাপারে জবাবদিহি করার পরিবেশ থাকতে হবে। ব্যবস্থাপকদের যেমন সুযোগ-সুবিধা দেওয়া হবে, তেমনি কাজে ত্রুটি থাকলে সেই ব্যাপারে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে চিকিৎসক ও রোগীর সম্পর্ক খুব ভালো নয়। আগে যাঁরা চিকিৎসক হতে চাইতেন, তাঁদের উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা। গত ২০ বছরে এর অনেক পরিবর্তন হয়েছে। এর জন্য অবশ্য দায়ী তিনটি পক্ষ। চিকিৎসক, রোগী ও সিস্টেম। দেখা যায়, কোনো উপজেলা হাসপাতালে হার্ট অ্যাটাকের রোগী নিয়ে গেলেও তাঁর চিকিৎসা ভালো করে হয় না। কারণ, সেখানে সেই ব্যবস্থা নেই। এটি অনেক রোগী বুঝতে পারেন না। এ থেকে হয় ভুল–বোঝাবুঝি। রোগীর পরিবারের সদস্যদের হাতে চিকিৎসকের মারধরের শিকার হওয়ার ঘটনা কিন্তু অহরহ ঘটছে এ দেশে। ডা. খালেদ হাসান মনে করেন, এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সচেতনতা জরুরি
আর এ ধরনের হাসপাতালে উপজেলার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাকে সংশ্লিষ্ট করতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা চিকিৎসকের গায়ে হাত তুলবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ছাড়া চিকিৎসকদের রোগীর সঙ্গে যোগাযোগের দক্ষতা বাড়ানো জন্য সঠিক প্রশিক্ষণের প্রয়োজন বলে অভিমত দেন এই বিশেষজ্ঞ।
স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে প্রযুক্তিগত উদ্ভাবন অনেক বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থায় টেলিমেডিসিন আমাদের দেশে বেশ নাম করছে। এর ফলে যে রোগীদের হাসপাতালে আসার প্রয়োজন নেই, তাদের ওই ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হলে হাসপাতালে যে রোগী এসেছে, তার প্রতি বেশি খেয়াল রাখা সম্ভব হয় বলে জানান ডা. খালেদ হাসান।