স্বাস্থ্যের ৬ কর্মকর্তাকে বদলি
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের টিবি-লেপ্রোসি অ্যান্ড এএসপি প্রোগ্রামের পরিচালক (এমবিডিসি) ও লাইন ডিরেক্টর মো. শামিউল ইসলামকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক (ব্লাড ট্রান্সফিউশন) মো. মাজহারুল হককে ওএসডি স্বাস্থ্য অধিদপ্তরে ও লাইন ডিরেক্টর, হাসপাতাল ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শেখ মোহাম্মদ হাসান ইমামকে অধিদপ্তরের পরিচালক (এমবিডিসি) পদে পদায়ন করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে গোপালগঞ্জের ১০০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উপপরিচালক আলাউদ্দিন আল আজাদকে স্বাস্থ্য অধিদপ্তরের শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প ও দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্পের পরিচালক হিসেবে পদায়ন করা হয়।
এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট বিভাগের লাইন ডিরেক্টর মো. খুরশীদ আলমকে টিবি–লেপ্রোসি অ্যান্ড এএসপি বিভাগের লাইন ডিরেক্টর এবং স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই বিভাগের সহকারী পরিচালক এস এম হাসিবুল ইসলামকে বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের প্রকল্প পরিচালক হিসেবে পদায়নের কথা বলা হয়।