রক্ত পরীক্ষা করাতে গিয়ে ভয়ে ফ্যাকাশে হয়ে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলতে পারে আপনার শিশু। বেশির ভাগ ক্ষেত্রে এটা হলো স্নায়বিক কারণে হঠাৎ রক্ত চলাচল কমে যাওয়ার ফল।
রক্ত দেখলে, হঠাৎ ভয় পেলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে এমনটা হতে পারে। এ সময় তার চেহারা ফ্যাকাশে বা বিবর্ণ হয়ে পড়ে, চোখে ঝাপসা দেখে, ঘাম হতে থাকে এবং এক সময় হঠাৎ চেতনা হারিয়ে পড়ে যায়। অতি উত্তেজনা, অতি আতঙ্ক বা বেদনায়ও এমন সমস্যা হতে পারে।
শিশু হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে সেটা যেখানেই হোক—স্কুলে, রাস্তাঘাটে বা বাড়িতে প্রথমেই তাকে পা লম্বা করে মাটিতে পুরোপুরি শুইয়ে দিন। প্রয়োজনে পা দুটো একটু উঁচু করে দিন, যাতে রক্ত চলাচল মাথার দিকে প্রবাহিত হয়। মুখটা একটু পাশ করে দিন, যেন লালা ইত্যাদি ঝরে পড়তে পারে। লক্ষ্য করুন খিঁচুনি বা শ্বাসকষ্ট হচ্ছে কি না। জোর করে পানি খাওয়ানো যাবে না। সিনকোপ হলে মিনিট কয়েকের মাথায় জ্ঞান ফিরে আসবে। তখন শিশুকে বিশ্রামে রাখুন ও আশ্বস্ত করুন। তবে শিশুদের যেকোনো জ্ঞান হারানোর ঘটনার পেছনে কোনো গুরুতর কারণ লুকিয়ে আছে কি না, তা বের করার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
ডা. প্রণব কুমার চৌধুরী
বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ
প্রশ্নোত্তর
প্রশ্ন: মাতৃত্বকালীন দাগ কি লেজারের সাহায্যে দূর করা যায়?
উত্তর: পেটে মাতৃত্বকালীন দাগ লেজারের সাহায্যে দূর করা সম্ভব নয়। চিকিৎসকের পরামর্শে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এ দাগ কিছুটা কমানো সম্ভব, তবে পুরোপুরি দূর করা যায় না।
ডা. হরষিত কুমার পাল
সহযোগী অধ্যাপক, চর্মরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়