হাঁটুব্যথার সাতসতেরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বয়স বাড়লেই হাঁটুতে ব্যথাসহ নানা সমস্যা দেখা দিয়ে থাকে। তবে আজকাল কম বয়সী মানুষও এই সমস্যায় আক্রান্ত হচ্ছেন। বিশেষত শীতকালীন ঠান্ডা আবহাওয়ায় অন্যান্য ব্যথার পাশাপাশি হাঁটুর ব্যথা তীব্র আকার ধারণ করে।

হাঁটুব্যথার কারণ

  • কাজকর্ম বা খেলাধুলা করতে গিয়ে কিংবা অন্য যেকোনোভাবে আঘাত লেগে হাঁটুতে ব্যথা হতে পারে। এই ধরনের হাঁটুব্যথার কোনো বয়সভেদ নেই। বাতের ব্যথার ক্ষেত্রেও একই রকম ব্যাপার। যেকোনো বয়সী ব্যক্তিই বাতজনিত হাঁটুব্যথায় আক্রান্ত হতে পারেন। বিশেষত যাঁরা হাঁটু ভাঁজ করে বসে কাজ করে থাকেন। তবে চল্লিশোর্ধ্ব বয়সী যাঁরা হাঁটুব্যথায় আক্রান্ত হন, অধিকাংশ ক্ষেত্রে তাঁদের ব্যথা হয়ে থাকে ক্ষয়জনিত।

  • অনেক সময় অন্য কোনো শারীরিক সমস্যার কারণে কোমরে বা পায়ের গোড়ালির নিচে ব্যথা হয়ে থাকে। সেই ব্যথাও হাঁটুতে অনুভূত হতে পারে।

বয়স বাড়ার সঙ্গে নানা কারণেই হাঁটুব্যথা হতে পারে
ছবি: সংগৃহীত
  • অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত শারীরিক ব্যায়াম হাঁটুব্যথার বড় কারণ। শরীরচর্চার সময় অতিরিক্ত চাপের কারণে ছোট মাংসপেশি বা লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে।

  • মাংসপেশির দুর্বলতার কারণে হাঁটুব্যথা হতে পারে। দুর্বল মাংসপেশি হাঁটুর সন্ধিকে তার স্বাভাবিক স্থানে ধরে রাখতে পারে না। ফলে ঘর্ষণ ও ক্ষয়—দুই-ই হয় বেশি।

  • মেদবহুল অতি ওজনদার শরীর হাঁটুর ব্যথার জন্য দায়ী। অতিরিক্ত ওজন হাঁটুতে চাপ সৃষ্টি করে।

যেসব রোগের কারণে হতে পারে হাঁটুর ব্যথা

  • অস্টিওআর্থ্রাইটিস বা বাত।

  • অস্টিওপেরোসিস বা হাড়ের ক্ষয়।

  • রিউম্যাটিক বাত।

  • সেপটিক আর্থ্রাইটিস।

  • অস্থিসন্ধিতে প্রদাহ।

উপসর্গ

  • হাঁটুতে ব্যথা।

  • হাঁটু ফুলে যাওয়া।

  • হাঁটুতে গরম অনুভূত হওয়া।

  • হাঁটু ভাঁজ করতে না পারা বা জয়েন্ট জমে আছে, এমন বোধ হওয়া।

  • হাঁটুর আকৃতি পরিবর্তন হওয়া। বেঁকে যাওয়া ও খুঁড়িয়ে হাঁটা।

  • কখনো কখনো হাঁটুর নড়াচড়ায় শব্দ অনুভূত হওয়া।

রোজ নিয়ম করে হাঁটলে হাঁটুব্যথা প্রতিরোধ করা যায়
ছবি: সুমন ইউসুফ

শীতে হাঁটুর ব্যথা

যেকোনো ব্যথাই শীতকালে বেড়ে যায়। এ সময় ব্যথা উপশমে আক্রান্ত স্থানে দিনে অন্তত দুবার গরম সেঁক দিলে কিছুটা আরাম পাওয়া যায়। হাড় ও জয়েন্টকে রক্ষা করতে যথেষ্ট গরম কাপড় পরতে হবে। বাইরে যাওয়া সম্ভব না হলে ঘরেই ব্যায়াম করতে হবে। যাঁদের আগে থেকেই ব্যথা আছে, শীতকালে তাঁদের কঠোর ব্যায়াম না করাই ভালো।

শীতে সতেজ শাকসবজি ও ফলমূল খেলে ব্যথার তীব্রতা কমে। এ সময় সকালে খালি পেটে রসুন খেলে রক্তের চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে জোড়ায় রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে বলে ব্যথা অনেকাংশে কম অনুভূত হয়। পর্যাপ্ত ক্যালসিয়াম, ভিটামিন ডি, এ এবং সি সেবন করলে ভালো উপকার পাবেন।

হাঁটুব্যথা প্রতিরোধে করণীয়

  • শীত হোক বা গ্রীষ্ম, রোজ নিয়ম করে হাঁটুন।

  • খাদ্যতালিকায় পর্যাপ্ত ভিটামিন, মিনারেল ও আঁশযুক্ত খাবার রাখুন।

  • হাঁটুর ব্যথার জন্য ফিজিওথেরাপি খুবই উপকারী।

  • খেলাধুলার আগে ওয়ার্মআপ করে নিতে হবে। খেলোয়াড়দের হাঁটুর আশপাশের মাংসপেশিকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

  • অতিরিক্ত ওজন ব্যথার কারণ। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন।

  • পরিস্থিতি বুঝে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে পরামর্শমতো ব্যথা ও আর্থ্রাইটিসের ওষুধ সেবন করুন।

লেখক: হাড় ও জয়েন্ট বিশেষজ্ঞ এবং স্পাইন সার্জন, সিনিয়র কনসালট্যান্ট, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা