হাড়েরও বয়স বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

হাঁটতে পারেন না। হাঁটু ভাঁজ করতেও বাধে। ভারী কাজ তো দূরের কথা। বয়স হলে বেশির ভাগ মানুষের এই অভিযোগ। বলেন, ‘আমার হাড় ক্ষয়ে গেছে। কিংবা হাড্ডি সামনে সরে গেছে।’ কিন্তু তাই বলে হাঁটাহাঁটি ও কাজকর্ম বন্ধ করে দিলে তো চলবে না।
বয়স বাড়লে চুল যেমন পাকে, হাড়েরও তেমনি বয়স হয়। হাড়ের জোড়া বা অস্থিসন্ধির বয়সও বাড়ে। ইংরেজিতে একে বলে ডিজেনারেশন। এর মানে অস্থিসন্ধির একেবারে ক্ষয়ে যাওয়া নয়। মেয়েদের ২৭ বছর, ছেলেদের ৩২ বছর বয়স থেকে এই পরিবর্তন শুরু হয়। কোথাও হাড্ডির আকার পরিবর্তন হয়, কখনো কোনাটা বাড়ে-কমে। মাংসপেশি বা লিগামেন্টে চাপ দিলে বা খোঁচা দিলে ব্যথা লাগে। মেরুদণ্ডে এ রকম হলে আমরা বলি ঘাড়ে (সার্ভাইকাল) বা মাজায় (লাম্বার) স্পনডাইলোসিস হয়েছে। হাঁটু, কোমর বা গোড়ালিতে হলে বলি অস্টিওআর্থ্রাইটিস। কিন্তু এমন সমস্যা হলেও যত দূর সম্ভব সচল থাকতে হবে। এতে হাড় যেমন ভালো থাকবে, মাংসপেশি দুর্বল হবে না, রক্ত চলাচলও বাড়বে। দৈনন্দিন কাজকর্ম একটু মানিয়ে নিয়ে চালিয়ে যেতে হবে।
হাঁটু ব্যথা থাকলে হাঁটু ভাঁজ করে কিছু করবেন না। হাই-কমোড ব্যবহার করবেন। সিঁড়ি ভাঙা এড়িয়ে চলুন, কিন্তু সমতলভূমিতে হাঁটাচলা চালু রাখতে হবে। শরীরের ওজন কমান। হাঁটু, ঘাড় বা কোমরের ব্যথা কমাতে নির্দেশিত নিয়মে ব্যায়াম করবেন। লো ইমপ্যাক্ট এক্সারসাইজ, যেমন: হাঁটা, সাঁতার, যোগব্যায়াম উপকারী। সারা দিন একই ভঙ্গিতে বসে থাকবেন না। যেমন: টিভি বা কম্পিউটারের সামনে, কি পড়ার টেবিলে। বারবার ভঙ্গি পরিবর্তন করুন। শরীরটাকে সচল রাখুন।

অধ্যাপক খাজা নাজিমুদ্দিন
মেডিসিন বিশেষজ্ঞ