হিমোফিলিয়ার ওষুধ আসলে সাবধানতা

প্রতিবছর ১৭ এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় হিমোফিলিয়া দিবস। রোগটি সম্পর্কে জেনে নেওয়া যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমোফিলিয়া একটি রক্তক্ষরণজনিত রোগ। এটি জিনগত রোগ, যা বংশানুক্রমে বাহিত হয়। ওয়ার্ল্ড ফেডারেশন অব হিমোফিলিয়ার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি লাখে ২০ জন মানুষ হিমোফিলিয়া রোগে আক্রান্ত।

হিমোফিলিয়া কী

মানবদেহে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধার জন্য কিছু বিশেষ ব্যবস্থা আছে। রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় অণুচক্রিকার সঙ্গে কাজ করে বেশ কয়েকটি ফ্যাক্টর বা উৎপাদক। এদের মধ্যে বিশেষ দুটি উপাদান কম মাত্রায় উৎপাদিত হলে রক্ত জমাট বাঁধতে সমস্যা হয়। এ রকম পরিস্থিতিতে সামান্য আঘাতে, এমনকি বিনা কারণেও রক্তক্ষরণ শুরু হতে পারে। একেই বলে হিমোফিলিয়া।

মূলত মেয়েরা এই রোগের বাহক। পুরুষেরা আক্রান্ত হয়। তবে খুব অল্প কিছু ক্ষেত্রে মেয়েরাও আক্রান্ত হতে পারে।

হিমোফিলিয়া প্রধানত দুই ধরনের—হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি। ৮৫ শতাংশ হিমোফিলিয়া রোগী হিমোফিলিয়া এ-তে আক্রান্ত। হিমোফিলিয়া বি-এর আরেক নাম ক্রিসমাস ডিজিজ। এ ছাড়া হিমোফিলিয়া সি বলেও আরেক ধরনের হিমোফিলিয়া আছে, যা সংখ্যায় অত্যন্ত নগণ্য।

লক্ষণ

অস্বাভাবিক রক্তক্ষরণই হিমোফিলিয়ার প্রধান লক্ষণ। অনেক শিশুর ক্ষেত্রেই দেখা যায় দাঁত পড়ার সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। খতনা করার পর অনেক সময় দেখা যায় রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। অনেকের দেখা যায় হামাগুড়ি দেওয়ার কারণে হাঁটু ফুলে যায় অথবা সামান্য আঘাতে অস্থিসন্ধি ফুলে যায়। অস্ত্রোপচারের পর বা দুর্ঘটনাজনিত আঘাতের পর রক্তক্ষরণ বন্ধ হয় না। এভাবেই রোগটি ধরা পড়ে।

দীর্ঘদিন ধরে অস্থিসন্ধিতে রক্তক্ষরণের কারণে অস্থিসন্ধির কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। এ ছাড়া শরীরের অন্যান্য অংশেও রক্তক্ষরণ হতে পারে। এমনকি মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে, যেটা খুবই মারাত্মক। এতে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা না নিলে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই সময় থাকতেই রোগটি সম্পর্কে নিশ্চিত হতে পারলে এবং সে অনুযায়ী সতর্ক থাকলে মৃত্যুঝুঁকি কমানো যায়।

রোগ নির্ণয়

রোগ নির্ণয়ের জন্য রক্তের উপাদান ও রক্তের জমাট বাঁধার ক্ষমতা পরীক্ষা করা হয়।

চিকিৎসা

হিমোফিলিয়ার স্থায়ী কোনো চিকিৎসা নেই। শিরাপথে ইনজেকশনের মাধ্যমে ফ্যাক্টর শরীরে প্রবেশ করানোই মূল চিকিৎসা। এ ছাড়া এই রোগের চিকিৎসায় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, ট্রানেকজ্যামিক অ্যাসিডও ব্যবহৃত হয়। রক্তক্ষরণের কারণে অস্থিসন্ধিতে সমস্যা দেখা দিলে ফিজিওথেরাপি নিতে হয়। নিয়মিত চিকিৎসা নিলে এবং সাবধানতার সঙ্গে জীবনযাপন করলে দীর্ঘদিন পর্যন্ত প্রায় স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব।

সতর্কতা

হিমোফিলিয়া রোগীদের বিশেষ কিছু সাবধানতা মেনে চলতে হয়। শরীরে আঘাত লাগতে পারে, এ রকম কোনো ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ না করা, মাংসে ইনজেকশন না নেওয়া, যেকোনো ধরনের অস্ত্রোপচারের আগে ও পরে রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া, ব্যথানাশক ওষুধ বা রক্ত তরল করে এ রকম ওষুধ (যেমন অ্যাসপিরিন) না খাওয়া ইত্যাদি।

সচেতন হলে এই রোগে মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমে যায়। তাই হিমোফিলিয়া সম্পর্কে সবার সচেতন থাকা একান্ত জরুরি।