
আগামীকাল ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস। এবারের প্রতিপাদ্য ‘আপনার জীবনের শক্তি’। বাংলাদেশ ২০০০ সাল থেকে দিবসটি জাতীয়ভাবে পালন করছে। বিশ্বের এক নম্বর হন্তারক রোগ হিসেবে শনাক্ত করা হয়েছে হৃদ্রোগকে। প্রতিবছর প্রায় পৌনে দুই কোটি মানুষ মারা যাচ্ছে এই রোগে। পরিসংখ্যানে দেখা গেছে, শিশু এবং নারীরাই বেশি ঝুঁকির ভেতরে অবস্থান করছে।
ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, স্বাস্থ্যকর খাবার এবং ধূমপানমুক্ত পরিবেশ ছাড়া একজন ব্যক্তির পক্ষে হৃদ্রোগের ব্যাপারে ঝুঁকিমুক্ত থাকা কঠিন। তাই সবাই মিলে সুস্থ হার্টবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
সুস্থ, স্বাভাবিক জীবনের জন্য দরকার একটি সুস্থ হৃদ্যন্ত্র। কোনো রকম পূর্বাভাস ছাড়া হৃদ্রোগ যেকোনো সময় কেড়ে নেয় জীবন। হার্ট অ্যাটাক হওয়ার পর প্রায় ৪০ শতাংশ রোগী হাসপাতালে চিকিৎসা নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন। তাই আক্রান্ত হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
হৃদ্রোগ কেন হয়, কাদের হয়?
* পরিবারে কারও হৃদ্রোগ থাকলে
* অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
* অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ
* অতিরিক্ত ধূমপান, মদ্যপান
* অতিরিক্ত ওজন বা স্থূলতা এবং অলস জীবনযাত্রা
* অতিরিক্ত লবণ গ্রহণ, উৎকণ্ঠা
* অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস।
এই বিষয়গুলো একজন মানুষের হৃদ্রোগের ঝুঁকি বা আশঙ্কা বাড়িয়ে দেয়। একবার ভেবে দেখুন, এর কোনোটি বা একাধিক আপনার জন্যও প্রযোজ্য কি না।
কী নিয়ম মেনে চলবেন?
* যদি আপনি ঝুঁকিপূর্ণ তালিকায় পড়েও যান, তবু হতাশ হওয়ার বা ভেঙে পড়ার কিছু নেই। আপনি একটু সচেতন হলেই হৃদ্রোগ ঠেকাতে পারবেন। তার জন্য আপনার চাই একটি সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত জীবন।
* ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। রক্তে উচ্চ শর্করা রক্তনালিগুলোতে নেতিবাচক পরিবর্তন আনে, যা হৃদ্রোগকে ত্বরান্বিত করে।
* উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন, জীবনযাত্রায় পরিবর্তন আনুন, নিয়মিত ওষুধ খান।
* ধূমপান, তামাক পাতা, জর্দা, গুল ইত্যাদি চিরতরে পরিহার করুন। তামাকের নানা রকম বিষাক্ত পদার্থের প্রতিক্রিয়ায় ধমনি, শিরার নানা রকম সমস্যা হয়।
* অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করুন। ওজন বেড়ে গেলে হৃদ্যন্ত্রকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়।
* হৃদ্যন্ত্রকে সুস্থ রাখার জন্য ব্যায়ামের বিকল্প নেই। প্রতিদিন হাঁটুন, কায়িক শ্রমের অভ্যাস গড়ে তুলুন।
* খাবারে অতিরিক্ত লবণ পরিহার করতে হবে।
* কম চর্বি ও কম কোলেস্টেরলযুক্ত খাবার গ্রহণ করতে হবে। এর পরিবর্তে শাকসবজি, ফলমূল ও আঁশযুক্ত খাবার বেছে নিন।
* অতিরিক্ত রাগ, উত্তেজনা, ভীতি এবং মানসিক চাপ এড়িয়ে চলুন।
ডা. মুহাম্মদ সালাহউদ্দিন : সহকারী অধ্যাপক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা