সুস্থ হৃৎপিণ্ড সুস্থ জীবনের জন্য অপরিহার্য। গত কয়েক দশকে আমাদের চারপাশের সামগ্রিক রূপান্তর আমাদের জীবনধারায় উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে। আর এই রূপান্তরের সঙ্গে মানিয়ে নিচ্ছে মানুষের শরীর। এটাই আমাদের শরীরের আশ্চর্যজনক বিষয়। এ ক্ষেত্রে এটাও আমাদের বিবেচনায় আনতে হবে যে স্বাস্থ্যগত বিষয়ে অনিয়ম, সেটা প্রযোজ্য হতে পারে হৃদযন্ত্রের বেলায়, আমাদের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় ১৭.৯ মিলিয়ন মানুষ মারা যায়, যা বর্তমানে বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। হৃদরোগে মৃত্যুর সংখ্যা মোট মৃত্যুসংখ্যার ৩১ শতাংশ। ফলে আমাদের সচেতন হওয়ার এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের এখনই উপযুক্ত সময়।
আমাদের হৃৎপ্রকোষ্ঠ কিংবা পাম্পিং চেম্বার দুর্বল কিংবা অনমনীয় হয়ে গেলে হৃৎস্পন্দন সমভাবে কাজ করতে পারে না। অনিয়মিত হৃৎস্পন্দনের সময় শরীরকে সচল রাখতে প্রয়োজনীয় রক্ত চলাচলে স্বাভাবিকতা বজায় থাকে না। এ সময় হৃৎপিণ্ড প্রাথমিকভাবে নিজেকে প্রসারিত করার চেষ্টা করে, যাতে করে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। পেশিকে আরও শক্তিশালীভাবে প্রসারণের লক্ষ্যে হৃৎপিণ্ড গড় কম্পনের হার দ্রুত সচল রাখার চেষ্টা করে। প্রাথমিকভাবে হৃৎপিণ্ড এভাবেই প্রতিক্রিয়া জানায়।
একটি সমস্যাপূর্ণ হৃৎপিণ্ডে খুব দ্রুতই নেতিবাচক লক্ষণ দেখা যায়। যেমন অল্প কাজেই শ্বাস নিতে সমস্যা হওয়া, অবসন্ন লাগা, পা ও গোড়ালি ফুলে যাওয়া, ধারাবাহিকভাবে রক্তসহ কফ বের হওয়া, পেট ফুলে যাওয়া, ক্ষুধা মান্দ্য এবং রাতের বেলায় প্রস্রাবের বেগ পাওয়া। হৃৎপিণ্ড কম কাজ করার প্রাথমিক লক্ষণ এগুলো। হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, মায়োকার্ডাইটিস কিংবা ভালভ দুর্বল, কার্ডিওমায়োপ্যাথি কিংবা হার্টের পেশি নষ্ট হওয়া এবং বিভিন্ন ধরনের কার্ডিওভাসকুলার জটিলতা হার্টের সমস্যার প্রাথমিক ভিত্তি।
এ ছাড়া, দীর্ঘমেয়াদি ডায়াবেটিস সমস্যা, নিদ্রাহীনতা, স্থূলতা এবং ধূমপান ও অ্যালকোহল গ্রহণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া হওয়ার অন্যতম কারণ। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হলে হৃৎপিণ্ডের ডান এবং বাঁ পাশ কিংবা উভয় পাশই ক্ষতিগ্রস্ত হয়। প্রতিটিরই ক্ষতিকর দিক রয়েছে এবং একইভাবে এগুলো মারাত্মক। সমস্যাজর্জরিত হৃৎপিণ্ড মানুষের লিভার বা কিডনিকে নষ্ট করে দিতে পারে। ফলে, ডায়ালিসিস করানোর প্রয়োজনীয়তা দেখা দিতে পারে।
সুস্থ জীবনধারাই মানুষকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া থেকে রক্ষা করতে পারে। প্রতিনিয়ত শারীরচর্চা, স্বাস্থ্যকর ডায়েট, ধূমপান কিংবা অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকা এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকাই আমাদের হৃৎপিণ্ড সুস্থ রাখার আদর্শ পন্থা। যাঁরা ইতিমধ্যে হৃৎপিণ্ডের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য এ সমস্যার সমাধানে কার্ডিয়াক সিনক্রোনাইজেশন থেরাপি (সিআরটি) বেশ কার্যকর উপায়।
আমাদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে ইলেকট্রিক্যাল সংকেত পাঠানোর জন্য সিআরটি পদ্ধতির আওতায় বাইভেন্ট্রিকুলার পেসমেকার ব্যবহার করা হয়। ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষভাবে সংকেতগুলো পরিচালনা করে। কার্ডিওভার্টার ডিফাইব্রিলেটরস ইলেকট্রিকাল শকের মাধ্যমে অস্বাভাবিক হৃৎস্পন্দনকে স্বাভাবিকতায় নিয়ে আসে।
সিআরটি হার্টের সমস্যা রয়েছে এমন সবার জন্য প্রযোজ্য নয়। যাঁদের মৃদু উপসর্গ কিংবা ডায়াস্টোলিক হার্টের সমস্যা রয়েছে, তাঁদের জন্য এ চিকিৎসাপদ্ধতি প্রযোজ্য নয়। সর্বোপরি, প্রতিটি প্রযুক্তিভিত্তিক চিকিৎসা সরঞ্জাম ব্যবহারে সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই আমাদের জীবনের শুরুর দিনগুলো থেকেই জটিল চিকিৎসাপদ্ধতি এড়াতে ইতিবাচক মনোভঙ্গি নিয়ে জীবন পরিচালনা করা উচিত।
লেখক: ইলেকট্রোফিজিওলজি অ্যান্ড হার্ট ফেইলিওর স্পেশালিস্ট, এভারকেয়ার হসপিটাল ঢাকা