হেড–নেক ক্যানসার প্রতিরোধের উপায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসকেএফের পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠানের এবারের আলোচনার বিষয় ছিল ‘হেড–নেক ক্যানসার ও আমাদের সচেতনতা’। ইপ্সিতা বড়ুয়ার সঞ্চালনায় অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী ও জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নাক-কান-গলা ক্যানসার বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আবুল করিম।

ইপ্সিতা বড়ুয়ার সঞ্চালনায় অতিথি ছিলেন অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী (ডানে) ও সহকারী অধ্যাপক ডা. মো. আবুল করিম (বাঁয়ে)

হেড–নেক ক্যানসার কী?

সময়ের সঙ্গে নানা ধরনের ক্যানসারের প্রকোপ বেড়েই চলেছে। এগুলোর অন্যতম হেড–নেক ক্যানসার। হেড–নেক ক্যানসার বলতে কেবল একধরনের ক্যানসারকে বোঝায় না। বরং শরীরের নানা ধরনের অঙ্গপ্রত্যঙ্গ, বিশেষ করে গলার ওপরে ও মাথার পাশে কতগুলো অঙ্গ আছে, যেমন মুখের ক্যানসার, গলার ক্যানসার, ফেরিঞ্জাল ক্যানসার (Pharyngeal cancer), গলার স্বরের ক্যানসার(Laryngeal cancer বা Cancer of Voice Box), নাকের ক্যানসার বা সাইনাসের ক্যানসার, থাইরয়েডের ক্যানসার—এগুলোর একটা সামষ্টিক নাম হলো হেড–নেক ক্যানসার। এসব ক্যানসারের উপসর্গগুলো একই রকম হয়। এটা পুরো শরীরের ক্যানসারের একটা বড় অংশ। বাংলাদেশে যাদের ক্যানসার হয়, তাদের ভেতর শতকরা ২৫–৩০ জন এই ক্যানসারে আক্রান্ত হন।

কেন হয় হেড–নেক ক্যানসার?

যখন শরীরের স্বাভাবিক কোষগুলো অস্বাভাবিক কোষে পরিণত হয় এবং শরীর তার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে টিউমারে পরিণত হয়, তখন আমরা সেটাকে ক্যানসার বলি। শরীরের অনেকগুলো ক্যানসারের সমষ্টিগত নাম হেড–নেক ক্যানসার। এর জন্য তামাক, পান–জর্দা, অ্যালকোহল এবং কিছু ভাইরাস এই ক্যানসারের জন্য দায়ী। কলকারখানার বিষাক্ত কেমিক্যাল, অতিরিক্ত লবণাক্ত খাবার, খুব বেশি পরিমাণ আয়োডিন বা কম পরিমাণ আয়োডিন, বংশগত কারণ বা জীবনের কোনো সময় সে যদি অন্য কোনো ক্যানসারের কারণে রেডিওথেরাপি নিয়ে থাকে—এসব কারণে হেড–নেক ক্যানসার হতে পারে।

কেন হেড–নেক ক্যানসারকে বিশেষ মনোযোগ দেওয়া হয়?

আগে আমাদের দেশে ফুসফুসের ক্যানসারকে বেশি গুরুত্ব দেওয়া হতো। সাধারণত পুরুষেরা এই ক্যানসারে আক্রান্ত হতো। হেড–নেক ক্যানসার আরও বেশি গুরুতর। হেড–নেক ক্যানসারের প্রধানতম কারণ তামাক। যদি আমরা তামাক খাওয়া কমিয়ে দিই, তাহলেই এই ক্যানসার কমানো সম্ভব। হেড–নেক ক্যানসার নিয়ে আগে খুব একটা আলোচনা হতো না। আমরা এই আলাপ শুরু করেছি। বাংলাদেশে হেড–নেক ক্যানসারের রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এ দেশে এই রোগের চিকিৎসাও আছে। রোগীর সংখ্যা এত বাড়ছে যে এদিকে বিশেষ মনোযোগ দেওয়া ছাড়া উপায় নেই। অথচ এই ক্যানসার প্রায় সম্পূর্ণ প্রতিরোধযোগ্য।

হেড–নেক ক্যানসারের লক্ষণগুলো কী?

আমাদের দেশে ক্যানসার ‘অ্যাডভান্সড স্টেজে’ চলে যাওয়ার আগে খুব কমই ক্যানসার ধরা পড়ে। ফলে অনেক অর্থ খরচের পরও বেশির ভাগ সময় তা নিরাময় করা সম্ভব হয় না। অনেক দিন ধরে মুখের কোথাও তিন সপ্তাহ ধরে ঘা থাকলে, ওষুধ খাওয়ার পরও না সারলে বা দুই থেকে তিন সপ্তাহ ধরে যদি গলার স্বর বসা থাকে, নাক দিয়ে রক্ত আসে বা নাক বন্ধ, হেড–নেকের এলাকায় চামড়ার ওপরে টিউমার জাতীয় কোনো গুটি থাকে, গলায় দীর্ঘদিন ধরে কাঁটার মতো অনুভূতি থাকলে, সেগুলোকে গুরুত্ব দিয়ে হেড–নেক ক্যানসার পরীক্ষা করাতে হবে।

হেড–নেক ক্যানসারের চিকিৎসা

ডায়াগনোসিসের মাধ্যমে হেড–নেক ক্যানসার নির্ণয় কার যাবে। আমাদের দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে পরীক্ষা করা যাবে। কোথাও ফোলা বা ঘা থাকলে সেখানকার রস বা টিস্যু নিয়ে পরীক্ষা করে দেখা যাবে। সিটি স্ক্যান বা এমআরআই অথবা এন্ডোসকপির মাধ্যমেও এই ক্যানসার নির্ণয় করা যাবে। ক্যানসার যদি থাকে, এর পরের কাজ হলো স্টেজিং করা। ক্যানসার কোন স্টেজে আছে, তা পরীক্ষার একটা আন্তর্জাতিক স্কেল আছে। এরপর সঠিক জায়গায় উপযোগী চিকিৎসকের কাছে রেফার করতে হবে। হেড–নেক ক্যানসারের চিকিৎসা মূলত তিন ধরনের। প্রথমত, সার্জারি করা হবে। দ্বিতীয়ত, রেডিওথেরাপি দেওয়া হবে। দুটোই দেওয়া যেতে পারে। কখনো কখনো কেমোথেরাপি দেওয়া হয়। তবে কেমোথেরাপি হেড–নেকের মূল চিকিৎসা নয়। সব ক্যানসারের মতো হেড–নেক ক্যানসারও আর্লি স্টেজে ডায়াগনোসিস করলে সেরে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সেরে ওঠার সম্ভাবনা অনেক বেশি।

হেড–নেক ক্যানসার প্রতিরোধের উপায়

১. তামাক, তামাক, তামাক! তামাকমুক্ত জীবনযাপন করতে হবে। অ্যালকোহল বর্জন করতে হবে। পান, জর্দা বর্জন করতে হবে।
২. যেসব শিল্পকলকারখানায় বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয়, সেগুলো এড়াতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে।
৩. যেসব ভাইরাস এই হেড–নেক ক্যানসারের জন্য দায়ী, সেগুলোর জন্য উন্নত বিশ্বে টিকা দেওয়া হয়। সেই টিকা নেওয়া যেতে পারে।
৪. সুষম খাবার খেতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপনের কোনো বিকল্প নেই।
৫. যাদের বংশগত ইতিহাস আছে, তাদের নিয়মিত পরীক্ষা করাতে হবে। মুখের মধ্যে হাত দিয়ে পরীক্ষা করা যেতে পারে যে অস্বাভাবিক কোনো কিছু চোখে পড়ছে কি না।
৬. জনসচেতনতা তৈরি করতে হবে। হেড–নেকের চিকিৎসার ক্ষেত্র বাড়াতে হবে।