পর্ব– ৩
হ্যালো ডক্টর
খুব জটিল অবস্থা না হলে কিডনি রোগের লক্ষণগুলো সহজে প্রকাশ পায় না।
হাতে–পায়ে পানি জমে, চোখ–মুখ ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং রং পরিবর্তিত হয়, বমি বমি হওয়া, খাবারে অরুচি, শরীরে চুলকানি, ঘুমে ব্যাঘাত, ওজন কমে যাওয়া। এ ধরনের সমস্যা দেখা দিলেই বুঝতে হবে কিডনির সমস্যা হয়েছে।
যাঁদের ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সময় পাঁচ বছর হয়েছে, তাঁদের উচিত প্রতিবছর অন্তত একবার কিডনি পরীক্ষা করানো।
আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। পৃথিবীতে যে কয়েকটি প্রাণঘাতী রোগে মানুষ মারা যায়, তার অন্যতম একটি কিডনি রোগ। খুব জটিল অবস্থা না হলে এ রোগের লক্ষণগুলো সহজে প্রকাশ পায় না। কিডনি রোগীদের বিশেষ যত্ন নিতে হয়। এ নিয়ে বিস্তারিত আলোচনা হলো স্বাস্থ্যবিষয়ক বিশেষ অনুষ্ঠান ‘ডিজিটাল হসপিটাল লাইভ: হ্যালো ডক্টর’–এর তৃতীয় পর্বে।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনসের সিনিয়র ক্লিনিক্যাল কনসালট্যান্ট সৈয়দ আজহার হোসেন। সঞ্চালনায় ছিলেন ডা. শ্রাবণ্য তৌহিদা। অনুষ্ঠানটি প্রথম আলো ও ডিজিটাল হসপিটালের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ২৪ ডিসেম্বর সরাসরি সম্প্রচার করা হয়।
কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দেয়। এটি ঠিকমতো কাজ না করলে নানা রকমের সমস্যা হয়ে থাকে। যেমন, হাতে–পায়ে পানি জমে, চোখ–মুখ ফুলে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং রং পরিবর্তিত হয়, বমি বমি হওয়া, খাবারে অরুচি, শরীরে চুলকানি, ঘুমে ব্যাঘাত, ওজন কমে যাওয়া। এ ধরনের সমস্যা দেখা দিলেই বুঝতে হবে কিডনির সমস্যা হয়েছে।
ডায়াবেটিস রোগের সঙ্গে কিডনি রোগের একটি সম্পর্ক রয়েছে। ডায়াবেটিস মাল্টি অর্গান ডিজিজ অর্থাৎ বিভিন্ন অঙ্গে এটি ক্ষতিসাধন করতে পারে। আমাদের দেশে দেখা যায় বেশির ভাগ ডায়াবেটিস রোগীর কিডনির সমস্যা হয়। ডা. সৈয়দ আজহার হোসেন বলেন, ডায়াবেটিস রোগীর কিডনির সমস্যা হলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। আস্তে আস্তে এটি নিয়ন্ত্রণে আসে তবে প্রস্রাবের সঙ্গে ফেনা হতে থাকবে। প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হয়ে যায় দেখে এমন হয়। এ রোগীরা শরীরের দুর্বলতা ও রক্তশূন্যতা নিয়ে চিকিৎসকের কাছে আসেন। এরপর থেকে অন্যান্য সমস্যা শুরু হতে থাকে। তিনি আরও বলেন, ফেনা ভাব দেখার পরও অনেকে পরীক্ষা করেন না। কিন্তু যাঁদের ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সময় পাঁচ বছর হয়েছে, তাঁদের উচিত প্রতিবছর অন্তত একবার কিডনি পরীক্ষা করানো।
ডায়াবেটিস রোগীদের কিডনি সমস্যা হয়েছে কি না, তা জানতে দুই ধরনের টেস্ট করানো হয়। একটি টোটাল প্রোটিন টেস্ট অন্যটি মাইক্রো অ্যালবুমিন। এ দুটি টেস্টের মাধ্যমে দেখা যায় প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হয়ে যাচ্ছে কি না। কিডনি রোগ ধরতে প্রোটিন টেস্ট ছাড়াও ক্রিয়েটিনিন এবং রক্তের ইউরিয়া টেস্ট করা হয়। এরপর সমস্যা ধরা পরলে অন্যান্য পরীক্ষা–নিরীক্ষা করা হয়। এমনকি কিডনির বায়োপসি পর্যন্ত করতে হতে পারে।
যাঁদের ডায়াবেটিস নেই, তাঁদের কিডনি রোগ হয়েছে কি না, এটি বোঝা একটু কঠিন। এর ভেতর কারও যদি আগে থেকে কোনো জটিল রোগ থাকে বা অল্প বয়সে প্রেশার দেখা দেয়, দীর্ঘদিন ধরে যদি ব্যথানাশক বা স্টেরয়েড–জাতীয় ওষুধ সেবন করা হয়, কেউ যদি ডায়িং বা অন্য কোনো কেমিক্যাল ফ্যাক্টরিতে কর্মরত কারও যদি প্রস্রাবের সমস্যা, দুর্বলতা, বমি ভাব, অরুচি, ওজন হ্রাস, কোমরের নরম অংশে ব্যথা হয়, তাহলে অবশ্যই কিডনি পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন ডা. সৈয়দ আজহার হোসেন।
বাংলাদেশে গ্রামে বা মফস্বল শহরে কিডনি ও প্রোটিন পরীক্ষা করার তেমন কোনো ভালো ব্যবস্থা নেই। তার ওপর পরীক্ষাটি ব্যয়বহুল। সবার সামর্থ্য হয় না এটির ব্যয় বহন করার। এ জন্য বিশেষজ্ঞের মতো, সরকারি হাসপাতালগুলোতে কম খরচে কিডনি পরীক্ষা করানো।
ডা. সৈয়দ আজহার হোসেনের আলোচনা থেকে জানা যায়, কিডনি রোগ দুই ধরনের। অ্যাকিউট কিডনি ইনজুরি এবং ক্রনিক কিডনি ডিজিজ। অ্যাকিউট কিডনি ইনজুরি হয় শরীরে রক্তশূন্যতা বা পানিশূন্যতা হলে। এ রোগের চিকিৎসার জন্য শরীরে পানি ও রক্ত সরবরাহের ব্যবস্থা করতে হবে। অ্যাকিউট কিডনি ইনজুরি, কিডনির নিজস্ব সমস্যার জন্যও হতে পারে। এ ক্ষেত্রে এটি যদি তিন মাসের বেশি স্থায়ী হয় তাহলে ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হবে। এই কিডনি ইনজুরির চিকিৎসায় ডায়েট এবং জীবনযাত্রা পরিবর্তন করা হয়। এর একদম শেষ চিকিৎসা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। ওই স্টেজে যাওয়ার আগপর্যন্ত জীবনযাত্রা ও ডায়েটের নিয়ন্ত্রণ করে কিডনির অবস্থান ঠিক রাখতে হবে। তবে এই ডায়েট সব রোগীর জন্য এক নয়। একেক জনের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে এটি নির্ধারণ করা হয়।
কিডনি রোগীদের পানি পানের ক্ষেত্রে একটা নিয়ম মেনে চলার পরামর্শ দেন চিকিৎসকেরা। কারও যদি শরীরে পানির পরিমাণ বেড়ে গিয়ে শরীর ফুলে যায় তাহলে অবশ্যই প্রস্রাব মেপে পানি পানের মাত্রা কমাতে হবে। আর যদি শরীরের পানি জমার সমস্যা না হয়, তাহলে যে পরিমাণ পানি শরীর থেকে বের হয় তার থেকে ১০০ বা ২০০ মিলি পানি বেশি পান করা যেতে পারে।
ডা. সৈয়দ আজহার হোসেন আরও বলেন, ‘কিডনি রোগীদের জন্য লবণ হচ্ছে “হোয়াইট পয়জন”। এ জন্য যেকোনো ধরনের লবণ তাঁদের অবশ্যই এড়িয়ে যেতে হবে। রান্নায় যে লবণ দেওয়া হয় এর বেশি পরিমাণ লবণ খাওয়া যাবেই না। এ জন্য চিপস, চানাচুর, সস খাওয়া যাবে না। কিছু কেমিক্যাল কিডনির ক্ষতি করে। তাই বাজার থেকে শাকসবজি কিনে আনার পর ভালো করে কুসুম গরম পানি বা ভিনেগার দিয়ে ধুয়ে রান্না করতে হবে। কিডনির জন্য সবচেয়ে খারাপ হচ্ছে ফসফেট। বেশির ভাগ কোক বা কার্বোনেটেড বেভারেজ, আইসক্রিম, প্রিজারভেটিভ খাবারে ফসফেট থাকে। কিডনি সুস্থ রাখতে এর ধারেকাছেও যাওয়া যাবে না। আবার কিডনির সমস্যা স্টেজ থ্রিতে গেলে অতিরিক্ত পটাশিয়াম ক্ষতিকর হয়ে ওঠে। কমলা, কলা, ডাব, আনার, ডাল, মটরশুঁটি, টমেটো এসব খাবারে প্রচুর পটাশিয়াম থাকে। এ ধরনের খাবার নিয়ন্ত্রণ করতে হবে বা ‘ডাবল কুক’ করে খেতে হবে।
তিনি আরও বলেন, যাঁর কিডনি ডিজিজ হয়েছে তাঁর অবশ্যই ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন বন্ধ করতে হবে।