রাশিফল
অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে
অধিকাংশ ক্ষেত্রে আপনিই আপনার ভাগ্যনিয়ন্ত্রক। গ্রহ-নক্ষত্রের প্রভাব জীবনে ভূমিকা রাখলেও আপনার সিদ্ধান্ত ও কর্মই চূড়ান্ত পরিণতি নির্ধারণ করে। সাহস, ধৈর্য ও সঠিক মানসিকতা আপনাকে যেকোনো পরিস্থিতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। প্রতি শনিবার ‘এ সপ্তাহের রাশিফল’ লিখছেন জ্যোতিষী চিন্ময় বড়ুয়া
এ সপ্তাহের রাশিফল (২১ নভেম্বর–২৭ নভেম্বর ২০২৬)
মেষ রাশি
নিজের অর্জন, ব্যক্তিগত আনন্দ ও ভবিষ্যতের মধ্যে কোনটিকে বেশি গুরুত্ব দেবেন, সে প্রশ্ন সামনে আসতে পারে। সম্পর্কে আবেগের তীব্রতা বাড়বে, তবে সামান্য বিষয়েও প্রতিক্রিয়া অতিরিক্ত হয়ে উঠতে পারে। সন্তানদের শিক্ষা, প্রতিভা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে।
সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কোনো ধারণা বাস্তবায়নের সুযোগ পাবেন। তবে দ্রুত সাফল্য পাওয়ার আকাঙ্ক্ষায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ কিংবা অনুমাননির্ভর সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পেশাগত জীবনে উচ্চতর লক্ষ্য অর্জনের ইচ্ছা থাকলেও নিজের যোগ্যতার চেয়ে বড় প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। ব্যক্তিগত পরিচিতি বাড়ানোর চেষ্টা করতে গিয়ে প্রকৃত দক্ষতা উন্নয়নের বিষয়টি যেন আড়ালে না পড়ে।
সপ্তাহের শেষ ভাগে অর্থনৈতিক প্রাপ্তি ও ব্যক্তিগত মূল্যবোধের মধ্যে নতুন হিসাব তৈরি হতে পারে। মনে রাখবেন, প্রতিভা আপনাকে সুযোগের দরজায় পৌঁছে দেয়, কিন্তু বিচক্ষণতাই নির্ধারণ করে সেই দরজার ওপারে আপনি কত দূর যেতে পারবেন।
বৃষ রাশি
আপনার ব্যক্তিগত জগৎ ও বাইরের প্রত্যাশার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে পারে। বাসস্থান, সম্পত্তি কিংবা পারিবারিক কোনো বিষয় নিয়ে সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে। অন্যদিকে নিজের পরিচয়, ব্যক্তিগত চাহিদা ও জীবনযাপনের ধরন নিয়ে নতুন করে ভাববেন।
নিজের প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে পার্থক্য স্পষ্ট হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্বের পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটানোর চাপও থাকতে পারে। কোনো বড় সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা থাকলে আবেগের পরিবর্তে বাস্তব হিসাবকে গুরুত্ব দিন। পেশাগত ক্ষেত্রে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কিংবা কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলা ভালো।
পরিবারের কোনো সদস্যের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। জীবনের সব অর্জন বাইরে থেকে পরিমাপ করা যায় না। কখনো নিজের ঘর, আপনজন ও মানসিক স্থিতি ধরে রাখতে পারাটাই সবচেয়ে বড় সাফল্য। তবে নিরাপত্তার খোঁজে নতুন সম্ভাবনার দরজাও বন্ধ করবেন না।
মিথুন রাশি
এ সপ্তাহে কর্মব্যস্ততা বাড়বে এবং ক্যারিয়ারে নতুন সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে পুরোনো কোনো জটিলতা নতুনভাবে সামনে আসতে পারে, তবে ধৈর্য ও বাস্তববুদ্ধির সাহায্যে তার সমাধান সম্ভব। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ কিংবা দায়িত্ব ভাগাভাগি নিয়ে সামান্য অস্বস্তি দেখা দিতে পারে। অন্যের ভুল ধরার আগে নিজের কাজের পদ্ধতিতে কোনো পরিবর্তন প্রয়োজন কি না, সেটিও ভেবে দেখুন।
পড়াশোনা, লেখালেখি, যোগাযোগ ও সৃজনশীল কাজে নতুন উদ্যম অনুভব করবেন। কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাহসী পদক্ষেপ নিতে পারেন। তবে প্রেমের সম্পর্ক, সন্তান কিংবা ব্যক্তিগত আনন্দের বিষয়ে অতিরিক্ত প্রত্যাশা হতাশার কারণ হতে পারে। নিজের মতামতকে সঠিক প্রমাণ করতে গিয়ে প্রিয়জনের অনুভূতিকে অবহেলা করবেন না।
বন্ধুমহল ও পরিচিত মানুষদের মাধ্যমে নতুন যোগাযোগ তৈরি হলেও সব সম্পর্ক সমানভাবে নির্ভরযোগ্য হবে না। সপ্তাহটি আপনাকে কিছুটা নিভৃত হতে, পুরোনো ক্লান্তি কাটাতে এবং মানসিক ভারমুক্তির সুযোগ করে দিতে পারে। অপ্রয়োজনীয় ব্যস্ততা থেকে সরে এসে নিজের পরবর্তী পরিকল্পনা সাজানো ভালো হবে।
কর্কট রাশি
আর্থিক প্রাপ্তি ও পারিবারিক দায়িত্বের মধ্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে। আয় বৃদ্ধি, বেতন, পারিশ্রমিক কিংবা নতুন কোনো উপার্জনের পথ নিয়ে আলোচনা সামনে আসতে পারে। তবে অর্থ আসার সম্ভাবনার পাশাপাশি ব্যয়ের চাপও বাড়তে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রের দায়িত্ব, সহকর্মীদের সঙ্গে সম্পর্ক কিংবা দৈনন্দিন প্রয়োজন ঘিরে কিছু অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হতে পারে।
সন্তানদের শিক্ষা, সৃজনশীল উদ্যোগ কিংবা ব্যক্তিগত কোনো স্বপ্নের পেছনে অর্থ ব্যয়ের প্রয়োজন হতে পারে। সম্পর্কে আবেগের পাশাপাশি বাস্তব প্রত্যাশাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে নিজের সামর্থ্য যাচাই করুন। কর্মক্ষেত্রে বিরোধ এড়িয়ে চললেও প্রয়োজনের সময় নিজের অধিকার সম্পর্কে স্পষ্ট থাকুন।
অর্থ উপার্জন জীবনের প্রয়োজন মেটায়, কিন্তু অর্থের পেছনে ছুটতে গিয়ে জীবনের আসল প্রয়োজনগুলো হারিয়ে ফেললে সেই প্রাপ্তি অর্থহীন হয়ে পড়ে। এ সপ্তাহে প্রাপ্তি ও পরিতৃপ্তির পার্থক্য বোঝা জরুরি।
সিংহ রাশি
নিজের ব্যক্তিত্ব, নেতৃত্ব ও সামাজিক অবস্থানকে ঘিরে বড় প্রত্যাশা তৈরি হতে পারে। নতুন কোনো উদ্যোগে সামনে আসার সুযোগ থাকলেও অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে।
উচ্চশিক্ষা, সৃজনশীল কাজ কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনায় বিশেষ মনোযোগ দিতে হবে। নিজের অভিজ্ঞতাকে চূড়ান্ত সত্য মনে না করে নতুন কিছু শেখার মানসিকতা বজায় রাখুন। পেশাগত জীবনে কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রবণতা বাড়তে পারে, তবে অধস্তন বা সহকর্মীদের সঙ্গে অহেতুক সংঘাত তৈরি করবেন না।
বাড়ি, সম্পত্তি কিংবা পারিবারিক বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসতে পারে। এ সপ্তাহে পেশাগত পরিচিতি ও সামাজিক স্বীকৃতি নিয়ে প্রত্যাশা স্পষ্ট হবে। নিজের কাজের স্বীকৃতি না পেলে হতাশ না হয়ে কাজের মান উন্নত করুন। মনে রাখবেন, সিংহাসনে বসা আর রাজত্ব করতে জানা এক বিষয় নয়। নেতৃত্বের প্রকৃত পরীক্ষা ক্ষমতা পাওয়ার পর নয়, ক্ষমতা ব্যবহারের সময়েই হয়।
কন্যা রাশি
নিজের পরিচিত পরিবেশের বাইরে গিয়ে নতুন কিছু দেখা কিংবা বোঝার আকাঙ্ক্ষা বাড়তে পারে। বিদেশযাত্রা, উচ্চশিক্ষা, গবেষণা কিংবা দূরবর্তী কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে পারিবারিক সম্পত্তি, বাসস্থান কিংবা ঘরসংক্রান্ত কোনো বিষয় আপনার পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।
কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের অভিজ্ঞতা ও নিজের ভবিষ্যৎ লক্ষ্যকে একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন। ব্যক্তিগত অর্থব্যবস্থায় কিছুটা সতর্কতা অবলম্বন করুন, বিশেষ করে এমন ব্যয়ের ক্ষেত্রে যার তাৎক্ষণিক প্রয়োজন নেই। কর্মক্ষেত্রে আড়ালে থেকে গুরুত্বপূর্ণ কোনো কাজ সম্পন্ন করার সুযোগ আসতে পারে। নিজের দক্ষতা উন্নয়নের জন্য নিরিবিলি পরিবেশে সময় কাটানো উপকারী হবে।
কখনো পরিচিত জায়গা ছেড়ে বেরিয়ে আসতে হয় নিজের সম্ভাবনাকে চিনতে। তবে নতুন দিগন্তে পৌঁছানোর আগে পুরোনো ভিত্তি কতটা মজবুত, সেটিও যাচাই করে নেওয়া প্রয়োজন।
তুলা রাশি
আর্থিক ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কিছু অপ্রকাশিত বিষয় সামনে আসতে পারে। যৌথ সম্পদ, ঋণ, বিমা, উত্তরাধিকার কিংবা অন্যের সঙ্গে ভাগ করা আর্থিক দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কোনো আর্থিক লেনদেনে অস্পষ্টতা থাকলে তা পরিষ্কার করার সময় এসেছে।
অন্যদিকে নিজের ব্যক্তিগত পরিচয় ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা দ্বিধা তৈরি হতে পারে। কোনো সম্পর্কের মধ্যে নিজের প্রত্যাশা ও অপর পক্ষের অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠতে পারে। ভাইবোন, যোগাযোগ কিংবা ছোট ভ্রমণসংক্রান্ত কোনো বিষয়ও আলোচনায় আসতে পারে।
ব্যবসায়িক চুক্তি কিংবা আর্থিক প্রতিশ্রুতিতে তাড়াহুড়ো করবেন না। ব্যক্তিগত কোনো গোপন বিষয় প্রকাশ্যে আসার ঝুঁকি থাকলে পরিস্থিতি সামলাতে বিচক্ষণতা প্রয়োজন। সব সত্য প্রকাশ করাই সাহস নয়, আবার সব সত্য আড়াল করাও বুদ্ধিমত্তা নয়। কোন সত্য কখন এবং কীভাবে সামনে আনতে হবে, সেই বিচারবোধই এবার আপনার সবচেয়ে বড় সম্পদ।
বৃশ্চিক রাশি
নিজের অবস্থান ও সম্পর্কের বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনো সম্পর্ক, ব্যবসায়িক অংশীদারি কিংবা বিবাহসংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের প্রয়োজন দেখা দিতে পারে। অপর পক্ষের আচরণে এমন কিছু দিক সামনে আসতে পারে, যা আগে আপনার নজরে পড়েনি। তবে সাময়িক আবেগের ভিত্তিতে দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
কর্মক্ষেত্রে পেশাগত স্বীকৃতি ও নেতৃত্বের সুযোগ তৈরি হতে পারে, কিন্তু অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা কিংবা কর্তৃত্বের দ্বন্দ্ব পরিস্থিতি জটিল করতে পারে। আর্থিক বিষয়ে নিজের আয় ও পারিবারিক সম্পদের পরিকল্পনা নতুনভাবে সাজানোর প্রয়োজন হতে পারে। কোনো চুক্তি বা অংশীদারত্বে নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকুন।
মানুষকে চেনার সবচেয়ে কঠিন মুহূর্ত হলো, যখন তার সঙ্গে আপনার স্বার্থ জড়িয়ে যায়। এ সপ্তাহে সম্পর্কের আবেগের পাশাপাশি তার বাস্তব ভিত্তিটিও বুঝে নেওয়া প্রয়োজন।
ধনু রাশি
কর্মক্ষেত্রের পরিচিত গণ্ডি ছাড়িয়ে আরও বড় কোনো লক্ষ্য সামনে আসতে পারে। উচ্চশিক্ষা, বিদেশযাত্রা, গবেষণা কিংবা পেশাগত উন্নতির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ব্যক্তিগত সৃজনশীলতা কিংবা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো বিষয় আপনার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।
কোনো গুরুত্বপূর্ণ শিক্ষাগত বা পেশাগত পরিকল্পনায় আশানুরূপ অগ্রগতি না হলে নিজের প্রস্তুতি পর্যালোচনা করুন। অন্যদিকে দৈনন্দিন কাজের চাপ ও শারীরিক ক্লান্তি উপেক্ষা করলে পরিকল্পনা বাস্তবায়নে বাধা তৈরি হতে রে। নতুন কোনো জ্ঞান অর্জন কিংবা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ আপনার চিন্তার পরিধি বাড়াবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অতিরিক্ত আশাবাদী সিদ্ধান্ত থেকে দূরে থাকুন।
ভাগ্য অনেক সময় সুযোগের দরজা খুলে দেয়, কিন্তু সেই দরজা দিয়ে প্রবেশ করার যোগ্যতা অর্জন করতে হয় জের পরিশ্রম দিয়ে। স্বপ্ন যত বড় হবে, প্রস্তুতির গভীরতাও তত বেশি হওয়া প্রয়োজন।
মকর রাশি
আর্থিক জীবনের এমন কিছু দিক সামনে আসতে পারে, যেগুলো সাধারণত প্রকাশ্যে আলোচনা করা হয় না। ঋণ, উত্তরাধিকার, যৌথ সম্পদ, বিমা কিংবা পারিবারিক আর্থিক দায় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। কোনো পুরোনো আর্থিক বিষয় নিষ্পত্তির সুযোগ তৈরি হলেও প্রয়োজনীয় যাচাই ছাড়া এগোনো ঠিক হবে না। অন্যদিকে বাড়ি, সম্পত্তি কিংবা পারিবারিক পরিবেশে পরিবর্তনের চিন্তা আসতে পারে।
দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিয়ে পরিকল্পনা করার পাশাপাশি বর্তমান ব্যয়ের হিসাবও পরিষ্কার রাখা জরুরি। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব কিংবা পেশাগত অবস্থান নিয়ে আলোচনা হতে পারে। গবেষণা ও অনুসন্ধানমূলক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য জটিল কোনো বিষয় উন্মোচনের সুযোগ রয়েছে।
যে হিসাব চোখে দেখা যায়, তা মেলানো সহজ। কঠিন হলো সেই সব দায় চেনা, যেগুলো নীরবে ভবিষ্যৎকে প্রভাবিত করে। এবার আর্থিক ও ব্যক্তিগত জীবনের অদৃশ্য হিসাবগুলো বুঝে নেওয়াই আপনার বড় কাজ।
কুম্ভ রাশি
ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের ক্ষেত্রে নতুন কোনো অধ্যায় শুরু হতে পারে। বিবাহ, ব্যবসায়িক অংশীদারত্ব, চুক্তি কিংবা গুরুত্বপূর্ণ সহযোগিতার বিষয়ে সিদ্ধান্ত সামনে আসতে পারে। কোনো ব্যক্তির সঙ্গে মতের মিল থাকলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় দুজনের উদ্দেশ্য কতটা সামঞ্জস্যপূর্ণ, তা যাচাই করা জরুরি।
সামাজিক যোগাযোগ ও বন্ধুমহল থেকে নতুন কোনো সহযোগিতার সুযোগ তৈরি হতে পারে। তবে পরিচিতির সংখ্যা বাড়লেই প্রকৃত সমর্থন বাড়ে না। অংশীদারত্বের ক্ষেত্রে দায়িত্ব ও আর্থিক শর্ত পরিষ্কার রাখুন। যোগাযোগের সময় আবেগের পরিবর্তে যুক্তিকে গুরুত্ব দিলে ভুল–বোঝাবুঝি কমবে।
অবিবাহিতদের ক্ষেত্রে নতুন পরিচয় ভবিষ্যৎ সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে। একটি চুক্তি কাগজে স্বাক্ষর দিয়ে শুরু হয়, কিন্তু তার স্থায়িত্ব নির্ভর করে বিশ্বাস ও দায়িত্ব পালনের ওপর। সম্পর্কের ক্ষেত্রেও একই সত্য প্রযোজ্য—প্রতিশ্রুতির চেয়ে ধারাবাহিক আচরণ অনেক বেশি মূল্যবান।
মীন রাশি
কর্মক্ষেত্রের দৈনন্দিন বাস্তবতা এবার আপনার দক্ষতার প্রকৃত পরীক্ষা নিতে পারে। নতুন দায়িত্ব, কাজের চাপ কিংবা কোনো জটিল সমস্যার সমাধানে ব্যস্ততা বাড়বে। চাকরির পরিবেশে প্রতিযোগিতা তৈরি হতে পারে, তবে নিজের কাজের মান ও দক্ষতার ওপর নির্ভর করাই ভালো। আয় বাড়ানোর নতুন সুযোগ থাকলেও অতিরিক্ত দায়িত্ব গ্রহণের আগে সময় ও সামর্থ্যের হিসাব করুন।
অন্যদিকে যোগাযোগ, লেখালেখি কিংবা ছোট ভ্রমণসংক্রান্ত কোনো বিষয় আপনার কর্মপরিকল্পনায় যুক্ত হতে পারে। সহকর্মীদের সঙ্গে কাজের সমন্বয় বজায় রাখা জরুরি, তবে অন্যের ভুলের দায় নিজের ওপর নেবেন না। শরীরের ছোটখাটো সমস্যাকে অবহেলা না করে প্রয়োজনীয় যত্ন নিন। কর্মজীবনে বড় সাফল্যের পেছনে অনেক ছোট দায়িত্ব লুকিয়ে থাকে।
যে মানুষ প্রতিদিনের কাজকে অবহেলা না করে দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে, তার জন্য বড় সুযোগের দরজাও একসময় খুলে যায়।