আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
১৯৫০-এর দশকে যে তিনজন হলিউডি অভিনেতা পর্দায় বিদ্যুতের ঝিলিক হানেন, তাঁরা হচ্ছেন জেমস ডিন, মারলোন ব্র্যান্ডো ও মন্টগোমারি ক্লিফট। তাঁদের মধ্যে ব্র্যান্ডো ও ক্লিফট অভিনয়ের দুটি সুস্পষ্ট ধারার জন্ম দেন। মনোযোগী দর্শক জানেন, এই ধারা দুটি সমগ্র বিশ্বে আজও অনুসৃত হয়ে চলেছে—এমনই তাঁদের শক্তি। মানুষ হিসেবেও ওই দুজন ছিলেন বিচিত্র। ব্র্যান্ডো ছিলেন মানবাধিকারকর্মী। নেতাই বলা চলে। পাঠক, ওই তিন অমর অভিনেতার কাজ দেখুন। পরে আমাকে বলবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
পত্রপত্রিকায় আমরা রাশি দেখতে পাই ১২টা। স্থান সংকুলানের জন্য এ আয়োজন। প্রকৃতপক্ষে এর বাইরেও কথা আছে: নেগেটিভ ও পজিটিভ...দুই রকমের রাশি, মিশ্র রাশি ইত্যাদি। চলতি সপ্তাহে আপনাকে সংক্ষেপে বলি...রাশি নিয়ে অতিরিক্ত ঘাঁটাঘাঁটি করবেন না। নিজের ইচ্ছাশক্তিকে অনুসরণ করুন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন পরিবর্তনের পূজারী। যেমন ছিলেন কবি নজরুল কিংবা চে গুয়েভারা। প্রিয় মিথুন, সবচেয়ে বেশি পরিবর্তন আনা জরুরি হচ্ছে নিজের অন্তরে। এভাবে চললে জীবনের যেকোনো সপ্তাহই সার্থক হয়ে উঠবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কলকাতার মানবেন্দ্র মুখোপাধ্যায় কোন রাশির জাতক ছিলেন জানি না। কিন্তু তাঁর গান সব রাশির নারী-পুরুষকে সমানভাবে আন্দোলিত করে। যেমন ধরুন: আমি এত যে তোমায় ভালোবেসেছি/ তবু মনে হয় এ যেন গো কিছু নয়/ কেন আরো ভালো বেসে যেতে পারে না হৃদয়।...তুলনা হয় এ গানের?
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আমি জেনে শুনে ঘুষ করেছি দান/ টাকারও মায়া ছেড়ে ছিঁড়েছি কান।... (আমি জেনে শুনে বিষ করেছি পান/ প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ)। প্যারোডিটির জন্য রবীন্দ্রনাথের কাছে ডাবল ক্ষমাপ্রার্থী। প্রিয় সিংহ, চলতি সপ্তাহে কাউকে ঘুষ খেতে দেখলে অন্যদের সজাগ করে দেবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
একজন বার্তা পাঠান: আপনি ভাগ্য জানার উপায় বইটার ভেতর জানিয়েছেন, সত্যিকার অর্থে ভাগ্য জানার কোনো উপায় নেই! পাঠকদের তো সব তালগোল পাকিয়ে যাবে। আমি তাকে জবাব দিই: চিন্তায় তালগোল পাকাতে পারলেই আসল সত্য ওপরে ভেসে উঠবে—এই আমার বিশ্বাস।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
একজন তেঁতুলিয়া থেকে ঘুরে এসে বলেন: তেঁতুল খাইতে গেছিলাম তেঁতুলিয়া/ ফিরিলাম আমি নিয়া/ চিকনগুনিয়া। আহা, ওই ভদ্রলোকটিকে আপনার সমাবেদনাটা অন্তত জানান।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
নিজেকে অন্যের কাছে অপরিহার্য করে তুলুন; দেখবেন আপনার সাফল্য, খ্যাতি, টাকাপয়সা কেমন হুড়মুড় করে মাথায় এসে পড়ে। মানুষের শ্রদ্ধা-ভালোবাসা কেমন ঝরনার মতো ঝিরঝির করে এসে গা ভিজিয়ে দেয়।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ডিপ কনসেনট্রেশন—গভীর মনোনিবেশ বা মনোযোগ এবং সেই সঙ্গে তীক্ষ্ণ স্মরণশক্তি যেকোনো মানুষের দুটি বিশাল সম্পদ। মেডিটেশন বা ধ্যানচর্চা করুন। আপনিও ওই শক্তি অর্জন করতে পারবেন। আর যার আছে তো আছেই।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
এমনিতে অচেনা এক তরুণ, দীর্ঘকাল থেকে যোগাযোগ। চমৎকার তাঁর লেখার হাত। সেদিন বার্তা পেলাম: মেঘলা আকাশ। সবুজে ভরা চা-বাগানের ভেতর দিয়ে যাচ্ছি সিএনজিতে। চাই না বৃষ্টি আসুক। প্রিয় মকর, চলতি সপ্তাহে বেশি আশাবাদী হতে যাবেন না।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
নিজের জন্য দুফোঁটা অশ্রু ফেলার অধিকার প্রত্যেক মানুষেরই আছে। কথাটা বহুবার বলেছি। আবার বললাম। মনে রাখুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
গানের প্রসঙ্গে ফিরে যাই। কিশোর বয়সে শোনা এক অসাধারণ কণ্ঠশিল্পী দীপক মৈত্রর এ গান চলতি সপ্তাহে আমার বারবার মনে পড়ছে: এ তো নয় শুধু গান/ এ শুধু আমার কিছু অনুরাগ,/ আর কিছু অভিমান। শুনে দেখুন প্রিয় মীন।
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী