আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি 'নিউমারলজি' বা 'সংখ্যা-জ্যোতিষ' পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল।   ভর # ৬

বান্দরবানের লামা থেকে আতাউর রহমান জানান: কয়েক বছর আগে বিবিসি লন্ডনের বাংলা অনুষ্ঠানে আপনার একটা দীর্ঘ সাক্ষাৎকার শুনে খুব ভালো লেগেছিল। কেমন আছেন আপনি? আমি এ মুহূর্তে পাহাড়চূড়ায় বসে সূর্যাস্ত দেখছি। এর সৌন্দর্য অবর্ণনীয়। আমি জবাব দিই: হিংসায় জ্বলে যাচ্ছি। তিনি বলেন: আগামী কোনো এক সুযোগে প্রতিশোধস্বরূপ মেষ রাশির জাতকদের আচ্ছাসে ধোলাই করে দেবেন। আজ জানাচ্ছি, ধোলাইটা আজই করতে চাই। না থাক, পরের কোনো একসময়ের জন্য পেন্ডিং ফারদার ভেরিফিকেশন...অধিকতর অনুসন্ধান সাপেক্ষে অন্য কখনো করা যাবে। আপাতত বেঁচে গেলেন প্রিয় মেষ। ভবিষ্যতের জন্য সাবধান। আমার হাতে আপনার ভবিষ্যৎ ধরা আছে। তাহলেও বলি, শুভ হবে আপনার বর্তমান সপ্তাহটি।

বৃষ ২১ এপ্রিল-২১ মে।   ভর # ১

বৃষ রাশির মধ্যে এমন অনেকে আছেন, যাঁরা গান শুনতে ভালোবাসলেও গান শোনার সময় করতে পারেন না। এসব সংগীতপ্রিয় বৃষ নারী ও পুরুষের উদ্দেশে আমার কথা হলো, ইচ্ছা থাকলে উপায় হয়। সংগীতচর্চা করা কিংবা গান শোনার সুযোগ বের করুন। শুধু মনের দিক থেকে নয় দৈহিকভাবেও সুস্থ থাকুন। শুভ হোক!

মিথুন ২২ মে-২১ জুন।   ভর # ৬

দেশান্তরি পাখি এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যায়, একবারও ডানা ঝাপটানো না থামিয়ে। আপনারও ইচ্ছে হচ্ছে সেভাবে উড়ে যেতে। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে না হলেও দেশের ভেতরে হোক আর বাইরেই হোক মনের আনন্দে আপনি। ওড়াওড়ি করতে পারবেন। শুনে ভালো লাগলে আমাকে অন্তত অগ্রিম একটি ধন্যবাদ জানান। বলা বাহুল্য, বর্তমান সময়ে আপনার পার্স অথবা পকেটের স্বাস্থ্য ভালো থাকবে।

কর্কট ২২ জুন-২২ জুলাই।   ভর # ২

সপ্তাহটি প্রধানত নিবেদন করতে চাই ব্যবসায়ী, শিল্পী ও ক্রীড়াবিদদের উদ্দেশে। এসব পেশায় নিয়োজিত কর্কট নারী-পুরুষ দারুণ কিছু একটা করে দেখাবেন। কথাটা আমি বললেই তো হবে না, এর পেছনে এঁদের চেষ্টা থাকা চাই। শত চেষ্টার পরও যদি কাজ না হয় তাহলে ভাববেন, ব্যাপারটা আপনার কপালেই ছিল। চেষ্টাটা কিন্তু অবশ্যই করবেন। কেবল তারপরই সাফল্য ব্যর্থতার প্রশ্ন। ঠিক আছে?

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট।   ভর # ১

সিংহর জীবনে এখন ঘটনার ঘনঘটা। চলতি সপ্তাহে সিংহ নিজের খোলস ছেড়ে বাইরে বেরিয়ে আসবেন। আনন্দ-নিরানন্দ দুটোই জুটবে তাঁর ভাগ্যে। চলতি সপ্তাহ থেকে শক্তি আহরণ করে তিনি আগামী দিনগুলো অতিক্রম করবেন। প্রিয় সিংহ, কথাগুলো মনে রাখুন। আমাকে গালিগালাজ করার জন্য পরে অনেক সময় পাবেন। শুভ হোক আপনার।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর।   ভর # ২

কন্যার জীবনে চলতি সপ্তাহে অনেক মিষ্টি স্মৃতি তৈরি হবে। কাজেই বেশি পেছনের দিকে যাওয়ার দরকার নেই। বর্তমান নিয়ে থাকুন। নতুন বন্ধু লাভ হবে। নতুন সম্পর্ক সৃষ্টি হবে। এর চেয়ে আনন্দের বিষয় আর কী হতে পারে! এর সঙ্গে অতিরিক্ত যোগ হবে আপনার আর্থিক সু-অবস্থা।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর।   ভর # ২

চলমান অবস্থায় প্রিয় তুলা, আপনাকে জানাই: পথের কাঁটায় পায়ে রক্ত না ঝরালে/ কী করে এখানে তুমি আসবে? আজ যে পর্যন্ত আপনি এসেছেন অনেক বন্ধুর পথ অতিক্রম করেই তো এসেছেন। বর্তমান ও ভবিষ্যতেও তাই হবে। অবিচল থাকুন। সামনের পথ পরিষ্কার করে এগিয়ে যান। আপনার চলার পথে আমার শুভকামনা রইল।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর।   ভর # ২

চলতি সপ্তাহে ঘুম একটু কম হলে ঘাবড়াবেন না। দু-এক রাত না ঘুমালে কেউ মরে যায় না। কথা দিচ্ছি, এই স্বল্পমাত্রার ঘুমহীনতার ক্ষতিপূরণ আপনি পাবেন। পরে 'কাজা' ঘুমগুলো ঘুমিয়ে নিতে পারবেন। তখন আপনার অনেক ভালো লাগবে। জয় হোক!

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর।   ভর # ৯

শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। এটা শুধু যে একটা প্রবাদবাক্য তা নয়, একেবারে খাঁটি বৈজ্ঞানিক সত্য। ইতিহাসে যতগুলো মনোদৈহিক সহ্য ক্ষমতার দালিলিক প্রমাণ আছে তার মধ্যে আমাদের এ কথাগুলোর প্রতিফলন দেখতে পাবেন। ওখান থেকে শক্তি সংগ্রহ করুন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি।   ভর # ৩

এক-আধটু বিষণ্ণতা মানসিক স্বাস্থ্যের জন্য ভালো বলেই আমি মনে করি। ওতে মানুষের কল্পনাশক্তির বিকাশ ঘটে। যেকোনো কাজে সৃজনশীলতা চালু থাকে। সাফল্য আসে। আপনারও তাই হবে। এগিয়ে যান।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি।   ভর # ৯

রাশিফল লিখতে গিয়ে ইচ্ছাকৃতভাবে অতীতের লেখার পুনরাবৃত্তি করা আমার পক্ষে একেবারেই অসম্ভব। তার কারণ, আমি কোনো কিছু লিখে তা সম্পূর্ণ ভুলে যাই। নিউমারলজির অঙ্ক এবং ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রয়োগ—এই দুয়ের মাধ্যমে নতুন নতুন ফলাফল আমার সামনে ধরা দেয়। তবে উদাহরণস্বরূপ দু-একটা ঘটনা হয়তো আমি জেনেশুনেই কয়েকবার নতুন করে বলি।...প্রিয় কুম্ভ, চলতি সপ্তাহে আপনার জীবনে অন্তত একটি হলেও স্মরণীয় ঘটনা ঘটবে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ।   ভর # ৩

মীনের জন্য এ সপ্তাহে আমার তেমন নতুন কিছু বলার নেই, শুধু এইটুকু বলি: এখন মীন তার দুঃখকষ্ট ভুলে থাকার পথ খুঁজে পাবেন। মনটাকে শুধু একটু সহজ অবস্থায় রাখার চেষ্টা করুন। বেশি করে সামাজিকতা চালিয়ে যান। শুভ হোক আপনার!