আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার মেষ রাশির পুত্র প্রতীক। আমি অনেক সময়ই বলি, ওর পিতা হওয়ার যোগ্যতা আমার নেই। জীবনের শত ভুলত্রুটি সত্ত্বেও ও আমাকে বুকে করে রেখেছে। আমার সব দায়দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে। যা-ই হোক, ভালোবাসার ক্ষেত্রে মেষ খুব একমুখী। সহজে তারা কাউকে ত্যাগ করে না। এই গুণ তাদেরকে প্রতিটি মানুষের মনে প্রতিষ্ঠিত করে। চলতি সপ্তাহটি মেষের জন্য অত্যন্ত শুভ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
একটা যুগ ছিল যখন বেশির ভাগ ক্ষেত্রেই গান লেখাটা ছিল একটা মামুলি ব্যাপার। পিয়া পিয়া পিয়া, পাপিয়া পাপিয়া…এ রকম কিছু একটা লিখে দিলেই গান হয়ে যেত। পাশাপাশি স্বল্পসংখ্যক কিছু উৎকৃষ্ট গান অবশ্যই ছিল। শিল্প-সাহিত্যে অতিরিক্ত আবেগ মেশালে সেটা জোলো হয়ে যায়। অবশ্য গানে আবেগের আতিশয্য থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। যা-ই হোক, আজকাল লেখালেখি করাটাই কঠিন। বুদ্ধির প্রয়োগ ছাড়া হয় না। বৃষের জন্য সপ্তাহ শুভ।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
বিশেষ করে সরকারি কর্মকর্তাদের চেয়ারের পেছনে একটা তোয়ালে ঝুলতে দেখি। এটা কেন, এর সদুত্তর বহু চেষ্টা করেও আমি পাইনি। তোয়ালের স্থান তো বাথরুমে। তারপর দেখি সভাসমিতিতে ভিআইপিদের জন্য সিংহাসনের মতো আলাদা আসন দেওয়া হয়। এটারই বা কী প্রয়োজন আছে! যা-ই হোক, এসব দেশীয় সংস্কৃতির বিরুদ্ধে কিছু বলতে আমার ভয় লাগে। প্রিয় মিথুন, তবু বলি, সুরুচির চর্চা করুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আমার একান্ত সেবক আল আমিন নিখুঁত সুরে গান গায়। তবে ইচ্ছেমতো। ‘আমার পরান যাহা চায়’—এই রবীন্দ্রসংগীতটিকে ও গায়: হামকো ছাড়িয়া নেহি যাও। বলে, আমি এভাবেই গাই। অতিরিক্ত হিন্দি গান শোনার প্রভাব। প্রিয় কর্কট, সুযোগ পেলেই গান শুনবেন। গান একটা স্বাস্থ্যকর ওষুধ। মন ভালো করে দেয়। চলতি সপ্তাহে আপনার বেশির ভাগটাই ভালো।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ছোটবেলায় একবার আমার এক মণিপুরি বন্ধু বলে: আমার বাবায় ভূত মারতে গেসে। শুনে তো আঁতকে উঠি। পরে বুঝলাম, ওর বাবা ভোট দিতে গেছেন। সামনে নির্বাচন, আশা করি আপনি ভূত না মেরে ভোটের বাক্সে ভোট দেবেন। আপনার একটি ভোটের ওপর অনেক কিছুই নির্ভর করছে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
স্কুলে নরেশ বাবু স্যার ক্লাস পরীক্ষার খাতায় অতি প্রশংসা, অতি নিন্দা কোনোটাই করতেন না। খুব বেশি হলে লিখতেন: মন্দ নহে। এটা ব্রিটিশদের নট ব্যাড-এর মতো। কিছুতেই মন খুলে প্রশংসা করবে না। কৃপণের জাতি তো! চলতি সপ্তাহে প্রিয় কন্যা, প্রাণ খুলে মানুষের প্রশংসা করুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলার অনুমানশক্তি বা আঁচ করার ক্ষমতা দারুণ। তাঁর ভবিষ্যদ্বাণী আমার চেয়েও সফল। আত্মবিশ্বাসও তাঁর কম নেই। এই দুটি ক্ষমতার ওপর ভর করে তিনি সামনে এগিয়ে যাবেন। এটাই প্রত্যাশা। জয় হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
গত সপ্তাহে বৃশ্চিকের খোঁপে যা লিখে ছিলাম, তা পড়ে বগুড়ার জেইন গুলশান অনুপ্রাণিত হয়েছে। তার এই স্বীকারোক্তিতে আমিও অনুপ্রাণিত হয়েছি। রাশি লিখতে গেলেও অনুপ্রেরণার দরকার হয়। বৃশ্চিককে এখন আমি এক নতুন যাত্রার যাত্রী হিসেবে দেখি। তার জয়যাত্রায় আমাদের শুভকামনা রইল।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
পরিবার পরিকল্পনা সমিতির পক্ষ থেকে আমি একবার একটা ডকুড্রামা করেছিলাম, ভিডিওতে প্রশিক্ষণচিত্র। বিষয় ছিল, তরুণদের প্রজননস্বাস্থ্য। একগাদা কিশোর-কিশোরীকে নিয়ে কাজ করেছিলাম। এদের কর্মক্ষমতা ছিল অপরিসীম। দিনরাত শুটিং করেও ক্লান্ত হয়নি এরা। এদের এই উৎসাহ–উদ্দীপনা দেখে আমি অনেক কিছু শিখেছি। আজও তারা আমাকে পথ দেখায়। প্রিয় ধনু, তরুণদের কাছ থেকেও শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। কথাটা মনে রাখুন।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
অনিতা মকর। প্রতি জন্মদিনে বাধ্যতামূলকভাবে ওকে আমি একটা কবিতা লিখে উপহার দিতাম। সেদিনও ও একটা পোস্টে আমার লেখা একটি কবিতার অনুলিপি পাঠিয়ে অনুরোধ করেছে, এ রকম আরও কবিতা লিখে দিতে হবে। আমি তেমন পদের কোনো কবি নই বলেই হয়তো কথাটা আমার মন গলিয়ে দেয়। ত্বরিত জবাব দিই: নিশ্চয়ই দেব। অনিতা, প্রতীক্ষায় থেকো। সপ্তাহ শুভ।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আমাদের দেশে স্বামী-স্ত্রীরা পরস্পর সম্পর্কে বলেন, আমার ওয়াইফ, আমার হাজব্যান্ড। হঠাৎ এই ইংরেজি প্রয়োগের প্রবণতা কেন, বাকি সব কথা তো বাংলাতেই আছে। এর রহস্য উন্মোচন আমি কোনো দিনই করতে পারিনি। প্রিয় কুম্ভ, আপনি যদি পারেন তো আমাকে সাহায্য করবেন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
গাজীপুরের তানিয়া একাধারে একজন স্কাউট শিক্ষক এবং পর্বত আরোহী (ছোট পাহাড়)। সে নারীবাদী লেখালেখিও করে। আমি তার শুভানুধ্যায়ী। সব সময় চেয়েছি তার অর্জনগুলো একটা উঁচু শীর্ষে পৌঁছাক। মীন রাশির জাতক হিসেবে তার কাছে এটা আমি চাইতেই পারি। জয় হোক মীনের।