আপনার রাশি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
দুর্বলের সঙ্গে সবলের শক্তি প্রযুক্ত হলে দুর্বল আর দুর্বল থাকে না। মেষ হিসেবে আপনি এক প্রবল শক্তির প্রতিনিধি। চলতি সপ্তাহে, চলতি সময়ে, আপনি দুর্বলকে শক্তিশালী করতে পারবেন। এই দুর্বল মানুষদের মধ্যে আপনার স্বজনও থাকবেন। তাহলে প্রিয় মেষ, আপনার শক্তি-ব্যাংক অ্যাকাউন্টে জমার পরিমাণ বাড়াতে থাকুন। এতে আপনার নিজের কাজ হবে, অন্যের কাজও হবে। কামনা করি তাই হোক।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আপনাদের মধ্যে যাঁরা শহর-নগরে বাস করেন, তাঁরা বিশুদ্ধ পানি পান আর না পান, পান করার জন্য পানিটা তো পান। এই গরমে শহরের পশুপাখিরা কি তা পাচ্ছে? আমাদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা পশুপাখিকে ভালোবাসেন। আর একদল মানুষ আছে, যারা পশুপাখিকে ভালোবাসলেও পশুপাখির জন্য কিছু করার উপায় তাদের নেই। বৃষ নারী-পুরুষের মাধ্যমে সবাইকে জানিয়ে দিই, আপনারা একটু খোলা জায়গায় দুটি পাত্রতে যদি একটু পানি ও একটু চাল বা অন্য কোনো ছোট টুকরো করা খাবার দিয়ে রাখেন, তাহলে সেটা হবে একটা বড় কাজ। উড়ে এসে বসুক না একটা পাখি। আহা কী আনন্দ আকাশে বাতাসে।...
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
প্রিয় মিথুন, আমার অনুরোধে আপনি আজ মেষ রাশির খোপটা একবার পড়ে আসুন। অতঃপর বলি, বর্তমান সময়টা আপনি পার করছেন অনেকগুলো শুভ-অশুভ ঘটনার মধ্য দিয়ে। এভাবে রাস্তা পার হয়ে খুব দ্রুতই আপনি পৌঁছে যাবেন আপনার গন্তব্যে। আপনার গন্তব্যে পৌঁছানো মানেই আপনার সঙ্গীদেরও সফলভাবে গন্তব্যে পৌঁছানো। শুভ হোক।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনি আছেন মোটামুটি সংখ্যা ৫-এর প্রভাবে। খুব সফল একটা সপ্তাহ এখন আপনার কাটানোর কথা। তবে, টাকাপয়সা অথবা মনের সেক্টরে আপনি কিঞ্চিৎ প্রতারিত হতে পারেন। সাবধান থাকলে যেকোনো ক্ষতি থেকে বেঁচে যাবেন। অনাবশ্যক খরচ করবেন না; সঞ্চয় বাড়ান, কাউকে পাইকারি হারে বিশ্বাস করবেন না। আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
২০ ভাগ সিংহ নারী ও ৮০ ভাগ সিংহ পুরুষ চলতি সপ্তাহে কিঞ্চিৎ চিপাচাপা অবস্থার মধ্যে পড়তে পারেন। নারীরা তো বুঝতেই পারছেন তেমন কোনো সমস্যার সম্মুখীন হবেন না। পুরুষেরাও হবেন না যদি তাঁরা সতর্কভাবে চলেন। প্রিয় সিংহ, দুঃসময়কে সুসময়ে রূপান্তরিত করার ক্ষমতা আপনার আছে। কাজেই, লেজ নাড়া দিয়ে বসা থেকে উঠে দাঁড়ান। গর্জন করে বলুন: জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী আমি মিথ্যা প্রমাণিত করে ছাড়ব। নিজের এবং অন্যের ক্ষতি হতে না দিয়ে আমি সাপ্তাহিক সুফলগুলো কেড়ে নেব। জয় হোক!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আপনি যতই বলুন না কেন, আমি ভালো নেই, আমি বলব আপনি ভালো সময়ের মধ্যেই আছেন। তবে তা বুঝতে পারছেন না। অনেক আগে আমি একটি গান লিখেছিলাম: ভুল সময়ে ভুল পৃথিবীর কোলে জন্ম নিয়েছি বলে...আমি তো চাইনি আঁধারে হারিয়ে যেতে।...তাহলে কন্যা, আপনি ভাবছেন আপনার সময়টা এখন খারাপ, আর আমি ভাবছি ঠিক তার উল্টো। চলতি এবং আগামী দিনগুলো আপনার শুভ আনন্দে ভরে উঠুক।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
হায় চিল সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে, তুমি আর কেঁদো নাকো, উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে।...কে হায় হৃদয় খুঁড়ে. বেদনা জাগাতে ভালোবাসে! হায় চিল, সোনালি ডানার চিল।।...বড় ভালো একটা সময় এখন আপনার। সময়টা অশ্রুতে ভেসে যেতে দেবেন না।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
গত শনিবার আমরা সবাই অনুরোধ করেছিলাম বারান্দা বা উঠানে কিছু পানি রেখে দিতে। এ সপ্তাহে আপনাকে বলছি বৃষ রাশির খোপটা একবার পড়ে আসতে এবং সে অনুযায়ী কাজ করতে। সপ্তাহটি আপনার প্রচণ্ড রকমের শুভ হয়ে উঠবে।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনার জন্য আমার বর্তমান সময়ের বক্তব্য একটাই: স্থির হোন। যা যা পাওয়ার সব পাবেন। তা নাহলে আমও যাবে ছালাও যাবে। আমরা কেউ সেটা চাই না। কল্যাণ হোক।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
শান্ত হোন। এই গরমে নিজেকে শান্ত রাখতে না পারলে আপনার জগৎ অশান্তিতে ভরে যাবে। এর বেশি কিছু কি আর বুঝিয়ে বলতে হবে? তাহলেও বলি, সময়টা আপনার অনেক ভালো।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সব বয়সের কুম্ভ নারী এবং পুরুষ চলতি সাত দিন অত্যন্ত ভালো থাকবেন। এর জন্য শুধু একটুখানি চেষ্টা তাদের করতে হবে। ব্যস।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
হোক না বাইরে প্রচণ্ড রোদ, আমি দেখতে পাচ্ছি আপনার দেহ-মন ভিজে যাচ্ছে ঝিরঝিরে হাওয়া-বৃষ্টিতে। অর্থাৎ দুঃসময়ের আড়ালে এখন সুন্দর একটা সুসময় আপনার চলছে। তাহলে, আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে উচ্চারণ করুন, আমি ভালো আছি, ভালো থাকব। এবার ইচ্ছে হলে একটা শাওয়ার নিয়ে বিছানায় চলে যান। ভালো করে ঘুমান। কী স্বপ্ন দেখলেন আমাকে সেটা ‘এসেমেস’ করে জানিয়ে দিন। জানাতে হবেই তেমন কোনো কথা নেই।