আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ হিসেবে আপনার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে আপনি খুব জেদি। জেদ শব্দটির দুই রকম অর্থ আছে। একটি ভালো, অন্যটি বাজে। এটা আপনিও জানেন। বাজে জেদটা আসলেও বাজে। এটা আপনাকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আগুনের মতো। যদি দেখেন আপনার মধ্যে বাজে জেদ বেশি কাজ করে, তাহলে এর থেকে বেরিয়ে আসার পথ খুঁজুন এবং ওটাকে পজিটিভ কাজের একটা শক্তি হিসেবে ব্যবহার করুন। সপ্তাহ শুভ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
এখন বয়সে যারা টিন, তাদেরই তো দিনগুলো ভীষণ রঙিন। চোখে চোখে প্রেম-ভালোবাসা, কথায় কথায় বন্ধুত্ব। দিনগুলো উড়ে যায় মেঘের মতো। অনেক প্রবীণ আছেন, মনের দিক থেকে যাঁরা তরুণ। এই সব গুরুজনও আমার বক্তব্যের ভাগ নিতে পারেন। যদি পারতাম, তরুণ রাশি নামে আমি ১৩ নম্বর একটি রাশি সৃষ্টি করতাম। যা-ই হোক, চলতি সপ্তাহটি আমরা নিবেদন করছি তরুণদের উদ্দেশে…পাঠক বৃষ, এ সপ্তাহে আপনার কণ্ঠে নতুন তারুণ্য আসবে। এই তারুণ্য চুম্বকের মতো অন্যদের আকর্ষণ করবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন তরুণী, মিথুন তরুণ। সারা রাত সারা দিন গুন গুন গুন গুন। এত ভ্যান ভ্যান কিসের রে ভাই, দাঁড়ি নাই কমা নাই। ব্যাপারটা আমরা কিন্তু বুঝি। লুকানোর চেষ্টা করে লাভ নাই। চলতি সপ্তাহে ঘটিবে ঘটনা। সেটা কিন্তু জানানো চাই।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
রোমান্সের হাওয়া লেগেছে পালে, তাই তো দেখি কর্কট ফটফট এত কথা বলে। কথা বলা দোষের কোনো কাজ নয়। তবে রোমান্টিক কথাবার্তা একটু কম করেই বলুন ভাই। চারদিকে প্রেমের পুলিশ। কখন যে কী হয়ে যায় ঠিক নাই। সপ্তাহ হোক আপনার প্রেমময়।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
লোকে বলে সিংহের হৃদয় বলে কিছু নাই। তাই বলে কি কিছুই নাই নাকি? আছে। কী আছে বলুন তো? আছে ভালোবাসা অ্যান্ড ডেটিং-ফেটিং। সেটা মোবাইল ফোনেও হতে পারে। চলতি সপ্তাহে মোবাইলে অতিরিক্ত পয়সা নিয়ে রাখবেন। যাদের পোস্ট পেয়িং ফোন, তাঁরা সাবধান। এবার জমবে খেলা। জমলে আমাকে তো আর জানাবেন না। না-ই জানালেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এককালে ছিল দ্বিজেন মুখোপাধ্যায়ের সেই গানের মতো: সাতনরী হার দেব, ফুলের বাহার দেব/...রুপোর হাঁসুলি যদি চাও/ কন্যে তুমি নয়ন মেলে চাও।...আজকাল ওসব ব্রিটিশ আমলের কথাবার্তা গেছে। এখন যা হয়েছে, তা আপনি নিজেই তৈরি করে গেয়ে উঠুন। আমার কোনো আপত্তি নেই। যার উদ্দেশে গাইছেন, সে ওটা গ্রহণ করলেই হলো। সপ্তাহ হবে আনন্দময়।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলা রাশির ব্যাপারটা যখন আমরা লিখতে বসেছি, তখনই এল এক তুলা নারীর বার্তা। বার্তার বিষয়বস্তুতে আর যাচ্ছি না। তবে ঘটনাটা টেলিপ্যাথি। তার মানে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় এখন খুব ভালোই কাজ করছে। প্রিয় তরুণ ও অন্যান্য বয়সী তুলা, চলতি সপ্তাহের জন্য কোমর বেঁধে ফেলুন। সামনে আছে রোমান্সের ঝড়। ভেরি চমৎকার এর রেজাল্ট। শুনে ইচ্ছা করলে খানিকটা নেচে নিতে পারেন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বগুড়া থেকে বৃশ্চিক রাশির এক তরুণী আমাকে বার্তা পাঠায়: স্যার, আপনি দাড়ি রাখেন কেন? আমি জবাব দিই: তুমি রাখো না কেন। তা ছাড়া দাড়ি তো আমি রাখি না। সে আপনা থেকে আসে। প্রিয় বৃশ্চিক, চলতি সাত দিনে আপনার জীবনে নতুন কিছু রোমান্টিক ঘটনা ঘটলেও ঘটতে পারে। চুপ করে থাকুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
রবীন্দ্রনাথ বলেছেন: তোমার হলো শুরু, আমার হলো সারা…এখানে তোমার বলতে আপনার অ্যান্ড আপনাদের মতো ত্রুন-ত্রুনি, অর্থাৎ তরুণ-তরুণীকে বোঝানো হয়েছে। এসব আপনি জানেন, তা-ও আপনাকে একটু জ্ঞান দিলাম। চলতি সপ্তাহে ধনু রাশির মনের পুকুরে সুন্দর সুন্দর ঢিল পড়বে এবং রোমান্টিক ঢেউ উঠবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কোনো একটা বিয়েবাড়িতে গিয়ে নতুন পরিচয়ের অভিজ্ঞতা হবে। বলা বাহুল্য, তরুণ তরুণীর সঙ্গে এবং তরুণী তরুণের সঙ্গে পরিচিত হবেন। এই পরিচয় থেকে ঘটনা যে অন্যদিকে গড়াবে না, তা বলা যায় না। এই ঘটনাকে আমরা রোমান্টিক ঘটনা বলে আখ্যায়িত করতে পারি। তাহলে দেখুন, কী ঘটে!
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
একটা গান আছে: ভুল যদি হয় মধুর এমন, হোক না ভুল…তাহলে দেখা যাচ্ছে চলতি সপ্তাহে এ ধরনের দু-একটা রসগোল্লার মতো মিষ্টি ভুল আপনার হলেও হতে পারে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
এক মীন তরুণী আমাকে বার্তা পাঠিয়েছেন, তিনি নাকি জনৈক কর্কট পোলার সঙ্গে পেরেম করেন। তবে কথা বলেন না। আমি ভাবলাম, এ আবার কী রে ভাই! প্রেম আছে কথা নাই, বৃন্দাবনে দোলনা নাই। আর দোলনা থাকলেই-বা কী লাভ?...কথা কও মীন, থেকো না নীরব।