আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

চলতি সপ্তাহে না হোক, বর্তমানের কোনো এক সময়ে আপনার ভ্রমণ যোগ আছে। কীভাবে ভ্রমণ করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা ও সামর্থ্যের ব্যাপার। আপনি তৈরি হোন, আমরা আছি আপনার সঙ্গে। আর, দীর্ঘ ভ্রমণ যাদের না হয়, তাদের তো হ্রস্ব ভ্রমণ হবেই। যদি আপনার কোথাও যাওয়া হয়, আমার জন্য কয়েক কেজি নাশপাতি নিয়ে আসবেন। শুভ হোক আপনার ভ্রমণ।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

খুব গরম পড়েছে। গরম যে পড়েছে, সেটা তো আপনিও বোঝেন। তাহলে আর কী করবেন। সকালবেলায় ৪ গ্লাস বিশুদ্ধ পানি খেয়ে নিন। ঢক ঢক করে খাবেন না, একটু আস্তে আস্তে খান। এতেই আপনার সারা দিন চলবে। তিন গ্লাস পানি এবং এক গ্লাস লেবুর শরবত খেলে তো আরও ভালো। এসব কথা বলছি সকল রাশির মানুষের জন্য। খুব ভালো কাটবে সপ্তাহ।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

আমার তালিকায় দুজন মিথুন আছেন—একজন নির্মলেন্দু গুণ, অন্যজন আলতাফ হোসেন। চরিত্রে, চাল-চলনে, কথাবার্তায় এঁরা উত্তর ও দক্ষিণ মেরুর বাসিন্দা। নির্মলেন্দু যত বেশি কথা বলেন, আলতাফ ঠিক ততটাই কম বলেন। তবে, এঁদের দুজনের রসবোধ দুর্দান্ত। নির্মলেন্দু গুণের কথাবার্তার চমৎকারিত্ব সম্পর্কে, যাঁরা টিভির দর্শক তাঁরা জানেন। আর জানেন যাঁরা সরাসরি তাঁর কথা শুনতে পান। উল্লিখিত দুই কবির জ্ঞানের গুদাম অনেক বড়। প্রসঙ্গত বলি, রাজনীতি এমনকি খেলাধুলা বিষয়েও নির্মলেন্দুর অপরিসীম জানকারি। ক্রিকেট ও ফুটবল নিয়ে তাঁর দুটি বইও আছে। মনে পড়ল, এই নির্মলেন্দু গুণের প্রথম কবিতার বই প্রেমাংশুর রক্ত চাই-এর প্রচ্ছদটি আমি এঁকেছিলাম। প্রিয় মিথুন, এসব কথা আপনার জানতে ভালো লাগছে কি না, জানি না। ভালো লাগবে, যখন দেখবেন সপ্তাহটি আপনার কী সুন্দরভাবে এগিয়ে চলেছে।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

রবীন্দ্রনাথের কবিতায় আছে: পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ। আর, আমি বলছি: কর্কট চাহিল হতে মর্কটের...ইত্যাদি। চটে যাবেন না প্রিয় কর্কট। চলতি সপ্তাহটি আপনার ভয়ানক ভালোভাবে কাটবে।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

নারী ও পুরুষ সিংহকে বলছি: কথা কম, কাম বেশি। এর মানে হলো, এ সপ্তাহে আপনাকে প্রচুর কাজকর্ম করে যেতে হবে। আর বেশি কাজ মানেই তো বেশি সাফল্য। শুভ হোক।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

প্রিয় কন্যা, ওপরে ওই মেষ রাশির খোপটা একবার পড়ে আসুন। পড়াটা আপনার জন্য জরুরি। চলতি সপ্তাহে আপনার মনটা বেশ খানিকটা পেছন দিকে উড়ে উড়ে যেতে থাকবে হয়তো। একটু খারাপ লাগবে, আবার অনেকখানি ভালোও লাগবে। দেখুন কী হয়।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আপনার সামনে একটি আলোকিত দরজা দেখতে পাই। শুধু আলো নয়, প্রচুর শীতল বাতাসও আসবে। মনপ্রাণ জুড়িয়ে যাবে।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

সপ্তাহটা আপনার আনুপাতিক হারে ৫০ ভাগ ভালো যাবে। অতিরিক্ত পরিকল্পনা করতে যাবেন না। ভালোই তো থাকবেন মনে হয়।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

ধনুর্ভঙ্গ পণ বলে একটা কথা আছে। প্রাণ যায় যাক তবু মাথা নত করব না, নিজের মান নষ্ট করব না। চলতি সপ্তাহে ধনুর এ রকমই কিছু একটা হবে।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

এ সপ্তাহে আপনার সাহস-ব্যাংকের অ্যাকাউন্টে জমা কিছুটা কম পড়তে পারে। তাতে যদি আপনি ঘাবড়ে যান, তাহলে আমি বলব আপনি খাঁটি মকরই নন। ভেজাল আছে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

চলতি সপ্তাহে কেউ আপনাকে কোনো উল্টোপাল্টা কথা বললে আপনিও তাকে দু–চার কথা শুনিয়ে দিন। যা হয় হবে। আমি আছি।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

ডিয়ার বোন অ্যান্ড ভাই, অঢেল পয়সার ঢেউ আপনার দিকে এগিয়ে আসছে। এত পয়সা রাখবেন কোথায়! ওদিকে আবার আপনি তেমন কিপ্টেও নন। খরচ যদি করতে চান এবং করতে না পারেন, তাহলে আমাকে বলবেন। আমি পথ দেখিয়ে দেব। এভাবে চলুক না সাত দিন।