আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
একজন মানুষের নাম–পরিচয় জানাটা একটা ন্যূনতম প্রয়োজন। যারা বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর সঙ্গে যুক্ত, তাদের উদ্দেশে বলছি, সব চ্যানেলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নাম স্পষ্টভাবে পাওয়া যায় না। অথচ এটা দরকার। কমপক্ষে তিনবার টিভির পর্দায় নাম দেখানো উচিত। উপস্থাপকেরা একবারের বেশি অংশগ্রহণকারীর নাম উচ্চারণ করেন না। বিশেষ করে অনুষ্ঠানের শেষ দিকে এসে অংশগ্রহণকারীর নাম ভালোভাবে বলা উচিত। প্রিয় মেষ, অন্যের পরিচয় স্পষ্টভাবে তুলে ধরুন। এতে শুধু সপ্তাহ নয়, জীবনটাই অর্থবহ হবে। শুভ হোক!

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সঠিক বাংলা উচ্চারণ নিয়ে অনেক কথা আছে। বাংলা ‘ফ’ এবং ‘চন্দ্রবিন্দু’ এই দুটি বর্ণের উচ্চারণ যাঁরা ঠিকভাবে করেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ থাকি। বাংলা গানে সতীনাথ মুখোপাধ্যায়ের চন্দ্রবিন্দুগুলো এত স্পষ্ট ও সুন্দর যে তা মনকে স্পর্শ করে। তিনি যখন চাঁদ উচ্চারণ করেন, তখন মনে হয় আকাশের চাঁদ যেন মাটিতে নেমে আসে। যাঁরা সংগীতচর্চা করেন তাঁরা আমার এই কথাগুলো বিশেষভাবে লক্ষ করবেন। চলতি সপ্তাহটি আপনার সফল হবে।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
মিথুন রাশিকে পরিবর্তনের প্রতীক বলা হয়। পরিবর্তনটা আগে নিজের মধ্যে আনতে হবে। তাহলেই অন্যকে পরিবর্তিত করা সম্ভব। চলতি সপ্তাহে আপনি অন্যকে বিশেষভাবে প্রভাবিত করতে পারবেন। শুভ হোক!

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
আপনার মধ্যে যে সৃজনশীলতা আছে, চলতি সপ্তাহে তা অনেকখানি সক্রিয় হয়ে উঠবে। এর ফলে নানা কাজে আপনি সফলতা পাবেন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
ক্লান্তির কাছে পরাজিত হবেন না। আপনার সামনে বড় বড় সাফল্য আছে। চলতি সপ্তাহের কাজ থেকেই আপনি তা অনুভব করতে পারবেন। সামনে এগিয়ে যান। কেননা, এখন আর পেছনে তাকানোর সময় নেই।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
চলতি সপ্তাহে আপনার মনে কিছু দুশ্চিন্তার মেঘ জমলেও ওটাকে পাত্তা দেবেন না। আপনার কোনো সংকট নেই। নিশ্চিন্ত মনে সামনে চলুন। মঙ্গল হোক!

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
ছোটখাটো দু–চারটা সমস্যা ছাড়া আপনার পুরো সপ্তাহটাই বেশ চমৎকারভাবে কাটবে। কাজেই আত্মবিশ্বাস ঠিক রেখে সামনে পা ফেলুন। জয় হোক!

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
বৃশ্চিক কালো মেঘ দেখলে ভয় পায় না, কারণ সে জানে, মেঘের ওপারেই আছে সূর্য এবং রৌদ্র। প্রিয় বৃশ্চিক, একটু অপেক্ষা করুন, মেঘ কেটে যাবে। ঝলমল করে উঠবে আপনার দিনগুলো। কল্যাণ হোক!

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
চলতি সপ্তাহে আপনার কাজ ও সামাজিকতা বাড়তে পারে। এটা সব দিক থেকেই আপনার জন্য ভালো হবে। ভ্রমণ হওয়াও সম্ভব এ সপ্তাহে। স্বাস্থ্য ভালো থাকবে। টাকাপয়সাও ঠিকঠাক থাকবে। শুভ হোক!

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কোনো রকম সমস্যা-সংকটে ঘাবড়ানো মকরকে মানায় না। মকর সব সময়ই সাহসী। প্রিয় মকর, সাহস নিয়ে দিন কাটান এবং জীবনের আনন্দগুলো উপভোগ করে নিন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
চলতি সপ্তাহে কুম্ভর ব্যর্থতা-সাফল্য ৪০: ৬০। কাজেই জোর কদমে সামনে এগিয়ে যান। শুভ হোক!

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
অনেক আনন্দ আসার কথা এখন আপনার জীবনে। যদি আসে তাহলে জানবেন, যোগ্যতা ছিল বলেই আপনি এগুলো পেয়েছেন। আপনার জীবনে অনেক সাফল্য আছে। এই কথা জেনে নিয়ে নতুন যাত্রা শুরু করুন। মঙ্গল হোক!