আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
মেষ রাশির এক প্রবল পুরুষ ছিলেন হলিউডের অভিনেতা মার্লোন ব্র্যান্ডো। ১৯৪০ সালের শেষ দিকে অভিনয়শিক্ষা গ্রহণান্তে মঞ্চ ও টেলিভিশন পার হয়ে ব্র্যান্ডো আসেন চলচ্চিত্রে। সেটাও ১৯৫০–এর দশক। প্রথম আবির্ভাবেই চেহারা, ব্যক্তিত্ব ও প্রতিভায় তিনি জয় করে নেন সারা বিশ্ব। পৃথিবীর সেরা চিত্রনির্মাতারা উন্মুখ হয়ে থাকতেন ব্র্যান্ডোকে ঘিরে চলচ্চিত্র নির্মাণ করতে। এমন অভিনেতা কম ছিলেন কিংবা এখনো আছেন যিনি মার্লোন ব্র্যান্ডো দ্বারা কমবেশি প্রভাবিত নন। ওদিকে মানবাধিকারকর্মী হিসেবেও ব্র্যান্ডো সততার এক সুস্পষ্ট দৃষ্টান্ত রেখে যান সারা জীবন। প্রিয় মেষ, মার্লোন ব্র্যান্ডোকে জানুন, তাহলে আপনি নিজেকে জানতে পারবেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
পৃথিবীতে আমরা যা করি, আনন্দের জন্য করি। চলতি সপ্তাহে প্রিয় বৃষ, আপনার জীবনে আসবে জমজমাট আনন্দ। এই আনন্দের মূল উৎস হবে অর্থ অর্থাৎ টাকাপয়সা। সেই সূত্রে অন্যান্য আনন্দও আপনি লাভ করবেন। অনেক ভালোবাসা আপনি পাবেন। তবে কিঞ্চিৎ নিন্দাও আপনার কপালে জুটতে পারে। ওটা গ্রাহ্য করবেন না। শুভ হোক আপনার চলতি সাতটি দিন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এ সপ্তাহটি আপনার বিরোধ নিষ্পত্তির সপ্তাহ। নিজের সঙ্গে নিজের কোনো বিরোধ থাকলে তারও সমাপ্তি হবে এই সাত দিনে। ইংরেজি ‘এস’, বাংলা দন্ত্য–স অথবা তালব্য–শ দিয়ে যাঁদের নাম শুরু তাঁরা আপনার জীবনে এখন বিশেষ শুভ হয়ে উঠবে। সপ্তাহ আপনার যথেষ্ট ভালো কাটবে।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
এখন আপনার বিষণ্ন হয়ে বসে থাকার সময় নয়। প্রসন্নচিত্তে কাজ করে যান এবং কাজের সুফল দুহাত পেতে নিতে থাকুন। কল্যাণ হোক।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চলতি সপ্তাহে কারও প্রতি আপনার প্রচণ্ড রাগ হতে পারে। জোর করে রাগ দমন করতে গেলে সেটা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তবে তাই বলে সবটা রাগের বিস্ফোরণ ঘটানো উচিত হবে না। রাগ প্রকাশে কৌশলী হোন। সপ্তাহ ভালো কাটবে।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
ইউটিউব থেকে শ্যামল মিত্রর একটি গান খুঁজে পান কি না, দেখবেন। কিশোর বয়সে এই গানটি আমাকে মুগ্ধ করত। ‘সেদিনের সোনাঝরা সন্ধ্যা আর এমনি মায়াবী রাত মিলে/ দুজনে শুধাই যদি তোমারে কী দিয়েছি/ আমারে তুমি কী বা দিলে।’
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
আপনার জীবন আগাগোড়া একটা অগ্নিপরীক্ষা। তা হলেও বর্তমান সময়ে আপনি অগ্নিপরীক্ষা পার হয়ে শান্তি এবং মুক্তির শীতল হাওয়ায় অবগাহন করবেন। জয় হোক আপনার।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
একটু কঠিন অবস্থা চলতে পারে। তবে সেটা হবে খুবই সাময়িক। চলতি সপ্তাহ শেষ হওয়ার আগেই আপনি মুক্তাঞ্চলে চলে আসবেন। তাহলে আর কী, আনন্দিত মন নিয়ে উৎসাহের সঙ্গে কাজ করতে থাকুন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
কিশোর বয়স থেকেই আমার একজন প্রিয় লেখক অস্কার ওয়াইল্ড। তিনি লিখেছেন—নো, আই ডু নট সিক হ্যাপিনেস বাট প্লেজার হুইচ ইজ মাচ মোর ট্র্যাজিক। অর্থাৎ—না, আমি সুখ খুঁজি না, খুঁজি আনন্দকে; যা অনেক বেশি মর্মান্তিক। প্রিয় ধনু, চলতি সপ্তাহে আপনার নতুন অন্য এক শুভযাত্রা। কর্ম ও আচরণে শুদ্ধ হয়ে উঠুন। উজ্জ্বল হোক আপনার ভূমিকা।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
মুম্বাইয়ের এক প্রখ্যাত সংগীত পরিচালক সি রামচন্দ্র একবার বলেছিলেন, ‘নকল কখনো আসলের সমান হতে পারে না।’ ভেবে দেখুন প্রিয় মকর, ওই মুম্বাইয়ের শীর্ষস্থান অধিকারী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে হাজার অনুকরণ করেও তাঁর সমান হতে পারেননি সুকণ্ঠী সুমন কল্যাণপুর। মোহম্মদ রফিকে অনুসরণ করেও বেশি দূর যেতে পারেননি মহীন্দ্র কাপুর ও আনোয়ার হোসেন। তাঁরা সবাই আজ হারিয়ে গেছেন। তাহলে সি. রামচন্দ্রের কথাই সত্য প্রমাণিত হলো। মকর নারী-পুরুষ খুবই মৌলিক। তাঁদের বলি, আপনারা যেমন আছেন তেমনই থাকুন। আপনাদের এক নম্বর স্থান কেউ কেড়ে নিতে পারবে না।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
সলিল চৌধুরীর কথা ও সুরে আমার প্রিয় একটি গান আছে, যা হয়তো আপনারও ভালো লাগবে—‘পথে এবার নামো সাথি/ পথে হবে এ পথ চেনা।’ এটি মূলত ক্যালকাটা ইয়ুথ কয়ার এ রুমা গুহঠাকুরতার নেতৃত্বে গাওয়া হতো। পরবর্তীকালে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি রেকর্ড করানো হয়। দৈনন্দিন জীবনসংগ্রামেও এ গানটির প্রতিধ্বনি আমরা খুঁজে পেতে পারি। শুনে দেখুন তাহলে গানটি।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আপনার জীবনে এখন এক ফোঁটা ক্ষতির সঙ্গে মেশানো রয়েছে এক শ ফোঁটা আনন্দ। মেঘের আড়ালে সূর্য। বিশ্বাস বজায় রাখুন। মেঘ সরে গিয়ে দেখা দেবে সূর্যের আলো। উর্দু গানে আছে, ‘সুবহা জরুর আয়েগি’—ভোর হবেই হবে। একটুমাত্র প্রতীক্ষা। মঙ্গল হোক প্রিয় মীন।