আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
জীবনে আমার যা কিছু মাথায় ঢুকেছে, যা কিছু শিখতে ইচ্ছে হয়েছে—তা–ই আমি শিখতে চেষ্টা করেছি। বেশির ভাগ কাজেই ব্যর্থ হয়েছি, তবু দমিনি। একবার মাথায় এল রবীন্দ্রসংগীত শিখব। শিল্পী ফারুকুল ইসলামের নেতৃত্বে ছেলেমেয়েদের ছোট একটি দল ছিল। তাতেই ভিড়ে গেলাম। যখন দলেবলে কোরাস গাই, তখন মোটামুটি কাজ চলে যায়। কিন্তু শিক্ষক যখন একা গাইতে বলেন, তখনই হয় আমার বিপদ। স্কেল বদল হয়ে যায়। নিচের দিকে গেলে গলা শুধু গাঁ গাঁ করে। আওয়াজই বের হয় না। ওপরে গেলে চৌদ্দ রকমের ফাটা আওয়াজ বের হয়। সবাই হাসতে থাকে। ফারুক ভাই বলেন: কাওসার, জীবনে অনেক কিছুই তো শিখলে। শিখছ এবং শিখবে। গানটা না হয় বাদই দাও। এই কথায় আমিও বোধ হয় বেঁচে গেলাম এবং ওখানেই হলো আমার সংগীতশিক্ষার সমাপ্তি। মেষকে বলছি, যেকোনো কাজে সাধারণত মেষ নারী-পুরুষের অসীম ধৈর্য। এই ধৈর্য দিয়ে তাঁরা সাফল্যের আকাশ ছোঁয়ার সামর্থ্য রাখেন।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সত্য কথা সোজাসাপ্টা বলতে পারাটা একটা গুণ বলেই শুনেছিলাম। কিন্তু পরে দেখলাম, মুখের ওপর অপ্রিয় সত্য কথা উচ্চারণ করাটা একটা বাজে ব্যাপার। ওভাবে মানুষকে আঘাত করার মধ্যে কোনো গৌরব নেই। একান্ত নিরুপায় হলে কথা কৌশলে ঘুরিয়েও বলা যায়। প্রিয় বৃষ, চলতি সপ্তাহে মনটা একটু নরম রেখে চলবেন। কাজেই তর্ক কিংবা ঝগড়া এড়িয়ে চলবেন। তাতে আপনার মঙ্গল হবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
কবিবন্ধু আলতাফ হোসেনকে আমি একজন শুদ্ধ কবি হিসেবে গণ্য করি। তাঁর বাংলা ভাষাটাও ছিল এবং আছে অত্যন্ত উঁচু মানের। তাঁর কাছে আমি অনেক শিখেছি। একবার তাঁর একটা কবিতার বইয়ের প্রচ্ছদ আমার আঁকার কথা ছিল। সেটা আর হয়ে ওঠেনি। দুঃখটা তাই থেকেই গেছে। মিথুন রাশির আলতাফকে বলি, তাঁর আগামী কোনো বইয়ের প্রচ্ছদটি আঁকার সুযোগ যেন তিনি আমাকে দেন। প্রিয় মিথুন, বর্তমানে আপনার খুব সৃজনশীল সময় চলছে। শিল্পচর্চা ও ব্যবসা কিংবা খেলাধুলায় আপনি দমাদম উন্নতি করবেন। এগিয়ে যান।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
মানুষের চরিত্রে ভালো–মন্দ দুটি দিকই থাকে। কেন জানি না, মানুষের ভালো দিকটাই আমার আগে চোখে পড়ে। মানুষকে আনন্দ দিতে এবং মানুষের কাছ থেকে আনন্দ পেতে আমি চিরকালই ভালোবাসি। প্রিয় কর্কট, আমি জানি, আপনিও সে রকমই। আপনার এই স্বভাব অটুট থাকুক, এই আমার কামনা। ভালো থাকুন, আনন্দে থাকুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
চলতি সপ্তাহে সিংহ নারী-পুরুষের অন্য কিছু না হোক, টাকাপয়সার আমদানিটা ভালোই হবে। শুনে খুশি হলেন তো? তাহলে এবার একটা হাই–ভোল্টেজ হাসি দিন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
স্কুলে গেম টিচার অবনীবাবু ছিলেন এক আদর্শ মানুষ। সুগঠিত দেহ, ফিটফাট পোশাক–আশাক। সব সময় মুখে হাসি। খেলাধুলা তো আছেই। মাঝেমধ্যে পড়াশোনার ক্লাসও নিতেন। তুচ্ছ কারণে শাস্তি দিতেন। কিন্তু এই শাস্তির পদ্ধতিটা ছিল অদ্ভুত। খুব জোরে ঘুষি পাকিয়ে আস্তে করে এনে আমাদের পিঠে ছোঁয়াতেন। মুখে গালি দিতেন আফ্রিকান সব জীবজন্তুর নাম ধরে—যেমন বেবুন, গন্ডার, হিপোপটেমাস ইত্যাদি। হায় রে, আজকালকার শিশুরা কী ও রকম শিক্ষক পায়? যদি পায় তো তারা ভাগ্যবান। আনন্দের মধ্য দিয়ে যে শিক্ষা, সে শিক্ষা মানুষ আজীবন মনে রাখে। প্রিয় কন্যা, চলতি সপ্তাহটি আপনার খুবই শুভ, ভালো থাকুন। আনন্দে থাকুন।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলার জীবনে একটা করে বিপর্যয় আসে, আবার চলেও যায়। বিপর্যয়ের পর মানুষের কী থাকে? থাকে সাফল্য। প্রিয় তুলা, এখন আপনার সেই সাফল্যের সময়। মনের তেজ বজায় রাখুন। কিছুতেই ভেঙে পড়বেন না। জয় হোক আপনার!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ সপ্তাহে কারও ওপর আপনার মাইন্ড ব্যাড হতে পারে, অর্থাৎ মনখারাপ হতে পারে। কথাটি শুনেই ভেঙে ছয় টুকরা হয়ে যাবেন না। সময়টা আসলে আপনার ভালো। যেটুকু ভালো না থাকবে, চেষ্টা দিয়ে সেটুকুকে ভালো করে নিন। তাহলেই তো হয়ে গেল।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
আপনারা তো অনেকেই ট্রেনে ভ্রমণ করেছেন। আমি যে সময়টার কথা বলছি, সে সময় সিলেটিদের লন্ডন যাওয়া–আসা খুব বেড়ে গিয়েছিল। একবার আমি আর আমার ছোট দুই ভাই ঢাকা থেকে ট্রেনে সিলেট যাচ্ছি। আমাদের কামরায় উঠেছেন শ্রমিকশ্রেণির এক বাঙালি ভদ্রলোক, শিশুসহ তাঁর ইউরোপিয়ান স্ত্রী। শিশুটি খুব কান্নাকাটি করছিল। ভদ্রলোক বারবার বলছিলেন: নো নো বেবি, নো খ্রাই! বেবি কান্না থামিয়েছিল কি না মনে নেই, তবে আমরা খুব হেসেছিলাম। প্রিয় ধনু, তৈরি থাকুন। চলতি সপ্তাহে আপনার ভ্রমণ হওয়া সম্ভব। এ থেকে আনন্দ এবং সাফল্য দুটোই আসবে।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
প্রিয় মকর, সাবধান। আপনার খ্যাতি কিন্তু নতুন করে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এটা শুনে আহ্লাদে এবং গর্বে ষোলোখানা হয়ে যাবেন না। এই আমার অনুরোধ।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
আজিমপুরের সগির মিয়ার রাশি কী ছিল জানি না। তবে তিনি ছিলেন এক পেশাদার স্লোগানকর্মী। পয়সা নিয়ে একই দলের পক্ষে এবং বিপক্ষে অমুক ভাই তমুক ভাই ইত্যাদি বলে স্লোগান দিতেন। শোনা যায়, একবার তাঁর বাবা স্থানীয় একটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। সেই নির্বাচনেও মিছিলে ছিলেন সগির ভাই। বাবার পক্ষেই ছিলেন। কিন্তু স্লোগানটা দিয়েছিলেন: আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই। প্রিয় কুম্ভ, চলতি সপ্তাহে এ–জাতীয় কোনো বিশ্রী ভুল করবেন না। তাতেই আপনার সপ্তাহ শুভ হবে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
কেউ কেউ অনুযোগ করেন, মীন রাশিটা সবশেষে বলে আমি নাকি ছোট করে লিখি। পাঠক, আপনি আকার দেখবেন না, গুণ দেখতে শিখুন। শুভ হোক!