আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

ক্ষমা এমন একটা জিনিস, যা চাইলেই মানুষ করতে পারে। কিন্তু ভুলে যাওয়াটা তার হাতে নেই। ওটা স্মৃতি থেকে যদি যায় তো যাবে। আমি হুকুম দিয়ে যদি বলি: ভুলে যাও। সে হুকুম মানা সম্ভব নয়। তবে একটা ব্যক্তিগত অবিচারকে ভুলে যেতে পারলেই স্বস্তি। প্রিয় মেষ, ভালো থাকুন।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

জীবনে আমরা ভালো, মন্দ, ভালোমন্দ কোনোটাই নয়—এমন বহু মানুষের সংস্পর্শে আসি। সবাইকে নিয়েই চলতে হবে। এই মানসিক প্রস্তুতি নিয়ে পথ চলুন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

লাতিন আমেরিকার বিপ্লবী চে গুয়েভারা পৃথিবীতে পরিবর্তন আনতে চেয়েছিলেন। তিনি ছিলেন মিথুন রাশির জাতক। মিথুনের চরিত্রটাই তাই। কবি নজরুল ইসলামও ছিলেন একজন মিথুন। এখানে একটা কথা বলি, চে-এর পুরো নামটা আমি তথ্যচিত্রের ধারাভাষ্যে খুব মন দিয়ে শুনলাম। দেখলাম ওটা গুয়েভারা নয়। গোভারা। যা-ই হোক, মিথুন হিসেবে আপনাকে আমি আলাদা মর্যাদা দিই। অভিবাদন গ্রহণ করুন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

আমি প্রতিদিন ভিটামিন সি হিসেবে লেবুর শরবত খাই। এতেই আমার সর্দি, কাশি, জ্বর—এসব হয় না। প্রিয় কর্কট, প্রতিদিন টকজাতীয় ফল খাবেন। এই ফলে বেশি ভিটামিন সি থাকে। আমার লেখা ভাগ্য জানার উপায় বইটিতে ভাগ্যের ওপর খাদ্যের প্রভাব নামে একটি ছোট অনুচ্ছেদ আছে। সুযোগ পেলে ওটা পড়ে নিন। ভালো থাকুন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

এক কালে যারা আপন ছিল, তারা যখন আমাকে উপেক্ষা করে আমি তখন মনে মনে ভাবি তারা যদি আমাকে উপেক্ষা করে আনন্দ পায় তো পাক। এসব মনে রাখার সময় আমার কই? প্রিয় সিংহ, নিজের ন্যায়-অন্যায় সম্পর্কে একটু সজাগ থাকুন।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

আত্মবিশ্বাস কথাটা লিখতে এবং বলতে সহজ হলেও ওটা একটা অনুশীলনের বিষয়। খুব আত্মবিশ্বাসী মানুষও মাঝেমধ্যে দুর্বল হয়ে যান। কন্যা হিসেবে সহজাতভাবেই আপনি প্রবল আত্মবিশ্বাসী। এটা বজায় রেখেই পথ চলুন।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

তুলা নারী-পুরুষের জীবনে এখন সংগ্রাম এবং সাফল্য—দুটোই আছে। এইটুকু জেনে নিয়ে শক্ত হওয়া শুরু করুন। জয় হোক আপনার!

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

টাকাপয়সা বা কোনো বস্তু হারিয়ে গেলে তার জন্য আফসোস করবেন না। ওগুলো আবার পাওয়া যায়। যেটা বস্তুগত নয়, সেটা হারিয়ে গেলে অবশ্য আফসোসের কারণ থাকে। চলতি সপ্তাহে এই কথাটি মনে রাখুন।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

মানুষের জীবনে কিছু স্মরণীয় তারিখ থাকে। অই তারিখগুলোর সঙ্গে জড়িয়ে থাকে অনেক স্মৃতি। কোনো কোনো স্মৃতি আমাদের বেদনা দেয়। তবু স্মৃতির অত্যাচারটা সহ্য করতে হয়। প্রিয় ধনু, চলতি সপ্তাহে আপনি একটু স্মৃতিকাতর হয়ে উঠতে পারেন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

আমার জীবনবৃত্তে অসাধারণ কয়েকজন মকর আছেন। এঁদের চারিত্রিক গুণ আমাকে মুগ্ধ করে। প্রিয় মকর, নিজে মুগ্ধ থাকুন, অন্যকেও মুগ্ধ করুন। শুভ হোক আপনার!

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটি গান শুনুন: সেই ভালো এই বসন্ত নয় যাক গো এবার ফিরে/ আবার কোনো বসন্ত দিন ফিরিয়ে নিয়ে আসবে দেখো তোমায় আমার কাছে।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

মীন নারী-পুরুষের মধ্যে যাঁরা লেখালেখি করেন, তাঁদের বলছি, একটা লেখা খুব দীর্ঘ হলেই যে সেটা ভালো হবে এমন নয়। যথাসম্ভব ছোট ছোট বাক্যে ছোট করে লেখা গদ্যই সবচেয়ে শক্তিশালী হয়। এই কথাটি মনে করিয়ে দিলাম ‘যাঁহাদের জন্য প্রযোজ্য’। ভালো থাকবেন সবাই।