আপনার রাশি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
আমার মেষ রাশির ছেলেটি যখন একেবারেই ছোট্ট ছিল, তখন দুপুরবেলা আমি ঘুমিয়ে থাকা অবস্থায় কেউ দেখা করতে এলে ও আমার দুই চোখের পাতায় চুমু দিয়ে ঘুম ভাঙাত। এটা কেউ ওকে শিখিয়ে দেয়নি। একদিন ওইভাবে আমাকে ঘুম ভাঙানোর পর আমি বললাম, ওনাকে বসতে বলো। ও ড্রয়িংরুম থেকে চিৎকার করে বলতে লাগল: উনা, এই যে উনা, আপনাকে বসতে বলছে। নিন, এবার বুঝুন, বাচ্চাদের একটা কথা বলতে কত হিসাব করতে হয়। চলতি সপ্তাহে প্রিয় মেষ, লোকের সঙ্গে আপনাকে একটু আলাদা কৌশলে যোগাযোগ করতে হবে। শুভ হোক!
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
২০১৭ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বর্ষ। শুধু চলতি সপ্তাহে নয়, বছরজুড়ে এ কথাটির প্রমাণ আপনি পেতে থাকবেন।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ওই যে, আকাশের গায়/দূরের বলাকা উড়ে যায়/ওরা বাসা বাঁধে না।।...স্বর্ণযুগের একটি বাংলা গান। শুনে দেখবেন, ওতে আপনার প্রশ্নের কিছু উত্তর দেওয়া আছে কি না!
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহ আপনার ভালো যাবে, তার চেয়েও ভালো যাবে বর্তমান মাসটি। তবে কিনা, ভালোমন্দ মিলেই তো আমাদের জীবন। এই কথাটি মেনে নিয়ে সপ্তাহ শুরু করুন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
বিভিন্ন স্থানের নামকরণ নিয়ে আমার কৌতূহল ছোটবেলা থেকেই। যেমন ধরুন বৃহত্তর বরিশালটা শুধু ‘কাঠিতে’ পরিপূর্ণ কেন! পুর, গঞ্জ ইত্যাদির আদি ইতিহাসটাই বা কী! আপনার জন্মস্থানের নামের অর্থ খুঁজে বের করুন, হয়তো ইন্টারেস্টিং কিছু তথ্য ও ইতিহাস পেয়ে যাবেন। আবার, আপনার পরিবারের যদি কোনো পদবি থাকে, সেটা দেখেও আপনার বংশপরিচয় বের করা যাবে। আপনার পূর্বপুরুষ কারা ছিলেন জানা যাবে। অবশ্য এটা ঠিক যে আমরা বাঙালিরা একটি ঘনমিশ্রিত জাতি। কোনো পরিবারের পাঁচ ভাইবোন দেখতে একই রকম নয়। সিংহ রাশির জাতক-জাতিকা চলতি সপ্তাহে বেশ একটু মাথাচাড়া দিয়ে উঠবেন। প্রয়োজনে গর্জনও করতে পারেন। দোহাই সিংহ, এভাবে আমাদের ঘাবড়ে দেবেন না। আমরা অতি নিরীহ মানুষ। জয় হোক!
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য গান আছে: এ কোন সকাল/রাতের চেয়েও অন্ধকার।।...গানটি আপনার সাপ্তাহিক জীবনের ওপর ছায়া ফেলবে। আমি কিন্তু আপনার হাসিমুখ দেখার প্রত্যাশা করি।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
পুরান ঢাকার এক লোকের মুখে সারাক্ষণই কান্নার ভাব লেগে থাকে। লোকে প্রশ্ন করে: আবে, রোতা কাঁহে? অর্থাৎ কান্দিস কেন? লোকটি জবাব দেয়: শাকালই অ্যায়সা! অর্থাৎ আমার চেহারাটাই ও রকম। তাহলে প্রিয় তুলা, এখন থেকে আপনি নিজের কান্না ভুলে গিয়ে হাসিমুখে থাকুন, যাতে লোকে আপনাকে জিজ্ঞেস করতে পারে: তুমি সব সময় অমন করে হাসো কেন?
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
ছোটবেলাকার সিনেমা বিজ্ঞাপন: অদ্য রজনীতে দেখুন নৃত্যগীত পটীয়সী বোম্বাইশ্রেষ্ঠা নায়িকা অমুক কুমারীর ছমছমানি ঝমঝমানি নাচগান ও নায়ক অমুক কুমারের দুর্ধর্ষ প্রেম ও ফাইটিং-এ পরিপূর্ণ ফিলিম ‘পেয়ারকা ধড়ম খুন কা ফড়ম’! সেসব ছিল এক রোমাঞ্চকর সময়। তবুও বলি, নিজের শৈশবের স্মৃতির মধ্যে ফিরে যান। কিছু না পান, আনন্দ তো পাবেনই।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
রবীন্দ্রনাথের একটি গান আছে যা তিনি স্রষ্টার উদ্দেশ্যে বলেছেন: এরে ভিখারি সাজায়ে, কী রঙ্গ তুমি করিলে/হাসিতে আকাশ ভরিলে/পথে পথে ফিরি, দাঁড়ায়ে দাঁড়ায়ে যাই।।...অর্থ বুঝতে হলে গানটির পুরোটা আপনাকে শুনে নিতে হবে। এর সঙ্গে মেলাবেন নিজের জীবনের গল্প।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
খেলাঘর বাঁধতে লেগেছি/আমার মনের ভিতরে।...আবার সেই রবীন্দ্রনাথে প্রত্যাবর্তন। গানটি শুনুন এবং নিজের সঙ্গে মেলান। পুরোটা না হলেও অন্তত কিছুটা তো নিশ্চয়ই মিলবে।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এডিস মশা চিকনগুনিয়া ও ডেঙ্গুর জীবাণু বহন করে, এই তথ্য আমরা ইতিমধ্যে জেনে গেছি। এই মশাকে ঠেকানোর সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে মশারি। তবে আমার মতো অনেকেই আছেন যাঁরা মশারি ব্যবহার করতে পারেন না, এঁদের জন্য মোক্ষম একটি উপায় বলে দিই: রসুন মেশানো সরিষার তেল গরম করে হাতে-পায়ে-গায়ে মেখে নিন। দেখবেন, এডিস কেন, কোনো মশাই আপনার গায়ে বসতে পারবে না। প্রিয় কুম্ভ, আশা করছি বার্তাটি আপনি অন্য সবাইকে জানিয়ে দেবেন। সপ্তাহ আপনার জন্য শুভ রয়েছে।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
আমরা বলি তাসের ঘর। কথাটা এসেছে ইংরেজি ‘হাউস অব কার্ডস’ থেকে। হ্যাঁ, অনেক সময় আমরা তো তাসের ঘরই বাঁধি। একটু টোকা লেগেই যা ভেঙে পড়ে যায়। তবে আমার বিশ্বাস, আপনার সাপ্তাহিক জীবনে ওই ধরনের কোনো বিপর্যয় ঘটবে না। শুভ হোক সকলের!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী