আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬

প্রথমে রাশি-লেখকের দুটি নিজের কথা বলে নিই। বিরক্ত হবেন না প্লিজ, দিদি ও দাদারা। জইতিশি হলেও আমিও তো মানুষ।...আমার পিতৃ এবং পুত্রদেব-এর জন্মতারিখ হুবহু এক: ১৫ এপ্রিল/ ২ বৈশাখ। দুজনের দৈহিক গড়ন এবং ব্যক্তিত্বের বৈশিষ্ট্যে দেখা যায় আশ্চর্য মিল। সেটা দাদা-নাতি হিসেবে হতেই পারে। তবে, আমার বাবার নাতিপুতির সংখ্যা তো ডজন ডজন। এদের মধ্যে একজনও তাঁর মতো কাঁটায়-কাঁটায় একরকম নয়। তবুও ভেবে দেখুন, পৃথিবীতে কোনো দুজন মানুষ এক নয়, এমনকি যমজ হলেও না। রাশি এবং জন্মসংখ্যা এক হলেও না। মেষ জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য নতুন করে জানতে চাইলে পড়তে পারেন আমার সদ্য প্রকাশিত ভাগ্য জানার উপায় বইটি। ‘প্রথমা প্রকাশন’-এর সব স্টল/লাইব্রেরিতে এটি পাওয়া যাচ্ছে। এই বইটি লেখা হয়েছে সাধারণ পাঠক এবং অ্যাস্ট্রলজি শিখতে আগ্রহী যেকোনো মানুষের জন্য। আমার জ্যোতিষী জীবনের কিছু মজার অভিজ্ঞতাও (কেস স্টাডি) দেওয়া হয়েছে মাত্র প্রায় ১০০ পৃষ্ঠার এই বইতে।...প্রিয় মেষ, শুভ সময়ের মধ্য দিয়ে কাটবে আপনার চলতি সাত দিন।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১

যদিও এখন আপনার সুসময়, তবুও সজাগ দৃষ্টি ফেলে সামনে চলুন। একটু অসাবধান হলে আপনার সাপ্তাহিক কাজকর্মের সাফল্যগুলো খানিকটা হলেও পিছিয়ে যেতে পারে। ‘১৯ শ ছোটবেলায়’ সুজেয় শ্যামের সুরে এবং প্রয়াত অমর শিল্পী মাহমুদ-উন-নবীর কণ্ঠে রেডিও-তে আমার লেখা একটা গান বাজত: অনুষ্ঠানের শেষ গানখানি গাইলে যখন তুমি/শেষের সারির শেষ কোণটিতে দাঁড়িয়ে ছিলাম আমি।...মাহমুদ-উন-নবীর দুই সুযোগ্য কন্যা ফাহমিদা নবী ও সামিনা চৌধুরীর কণ্ঠে এই গানটা যদি নতুন করে জেগে উঠত তাহলে আমার জন্য সেটা হতো এক দামহীন পুরস্কার। গানটিকে বাঁচিয়ে তুলতে হলে সুরকার সুজেয় শ্যামের সাহায্য নেওয়া ছাড়া দ্বিতীয় পথ দেখি না। যা-ই হোক বৃষ, আজসহ আগামী শুক্রবার পর্যন্ত, আবার বলি, আপনার শুভ সময় রয়েছে নিশ্চয়ই। তবে পূর্ণ সাফল্য পেতে হলে প্রয়োজন হবে আপনার পরিপূর্ণ শ্রম অশ্রু ঘাম। এই কথাটি প্রধানত প্রযোজ্য বৃষ শিল্পী, ব্যবসায়ী এবং ক্রীড়াবিদের ক্ষেত্রে। সপ্তাহের শেষ দিকে তর্ক করুন, তবে ঝগড়া করবেন না। আপনি ভালো করেই জানেন, ঝগড়া এবং তর্ক এক জিনিস নয়। মাই ডিয়ার বোন অ্যান্ড ভাই, আমি এ কথা মানি, তর্ক-অতর্ক-কুতর্ক-সুতর্ক-বিতর্ক হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার। অপর পক্ষে ক্ষেত্রবিশেষে ঝগড়া করা এবং ঝগড়া শোনা বা দেখাও একটা স্পেশাল বিনোদন হয়ে উঠতে পারে। সে যা-ই হোক, সতর্ক পায়ে অগ্রসর হলে আপনি মন্দ ভাগ্যকে এড়িয়ে যেতে পারবেন। ‘শিউর’!

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

মিথুন কবি নির্মলেন্দু গুণ-কে একজন প্রশ্ন করেন: আপনি দাড়ি রাখেন কেন? কবি পাল্টা প্রশ্ন করেন: আপনি দাড়ি রাখেন না কেন? সাহস কিংবা বোকামি করে আমাকেও একজন জিজ্ঞেস করেন: স্যার, আপনি দাড়ি রাখেন কেন? আমি বলি: আমি তো রাখি না, সে আপনা থেকে আসে অর্থাৎ গজায়। গ্রিক শাস্ত্র অনুযায়ী বিশেষ করে মিথুন ও কুম্ভ হচ্ছে ‘পরিবর্তনের হোতা’। মূলত মিথুন নারী-পুরুষ প্রতিবাদী ও বিপ্লবী চরিত্রের অধিকারী। যেমন ধরুন নজরুল, চে গুয়েভারা, ভারতের কণ্ঠশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, আমাদের সদ্য প্রয়াত সঙ্গীতজ্ঞ লাকী আখান্দ্‌। এঁরা সবাই মিথুন রাশির জাতক। এঁরা সবাই পৃথিবীতে উল্লেখযোগ্য পরিবর্তনের সূচনা করেছেন। মিথুন নারী কিংবা পুরুষ হিসেবে আপনি চলতি সপ্তাহে দেশের ভেতরে-বাইরে ভ্রমণে যেতে পারেন। সবাই হয়তো নয়। শহরবন্দী মিথুন এখন যাবেন গ্রাম, বন অথবা পাহাড়ি অঞ্চলে। সাগরপাড়েও যেতে পারেন। আর ওই সব জায়গায় যাঁরা থাকেন তাঁরা আসতে পারেন শহর-বন্দর-নগরে। ওফ, মুই জইতিশি মরিয়া যাই ঈর্ষা হিংসা হতাশায়। সিলেট যেতে পারিনি কত বছর যে হয়ে গেল!...কোন্ পাখি/ধরা দিতে চায় অসীম আকাশ ছেড়ে সোনার খাঁচায়/ তুমি তার নাম বলে দাও, দাও, দাও (হেমন্ত)। (প্রসঙ্গত বলি: আমার নিজের রাশি হচ্ছে ধনু)। তাইলে ‘ডিয়ারমোস্ট’ মিথুন, এই সাত দিন আপনি ঘুরে বেড়াবেন, উড়ে বেড়াবেন এ গাছ থেকে ও গাছে; এ ডাল থেকে ও ডালে। আহ, ঠান্ডা হাওয়ায় ভেসে বেড়াতে কী যে আরাম, বিশেষত মনের মতো সঙ্গী থাকলে পাশে!

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

আমার একটা বই বাজারে এনেছে ‘প্রথমা প্রকাশন’: ভাগ্য জানার উপায়। ১১১ পৃষ্ঠার ছোট এই বইটিতে আমি চেষ্টা করেছি অনেক জ্যোতিষশাস্ত্রীয় পদ্ধতি অল্প অল্প করে ছুঁয়ে যেতে—হাত দেখা, রাশিশাস্ত্র, নিউমারলজি, চেহারা দেখে মানুষ চেনা (ফিজিওনমি) ইত্যাদি ইত্যাদি এবং ইত্যাদি। হয়তো বইটা আপনার কৌতূহল মেটাবে। চাইলে এই বই পড়তে পড়তে আপনি জ্যোতিষশাস্ত্র শেখাও শুরু করতে পারেন। জ্যোতিষশাস্ত্র তথা রাশিশাস্ত্রের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই জেনেও আমি অন্য কাজের পাশাপাশি জ্যোতিষচর্চা করছি সেই ‘উনিশ শ ছোটবেলা’ থেকে। আমি তো ভাবি যেকোনো পেশায় থেকে নিজের এবং অন্যের কিছু কাজে আসতে না পারলে বেঁচে থাকারই সার্থকতা নেই। রাশিফলের মধ্যে তাই আমি নানা ধরনের বার্তা জুড়ে দিই, যাতে তা পাঠকের জন্য কিছুটা হলেও ইউজফুল হয়। পাঠকের কাজে লাগে। যেমন ধরুন, এই যে এখন একটা টোটকা বাতাব: ডেঙ্গু (প্রকৃত উচ্চারণ ‘ডেঙ্গি’) থেকে বাঁচার উপায়। উপায়গুলো আজকাল অবশ্য বহুল প্রচারিত। কিন্তু আমি যেটা বলব—সেটা শহর-বন্দর-গ্রাম-গঞ্জ সর্বত্র সহজেই সবাই চেষ্টা করে দেখতে পারেন। আমি নিজে এর প্রমাণ পেয়েছি। অল্প গরম রসুন মেশানো সরিষার তেল ছোট বাচ্চাদের হাত-পা গায়ে মাখানোর চর্চা চালু আছে। এর অনেক রকম উপকার রয়েছে। অন্যতম হচ্ছে: যদি ওই তেল মেখে শুয়ে বা বসে থাকেন তাহলে ডেঙ্গু কেন, কোনো মশার বাপও আপনার গায়ে বসতে পারবে না। এই ঢাকারই অনেক এলাকায় দিনের বেলায়ও মশা কামড়ায়। অনেকে মশারির ভেতর টেবিল-চেয়ার নিয়ে বসেন লেখাপড়া করার জন্য। ক্ষতিকর জেনেও মশার হাত থেকে বাঁচার জন্য কীটনাশক ব্যবহার করেন অনেকে। গায়ে মাখার মশা নিবারক ক্রিম মেখেও নাকি লাভ হয় না। তাহলে, রসুন ও সরিষার তেলের মূল্যবৃদ্ধির আশঙ্কা মনে রেখেও আপনাকে আমি ওই টোটকা জানালাম। পরীক্ষা প্রার্থনীয় অ্যান্ড বিফলে মূল্য ফেরত।...(মিরপুরে থাকেন কবি আলতাফ হোসেন। তিনি দিনের বেলায়ও মশারির ভেতর ল্যাপটপ নিয়ে বসে কাজ করতে বাধ্য হন। ওপরের টোটকাটি তাঁকেও দিয়েছি।) প্রিয় কর্কট, সপ্তাহের রাশিফল পড়তে বসেছেন, পড়ুন। আমার দিকে অমন চোখ লাল করে তাকাবেন না। সপ্তাহ আপনার ৪০ ভাগ শুভ।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

নজরুল ইসলামের এই গানটি আমার কৈশোর থেকেই দারুণ প্রিয়, হয়তো আপনারও তা–ই: শাওন আসিল ফিরে/ সে ফিরে এলো না/ বরষা ফুরায়ে গেল/ আশা তবু গেল না।...শ্রাবণই তো শাওন, তাই না? আমি রক্তসূত্রে ভ্রমণপ্রিয়। খুব ইচ্ছা ছিল কিশোরগঞ্জের নিসর্গসুন্দরী কুলিয়ারচর-এ বেড়াতে যাব। আমার প্রিয় তরুণ সাংবাদিক শাওন খান অতি আগ্রহে বলেছে: চলুন স্যার আপনাকে নিয়ে যাব, আমার বাড়ি ওখানটায়। আমি রোমাঞ্চিত, কিন্তু তাহলে হবে কী, আমি যে রাজধানীর রড ইট কংক্রিট সিমেন্টের খাঁচায় এক বন্দী পশু! তা ছাড়া আমি অন্যের বাসাবাড়িতে রাত কাটাতে অভ্যস্ত নই। যাকগে, সিলেটেই তো আমার যাওয়া হয়নি কয়েক বছর ধরে! ‘ডিয়ারমোস্ট’ সিংহ, আপনার চলতি সপ্তাহটি হতে যাচ্ছে ভেরি নাটকীয়তা-রোমান্টিকতায় পরিপূর্ণ। এর সঙ্গে মেশানো থাকতে পারে এক চিমটি কষ্ট। ওতে মাইন্ড ব্যাড করা অর্থাৎ মন খারাপ করা চলবে না। অক্কে?

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

লাকী আখান্দের সুরে আমার লেখা একটি গান—তখন ছিল, এখন নেই—শিল্পী সামিনা চৌধুরী গেয়েছিলেন: রবিঠাকুরের গান গাই/ প্রাণ ভরে, প্রাণ ভরে/ যদি সেই গানে সান্ত্বনা কিছু আনে/ আমার বেদনা ধুয়ে যাবে নিঃশেষে/ ফিরে পাব আলো আমার গভীর ধ্যানে। কন্যা কন্যা কন্যা/ তোমার ডান চোখে হাসি কেন আজ/ বাম চোখে কান্নার বন্যা বন্যা বন্যা।। পুনরাবৃত্তি করে বলি: ভোর রাতের নিঃশব্দ অশ্রুজলের মতো পবিত্র জলধারা আর নেই। নিজের জন্য দুই ফোঁটা চোখের জল ফেলার অধিকার সবারই আছে। প্রিয় কন্যা, কান্না পেলে কাঁদুন। কান্না শেষ হলে সূচিত হবে আপনার এক আলোকিত তাজা নতুন দিন। শুভ হোক!

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

আমি এক দরিদ্র জ্যোতিষী,/ ধরে আছি গাঢ় অন্ধকারে/ তোমার দক্ষিণ হাত;/ ভয় কী,/ তুমি পার হয়ে যাবে এই/ তুফানি ঝড়ের রাত।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

কোন্ সেই মোগল আমলে সুজেয় শ্যামের সুরের সঙ্গে মিলিয়ে আমি একটা গান লিখেছিলাম মনে পড়ে। আজ অবধি কাউকে দিয়ে গাওয়ানো হয়নি ওটা: আমায় তুমি মিনতি করেছ/ তোমায় মুক্তি দিতে/ তাই আমি আজ চলে এলাম আঁধারের সীমানাতে।...সম্ভবত গানটির এক জায়গায় ছিল: অসীম আঁধারে যেখানে এসেছি আজ/ সেখান থেকে তো ফেরাবার কেউ নাই।...চলতি সপ্তাহে আপনার সামনে শুয়ে আছে সাতটি স্বর্ণালি দিন। মুখ কালা করে থাকা/ ‘আর কি সাজে’। চাই হাসি, চাই খুশি, চাই অদমনীয় চলার গতি।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

মনের মতো গান শোনার ইচ্ছা হলে নিজের লেখা কোনো গানের কথা আমার ভাবনায় আসে না। ফিরে যেতে হয় শৈশব-কৈশোর-তরুণকালে শোনা গানগুলোর কাছে। এসব গানের বেশির ভাগই নজরুল, রবীন্দ্রনাথ প্রমুখের গান। এরপর আধুনিক এবং লোকগান। আর ওদিকে রয়েছে উর্দু গজল। পশ্চিমা গীতি আগে তো শুনতাম, এখন প্রায় একেবারেই না। আজকাল বাধ্যতামূলক টিভি দেখা হয়। ফাটা, ভাঙা কিংবা চিকন গলায় যখন কোনো তরুণ কণ্ঠশিল্পী দুই পা এক্সট্রা বিস্তার করে পরম নিষ্ঠা এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বেসুরে ভুল সুরে ‘ভুল উসসারণের’ গান ধরেন—তখন আমি মুগ্ধ নয়নে তাঁর দিকে তাকিয়ে থাকি। নারী কণ্ঠশিল্পীদের মধ্যেও অনেকটা এই ধরনের প্রবণতা দেখতে পাই এবং তখন আমি লাফিয়ে উঠে অন্য কোনো চ্যানেলে চলে যাই। প্রিয় সুপ্রিয় অপ্রিয় জনপ্রিয় ধনু, চলতি সপ্তাহে সামাজিক, পেশাগত ও অন্যান্য ব্যস্ততা আপনার বাড়বে। আর ব্যথা থেকে আপনি ভেসে যাবেন আলো হাওয়া আনন্দের দিকে।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

অতীতের লোভনীয় সিনেমা বিজ্ঞাপন হুবহু না হলেও অনেকটা এ রকম ছিল: নৃত্যগীতপটীয়সী বোম্বাইশ্রেষ্ঠা নায়িকা জনপ্রিয়া অমুক কুমারীর ছমছমানি ঝমঝমানি এবং সুদর্শন নায়ক অমুক কুমারের দুর্ধর্ষ প্রেম ও ফাইটিংয়ে ভরপুর ফিলিম ‘পেয়ার কা ধড়ক খুন কা ফড়ক’—লালকুঠি ও রঙমহল সিনেমা হলে একযোগে—ইত্যাদি। আপনি যদি এই মনোমুগ্ধকর বিজ্ঞাপনের মর্মার্থ বুঝতে না পারেন তাহলে বলে দিই: নাচে গানে পটু/ পারদর্শী মুম্বাইশ্রেষ্ঠ নায়িকা অমুক কুমারীর (যেমন, মীনা কুমারী) ছমছম ঝমঝম নাচ-গান এবং নায়ক সুদর্শন অমুক কুমারের (যেমন, অশোক কুমার) দুর্ধর্ষ প্রেম ও ফাইটিংয়ে ভরপুর ছায়াছবি (কল্পিত নাম, ভুল হিন্দি থেকে বাংলা): প্রেমের ধড়ফড়ানি, ইত্যাদি। ‘মাই ডিয়ারমোস্ট’ মকর কিশোর-কিশোরী, তরুণ-তরুণী অ্যান্ড গুরুজন/মুরব্বি, চলতি সাত দিন কিংবা তার চেয়েও বেশি আপনার কাটবে ভালোবাসা-প্রেমানন্দে অ্যান্ড যত্রতত্র ভ্রমণে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

শহরে সদ্য আসা সেই যে কিশোরটির কথা একবার বলেছিলাম, যে আমাকে বলেছিল: ছার, আমি কুংফুং রাশির ঝাতক (জাতক)—কুম্ভ-র রাশিফল লিখতে বসলেই তাকে আমার মনে পড়ে যায়। শুনে আপনি হাসতে পারেন—কোথায় কুম্ভ আর কোথায় মার্শাল আর্ট কুংফু, আমার কিন্তু ছেলেটির কথা মনে পড়লে একটু মায়াই হয়।...চলতি সপ্তাহে যেকোনো কুম্ভ নারী ও পুরুষ নিজ নিজ ক্ষেত্রে ঝলমল উজ্জ্বল হয়ে উঠবেন। নেতৃত্ব অবস্থানে উঠে আসবেন। বিশেষ করে তরুণ বয়সী কুম্ভ এই সাত দিনে নতুন আর্থিক এবং অন্যান্য উন্নতির সিঁড়িতে পা রাখবেন। জয় হোক!

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

আমার প্রিয় একটি অতীত যুগের গান আছে—মাঝে মাঝেই আমি গুনগুন করি: একটি দুটি/ তারা করে উঠি উঠি/ মনকে দিলাম ছুটি তাই গো/ এই সন্ধ্যায় (দ্বিজেন মুখোপাধ্যায়)। প্রিয় শনিবারের সাপ্তাহিক মীন, গানটি পারলে শুনবেন। শুনে ভেবে দেখবেন অন্য আরেকটি গানে যাওয়া যায় কি না: আজ তারায় তারায় জ্বলুক বাতি/ আমার আঁধার সরিয়ে দাও...(হেমন্ত), নয়তো এই একই শিল্পীর গাওয়া: এ কী চঞ্চলতা জাগে আমার মনে,/ ভালো লাগে, কত ভালো লাগে—তারপর গানটির দুটি লাইন: তারাভরা এই রাত/ আসেনি কখনো আগে।।...মীন নারী-পুরুষ (প্রেমিক-প্রেমিকা, দম্পতি) চলতি সাত দিন ধরে যেমন একান্ত অন্তরঙ্গ হয়ে চলবেন—তেমনই চিমটিখানেক চটাচটি ঘটে যাওয়ারও সম্ভাবনা আছে দুজনের মধ্যে। শুভ হোক সবার এই আকস্মিক বৃষ্টিভেজা সকালে!

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটাকে আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী