আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি

মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
বুদ্ধদেব বসু (বুদ্ধদেব গুহ নন), লেখালেখিতে আমার আদি গুরু। সেই প্রথম-দ্বিতীয় শ্রেণি থেকে আমি তাঁর লেখা পড়ি। তাঁর লেখা তিথিডোর আমার পড়া জীবনের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। কলকাতা থেকে পুষ্টিবিজ্ঞানী সাথী আমার জন্য বইটি উপহার নিয়ে এসেছেন। নতুন করে বইটি পড়ছি। নতুন করে নিজেকে আবিষ্কার করছি। যাঁরা বইটি পড়েননি, পড়ে নেবেন। শুরু করলে ছাড়তে পারবেন না। আগে তো চারুকলায় বিদেশি ভিজিটিং লেকচারাররা আসতেন। এঁদের একজন বলেছিলেন, শিল্প-সাহিত্যে প্রভাবিত হওয়া দোষের কিছু নয়, তবে অনুকরণ একটা পাপ। তো বুদ্ধদেব বসু কর্তৃক আমি যথেষ্টই প্রভাবিত। এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। যাঁরা বুদ্ধদেব বসু পড়েন বা পড়েছেন, তাঁরা আমার লেখার স্টাইলে হয়তোবা বুদ্ধদেব বসুকে খুঁজে পাবেন। যা-ই হোক, বুদ্ধদেব বসুর দ্বারা প্রভাবিত হয়ে আমি নিজেকে অনেক ভালোভাবে প্রকাশ করতে পারি। আপনাকেও বলি, ভালো লেখক দ্বারা প্রভাবিত হওয়া মন্দ কিছু নয়। মেষ–এর প্রতি চলতি সপ্তাহে এই আমার বক্তব্য।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
সংগীত হচ্ছে একটা মহৌষধ। মনের মধ্যে জঞ্জাল জন্মালে সংগীতে মন দিন, জঞ্জাল দূর হয়ে যাবে। এটা একটা বৈজ্ঞানিক সত্য। পরীক্ষা করুন, প্রমাণ পাবেন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

মিথুন জীবনের একটি বাঁক পার করছেন। এই বাঁকের শেষে তাঁর জন্য আছে উজ্জ্বল পুরস্কার। বিশ্বাস রাখুন, প্রমাণ পাবেন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

নিজের কল্পনাশক্তিটাকে খুলে দিন। এই কল্পনাশক্তির সঙ্গে আপনার বাস্তবতাবোধ মিলিয়ে আপনি অসামান্য সাফল্য অর্জন করতে পারবেন। সেটা যেকোনো কাজেই হোক না কেন।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

সিংহের জীবনে এক নতুন অধ্যায় আগত। এই নতুন অধ্যায়টাকে ভালোভাবে ধরুন, আপনার চিন্তার কিছু থাকবে না। নতুন সাফল্যে আপনার জীবন আলোকিত হয়ে উঠবে।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

কন্যা, এ সপ্তাহে তোমার ঘুম ভাঙবে। তুমি সামনে দেখতে পাবে এক নতুন জীবন। নতুন আশা ও বিশ্বাস নিয়ে তুমি চলতে শিখবে। তোমার চলার পথে রইল আমার শুভ ইচ্ছা।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

জীবনের নানা চড়াই–উতরাই পার হয়ে তোমার যাত্রা। তোমার বর্তমান নতুন জীবনে রয়েছে এক উত্থান। এই উত্থানকে স্থির মনে আনন্দিতচিত্তে বরণ করে নাও। তোমার পেছনে ফিরে তাকানোর কিছু নেই।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

অন্য কিছু রাশির মতো বৃশ্চিকেরও এখন সুদিন। সুদিনের ওপর চোখ রাখো, পেছনের দুর্দিনকে ভুলে যাও। পৃথিবীতে যে সামনে চলতে জানে, তারই জয় হয়। বৃশ্চিকের চলার পথে আমার শুভকামনা রইল।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

বিপর্যয় কাটিয়ে সামনে চলা ধনুর একটি রাশিগত বৈশিষ্ট্য। প্রিয় ধনু, এবারেও আপনার এক নতুনের পথে জয়যাত্রা শুরু হলো। সামনে চলুন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

নতুন নতুন বৈচিত্র্য এসে আপনার জীবনকে ভরে দেবে। এসব বৈচিত্র্যকে উপভোগ করুন এবং সাফল্যের পথে হাঁটুন। আপনি পারবেন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

সাহস হচ্ছে মানুষের প্রধান শক্তি। সাহসে ভর রাখুন, আপনি অবশ্যই সামনে এগিয়ে যেতে পারবেন। জয় হোক!

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

মীন–এর জন্য এ সপ্তাহে শুভ সংবাদ আছে। সপ্তাহ গড়ালেই মীন সেটা টের পাবেন। সুসংবাদ পেলে আমাকে জানাতে ভুলবেন না।