আপনার রাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
জীববৈচিত্র্য সম্পর্কে খুব বলা হয়। এ প্রসঙ্গে আমাদের সিলেট শহরের অধুনালুপ্ত বাড়িটির কথা খুব মনে পড়ে। বিশাল দুটি জোড়া প্লট, দুটি পুকুর, অজস্র ফুল ও ফলের গাছ—এই নিয়ে ছিল আমাদের বাড়িটি। আগে থেকেই গাছ–গাছালি ছিল, তার ওপর আমার বাবা নিজ হাতে লাগিয়েছিলেন নানা জাতের ফুল ও ফলের গাছ। মাঝখানে ছিল টিনের চাল দেওয়া আমাদের বাড়িটি। ঝড়ের সময় আমরা পাতার শন শন আওয়াজ শুনতাম, শুনতাম টিনের চালে বৃষ্টির ঝম ঝম শব্দ। শহরে থেকেই মনে হতো জঙ্গলে আছি। প্রজাপতি উড়ে বেড়াত, ফড়িং ছিল, গাছে কাঠবিড়ালি দেখতাম। এই নিয়েই সুরক্ষিত ছিল জীববৈচিত্র্য। প্রিয় মেষ, সুযোগ থাকলে বাড়িতে গাছ–গাছালি লাগান। প্রকৃতির কাছাকাছি যান। জীবন সুন্দর হয়ে উঠবে।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
চলচ্চিত্রে নায়ক–নায়িকার গ্ল্যামার সম্পর্কে বলা হয়। গ্ল্যামারের বাংলা আমি জানি না, আমার মনে হয় নারীপুরুষের দৈহিক সৌন্দর্য, মেধা ও ব্যক্তিত্ব মিলিয়েই গ্ল্যামার তৈরি হয়। বর্তমান বিশ্বে হলিউডের টম ক্রুজকে সবচেয়ে গ্ল্যামারাস অভিনেতা হিসেবে ধরা হয়। আজ শুধু পুরুষদের কথাই বলছি। গ্ল্যামারাস অভিনেতা টম ক্রুজের আগেও ক্লার্ক গেবল, রবার্ট টেইলার, রক হাডসন, গ্রেগরি পেক—এঁদেরও কি অসাধারণ গ্ল্যামার ছিল না? বহু সাধারণ চেহারার মানুষের মধ্যেও গ্ল্যামার থাকতে দেখা যায়। বৃষ পুরুষ ও নারীদের মধ্যে আমি তো অনেক গ্ল্যামারাস মানুষকে চিহ্নিত করেছি। প্রিয় বৃষ, চর্চা দ্বারা গ্ল্যামার অর্জন করুন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
বাংলাদেশে সুস্থ চলচ্চিত্র আন্দোলনের পুরোধা মুহম্মদ খসরু চলে গেলেন। অগোছালো বেশবাস, কাঁধে কাপড়ের ব্যাগ—এই নিয়ে সারা জীবন তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন। ধ্রুপদী নামে চলচ্চিত্রবিষয়ক মননশীল একটি সাময়িকী সম্পাদনা করতেন। তাঁর ফিল্ম সোসাইটির সদস্য হয়ে বহু ভালো ভালো ফিল্ম আমি দেখেছি। আমাকে একবার বলেছিলেন: তিন শ শব্দের মধ্যে ঋত্বিক কুমার ঘটকের ওপর একটি লেখা দাও। খসরু ভাইয়ের সেই অনুরোধ আর রক্ষা করা হয়নি। ঋত্বিকদা বলতেন: আর্ট ফিল্ম ও বাণিজ্যিক ফিল্ম বলে কিছু নেই। ফিল্ম হয় ভালো, নয় মন্দ। আমার বিশ্বাস, মুহম্মদ খসরুও এই কথা বিশ্বাস করতেন। ভালো ছবির জন্য তিনি জীবন উৎসর্গ করে গেছেন। প্রিয় মিথুন, ভালো ছবি তৈরি করুন, ভালো ছবি দেখুন।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
প্রচলিত তালিকার বাইরে গিয়ে কয়েকজন কণ্ঠশিল্পীর গান আমার খুব ভালো লাগে: ধনঞ্জয় ভট্টাচার্য এবং পরবর্তী যুগের সুবীর সেন, গীতা দত্ত, পিন্টু ভট্টাচার্য এবং আমাদের দেশের মাহমুদুন্নবী। যেকোনো শ্রোতা এঁদের বৈশিষ্ট্য ধরতে পারবেন। প্রিয় কর্কট, গানের চর্চায় নিজের বৈশিষ্ট্য গড়ে তুলুন। শ্রোতা হিসেবেও বিশেষ রুচি গ্রহণ করুন। সপ্তাহ আপনার শুভ।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
আজকাল টিভি খুললে বাংলা তো বটেই, অদ্ভুত ধরনের সব ইংরেজি উচ্চারণও শুনতে পাই—পরফেকশন, পরফরম্যান্স, বিক্যাজ, কসাইটিং ইত্যাদি। কর্মজীবন এবং কর্মজীবনের বাইরে আমি প্রচুর সুশিক্ষিত ইংরেজি ভাষাভাষীর সঙ্গে মিশেছি। কাউকে তো অমন অদ্ভুত উচ্চারণ করতে শুনিনি। আমাদের একদল তরুণ-তরুণী যে কোথা থেকে ওই সব ইংরেজি উচ্চারণ অর্জন করলেন জানি না। প্রিয় সিংহ, যেকোনো ভাষাই শিখুন, মূল উচ্চারণের কাছাকাছি থাকুন। শুভ হোক।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
আমার প্রিয় চিত্রনির্মাতাদের মধ্যে একজন হচ্ছেন কন্যারাশির জাতক সৈয়দ সালাহউদ্দিন জাকী। তাঁর ঘুড্ডি ছবিতে আমি দুটি গান লিখেছিলাম। অসাধারণ পণ্ডিত, অসাধারণ ভালো মানুষ। সুযোগ থাকা সত্ত্বেও তিনি যে পরে আর কোনো ছবি তৈরি করলেন না—এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। বিশ্বখ্যাত নির্মাতা ফ্লহার্টি ছবি তৈরি ছেড়ে দিয়ে বলেছিলেন: সিনেমা তৈরির খরচ যেদিন কাগজ পেনসিল কেনার খরচে নেমে আসবে, সেদিন আবার সিনেমা বানাব। জানি না কথাটি পড়লে সৈয়দ সালাহউদ্দিন জাকী ফ্লহার্টির সঙ্গে একমত হবেন কি না! কল্যাণ হোক কন্যা নারীপুরুষের।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
তুলা রাশির নারীপুরুষের এখন রমরমা সময়। ছোটখাটো কিছু সমস্যা থেকে থাকলেও তাঁদের প্রতি অনুরোধ, ওগুলোকে অগ্রাহ্য করুন। জয় হোক।

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
তুলার মতো বৃশ্চিকেরও এখন একটা চমৎকার সময় চলার কথা। প্রিয় বৃশ্চিক, মনকে সতেজ রাখুন। সামনে চলাই এখন আপনার একমাত্র কাজ।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ধনু নারীপুরুষ বোধ হয় স্বপ্নের ভেতরেও স্বপ্ন দেখেন। আমার একটি কবিতা ছিল: ঘুমের মধ্যে ঘুমহীনতার স্বপ্ন দেখা। প্রিয় ধনু, সকল মহৎ স্বপ্নকে সত্য করার কাজে নামুন। মঙ্গল হোক আপনার।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
ছোটবেলায় ঢাকা বেতার থেকে পুরুষ কণ্ঠে একটি গান প্রায়ই শুনতাম: মনে নেই যখন আমি ছোট্ট ছিলাম, ভীরু ছিলাম, লালমোরগের পাখায় ছিলাম আর মায়ের চোখের তারায় ছিলাম প্রাণের অলংকার…। প্রিয় মকর, এ সপ্তাহে আপনার ছোটবেলার স্মৃতি মনে পড়বে। ভালোই লাগবে তখন।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এই বয়সে এসে আমি তো আজও ভালোবাসি সচল কার্টুন মিকি মাউস, ডোনাল্ড ডাক, টম অ্যান্ড জেরি। ভালোবাসি সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান। আমি এখনো উপভোগ করি ব্রুস লির ছন্দময় মার্শাল আর্ট ইত্যাদি। প্রিয় কুম্ভ, নিজের ভেতরের শিশু মনটিকে যত দিন বাঁচিয়ে রাখতে পারেন, তত দিনই থাকবে আপনার নির্মল আনন্দ। কল্যাণ হোক।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
চলতি সপ্তাহটি আপনার ‘বিনিময় সপ্তাহ’। প্রচুর দেবেন, প্রচুর পাবেন। এবারে আয়নার সামনে গিয়ে একটু মুচকি হাসি দিন। শুভ হবে আপনার চলতি সপ্তাহ।