আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
ঢাকা শহরের বর্তমান ট্রাফিক জ্যামের সঙ্গে আমি সরাসরি যুক্ত নই, কেননা আমার গাড়ি নেই। তবে দীর্ঘ যুগ আগে আমার একটি গাড়ি ছিল...জার্মানির তৈরি সনাতন মডেলের ফক্সওয়াগন। এই মডেলের গাড়ি আজকাল আর প্রায় দেখাই যায় না। রাস্তায় বের হয়ে হঠাৎ যদি একটি ফক্সওয়াগন দেখি...অজান্তেই ফিরোজা রঙের ঢাকা গ ৩৫২। গাড়িটির সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই গাড়ি করেই সড়কপথে আমি প্রয়াত ঋত্বিক কুমার ঘটককে নিয়ে কলকাতায় গিয়েছিলাম। পেছনে ইঞ্জিন দেখে ওরা খুব অবাক হতো। এখন গাড়ির হর্ন থেকে যে শব্দ হচ্ছে তা একটা চরম আকার ধারণ করেছে। কিছু তরুণ হর্ন-এর বিরুদ্ধে সামাজিক আন্দোলনে নেমেছেন। এঁদের মধ্যে একজন এরশাদুল হক টিংকু। আমি এই আন্দোলনের সাফল্য কামনা করি। মেষ–এর সপ্তাহটি শুভ।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
আমি টিভিতে খুব পশুপাখির চ্যানেল দেখি। বন্য পশুপাখির মধ্যে মায়ামমতার প্রকাশ দেখে মুগ্ধ হই। তৃণভোজী প্রাণীগুলোকে দেখি ওরা সর্বক্ষণ সর্বাবস্থায় ঘাস লতাপাতা চিবাতে থাকে। এমনকি লড়াইয়ের সময়ও ওদের মুখ বন্ধ হয় না। এর কার্যকারণ একমাত্র বিজ্ঞানীরাই বলতে পারবেন। প্রিয় বৃষ, খাওয়াদাওয়ার ব্যাপারে সচেতন হোন। সপ্তাহ শুভ।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
ভুল–বোঝাবুঝির অবসান হবে। নতুন একটা জীবন শুরু হবে। কাজেই মনের দুশ্চিন্তাকে সরিয়ে দিন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
চলতি সপ্তাহে আপনার খুব ভ্রমণ করতে ইচ্ছা হবে। সুযোগ থাকলে বেড়ান। সময়টা আপনার ভালোই আছে।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
নতুন পরিকল্পনা মাথায় ঘুরবে। এই পরিকল্পনা নিয়ে অনায়াসে আপনি অগ্রসর হতে পারবেন। লক্ষ রাখবেন, পরিকল্পনাটা যেন যথেষ্ট নিখুঁত হয়। কল্যাণ হোক।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
রাশিশাস্ত্র বিজ্ঞান নয়। কাজেই রাশিফলকে কখনো বেদবাক্য বলে ধরে নেবেন না। এগুলো সবই সম্ভাবনার কথা। তবু বলি, চলতি সপ্তাহটি আপনার জন্য দারুণ শুভ হতে যাচ্ছে।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
যাচাই না করে কোনো তথ্য গ্রহণ করবেন না। শোনা কথা চট করে বিশ্বাস করে ফেলবেন না। চলতি সপ্তাহে আপনার অনেক অগ্রগতি আছে। শুভ হোক!
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
আমি নিজেকে একজন দিনমজুর বলে মনে করি। প্রতিদিন সকালে ঘুম ভাঙলে আমি স্রষ্টাকে বলি: ধন্যবাদ, আজ বেঁচে আছি, আজকের কাজগুলো যেন ঠিকঠাকমতো করতে পারি। প্রিয় বৃশ্চিক, দূর ভবিষ্যৎকে নিয়ে বেশি ভাববেন না। বর্তমানকে নিয়ে থাকুন। আপনার জীবন হবে একজন সফল মানুষের জীবন।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
ছোটবেলা থেকে আমার লক্ষ্য ছিল ছবি আঁকতে এবং সিনেমা তৈরি করতে শিখব। শিখেছিলাম, কিন্তু তেমনভাবে কাজে লাগাতে পারিনি। প্রিয় ধনু, যে কাজই শিখুন, ভালো করে শিখুন এবং বাস্তবে সেটা রূপায়িত করুন। মঙ্গল হোক!
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
আপনার বর্তমান সপ্তাহটি কাটবে বন্ধুত্ব ও সামাজিকতার মধ্য দিয়ে। সঞ্চয়ের দিকে একটু মনোযোগী হবেন। বেহুঁশের মতো টাকাপয়সা খরচ করবেন না। জমানো টাকা সব সময় কাজে লাগে। তা ছাড়া ওটা মনের বল বাড়িয়ে দেয়।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
মনের মধ্যে একটা অকারণ দুশ্চিন্তা আসতে পারে। কারণহীন চিন্তার কোনো ভিত্তি নেই। ওটা মন থেকে সরিয়ে দিন। বিশ্বাস রাখুন যে সময়টা এখন আপনার খুবই ভালো।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
সাফল্য এবং ব্যর্থতায় মনটাকে স্থির রাখুন। অনেক চেষ্টার পরে কোনো কাজে ব্যর্থ হলে তাতে দুঃখের কিছু নেই। আমি মনে করি আপনার জীবন শেষ পর্যন্ত খুব সফল হবে। মনে আনন্দ নিয়ে এগিয়ে যান। শুভ হোক আপনার।